চলন বিলের সিরাজউদ্দৌলা
>

শিক্ষক, ফেরিওয়ালা থেকে দিনমজুর কিংবা কৃষক। এক গ্রামের নানা পেশার মানুষ মিলে গড়েছেন ‘চলন নাটুয়া’ নামে অন্য রকম এক নাটকের দল। তাঁরা মূলত মঞ্চায়ন করেন যাত্রাপালা সিরাজউদ্দৌলা। এ দলে সিরাজউদ্দৌলা একজন শিক্ষক, মীর জাফরের চরিত্রে অভিনয় করছেন একজন ফেরিওয়ালা, রাজবল্লভ একজন ট্রলিচালক, নকিব চরিত্রে আছেন ঘরামি সাদেকুল ইসলাম।
একটি খোলা ট্রাক। তার ভেতরেই গাদাগাদি করে বসে নবাব সিরাজউদ্দৌলা, মীর জাফর আলী খাঁ, উমিচাঁদ, রায়দুর্লভ। আছেন মীর মদন, নকিব, লুত্ফা ও ঘষেটি বেগমেরাও। শীত-গ্রীষ্ম নেই। ট্রাক ছুটে চলে রাজশাহীর এক জায়গা থেকে আরেক জায়গায়। কোনো জায়গায় সময় নিয়ে ট্রাক থামে। তার মানে এবার শুরু হবে যাত্রাপালা সিরাজউদ্দৌলা। নাটোরের নাট্যসংগঠন ‘চলন নাটুয়া’ এভাবেই চালিয়ে যাচ্ছে নতুন এক নাট্যান্দোলন। তবে নাটক নয়, তার চেয়েও অবাক করবে এই নাট্যদলের কুশীলবেরা। এই দলে আছেন শিক্ষক, ফেরিওয়ালা, নরসুন্দর, ট্রলিচালক, দিনমজুর, কৃষক থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ। নাটোরের একটি গ্রামকে ঘিরেই গড়ে উঠেছে এই সংগঠন।

১১ মার্চ, ২০১৬। খবর পেলাম রাজশাহীর পদ্মা মঞ্চে আসছে চলন নাটুয়ার যাত্রাপালা। সুযোগটা নষ্ট করতে চাইলাম না। দর্শনি নামমাত্র। পালা শুরু হলো। একজন এসে নবাবকে খবর দিলেন, আপনার শ্বশুর রাজকোষ থেকে দেওয়া টাকাপয়সা আর পরিবার-পরিজন নিয়ে পালিয়ে গেছেন। বিস্মিত হয়ে নবাব বললেন, তবু আশা আছে। ভীরু কাপুরুষেরা এমনি করেই পালায়। তাতে বীরের মনোবল ক্ষুণ্ন হয় না। আরেকজন সৈনিক এসে সংবাদ দিলেন, সব মানুষ শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। নবাব বললেন, তবু আশা আছে। সংঘবদ্ধ হতে হবে। হাজার হাজার মানুষ একযোগে রুখে দাঁড়ালে কোনো কৌশলের প্রয়োজন হবে না। বিক্রম দিয়েই আমরা জয়লাভ করব—এসব জায়গায় নবাবের চরিত্রে অভিনেতা ফারুক হোসেন বেশ উতরে গেলেন। দর্শক তাঁকে যেন সত্যিকারের বীরের ভূমিকায় দেখতে পেয়েছেন। করতালিতে হল মুখরিত।
একইভাবে মীরজাফরের হাসি, সিংহাসনে বসার সময় লর্ড ক্লাইভের কাছে সীমাহীন কৃতজ্ঞতা প্রকাশ, ক্লাইভ হাত ধরে তাঁকে সিংহাসনে না বসালে তিনি বসবেন না—দৃশ্যগুলো যাত্রাপালায় অসাধারণভাবে ফুটে উঠেছে!
দলে নারী চরিত্রে অভিনয় করার জন্য গ্রামের মেয়েদের কাউকে নেওয়া সম্ভব হয়নি। কিন্তু তাতে পালা বুঝতে দর্শকদের কোনো সমস্যা হচ্ছে না। প্রদর্শনী শেষে সবাই ছবি তোলার জন্য দাঁড়ালেন। দর্শকদের করতালিতে মুখরিত হলো চারদিক। তার মানে যাত্রাপালা তাদের পছন্দ হয়েছে।

আমরা সবাই রাজা
নাটোরের ঐতিহ্য চলনবিল। এই ঐতিহ্যকে ধারণ করেই সংগঠনের নামকরণ করা হয়েছে ‘চলন নাটুয়া’। সংগঠনের কোনো অধিকারী নেই। বিষয়টা যেন ‘আমরা সবাই রাজা’। তবে দুজন উদ্যোক্তা রয়েছেন। কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের শিক্ষক ফারুক হোসেন ও প্রদর্শক আবদুল মোমিন। ফারুক বাংলা পড়ান আর মোমিন রসায়ন। ফারুক সিরাজউদ্দৌলার চরিত্রে অভিনয় করেন আর মোমিন নির্দেশনা দেন।
ফারুক হোসেন জানান, এর আগে উচ্চমাধ্যমিক পর্যায়ে রক্তাক্ত প্রান্তর, জমিদার দর্পণ নাটক পাঠ্য ছিল, এখন রয়েছে সিরাজউদ্দৌলা। যখন যেটি পাঠ্য থাকে তিনি শিক্ষার্থীদের দিয়ে সেই নাটকটি মঞ্চায়ন করান। কিন্তু দীর্ঘদিন অনুশীলন করে তৈরি করা কুশীলবেরা পাস করে বেরিয়ে গেলেই আর তাদের এক করা যায় না। চাইলেও তাদের দিয়ে পরে আর কোনো প্রদর্শনী করা যায় না। এ জন্য গ্রামে তারা একটি মোটামুটি স্থায়ী দল করার চিন্তা করেন। তাঁরা খুঁজতে থাকেন নিকট অতীতে এলাকার কারা যাত্রা-নাটক করতেন অথবা এখনো করতে আগ্রহী। তিন মাসের মধ্যে তাঁরা এ রকম একদল মানুষ পেয়ে যান। ২০১৫ সালের এপ্রিলে তাঁদের নিয়েই শুরু করেন যাত্রাপালা সিরাজউদ্দৌলা। ৩০ জনের এই দলের প্রায় সবাই একই গ্রামের মানুষ। গ্রামটির নাম ধুপইল। নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নে এটি।

ফেরিওয়ালা মীর জাফর এবং ট্রলিচালক রাজবল্লভ
মজার ব্যাপারে এ দলে যিনি মীর জাফরের চরিত্রে অভিনয় করছেন তিনি গ্রামের সুজিৎ ঠাকুর। সুজিৎ পেশায় ফেরিওয়ালা। সারা দিন ফেরি করে পাউরুটি-বিস্কুট বিক্রি করেন। সন্ধ্যায় এসে মহড়ায় যোগ দেন। স্থানীয় ‘হুইল-বড়াল সংঘ’ এ কাজের জন্য তাদের কার্যালয়টি ব্যবহার করতে দিয়েছে। দলে রাজবল্লভের অভিনয় করছেন ট্রলিচালক সাইদুল ইসলাম, সাঁফ্রে চরিত্রে রডমিস্ত্রি শামসুল আলম, দিনমজুর দুলাল হোসেন হয়েছেন সৈনিক ও বার্তাবাহক, নকিব চরিত্রে ঘরামি সাদেকুল ইসলাম, ক্ষুদ্র ব্যবসায়ী বজলুর রশিদ হয়েছেন রায় দুর্লভ, লর্ড ক্লাইভের চরিত্রে অভিনয় করেছেন কলেজশিক্ষক আবদুল্লাহ আল মুজাহিদ, মীর মদনের চরিত্রে সুকুমার সরকার। জগৎ শেঠের চরিত্রে অভিনয় করেছেন চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুল আওয়াল। তিনিই সংগীত পরিচালনা ও মেকআপের কাজ করেছেন। পোশাক পরিকল্পনা করেছেন ফারুক হোসেন নিজেই।
ফারুক হোসেন জানান, এই এক বছরে তাঁরা নয়টি প্রদর্শনী করেছেন। তিনি বলেন, ‘নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের চেতনা থেকেই আমরা এই কাজ করে যাচ্ছি। এখন কোথাও প্রদর্শনী করতে গেলে বড় খরচের মধ্যে পড়ে ট্রাকভাড়া। আর খাওয়া-দাওয়াসহ আনুষঙ্গিক কিছু খরচ হয়। যারা শ্রমিক তারা কাজ ফেলে যায়, তাদের হাতে কিছু দিতে হয়। কোথাও প্রদর্শনী করে যা ঘাটতি থাকে তা নিজেদের মধ্যে ভাঙনি (ভাগ-বাঁটোয়ারা) করে নিতে হয়।’
মাত্র ৮০০ টাকা সাশ্রয় করার জন্য তারা বাস বাদ দিয়ে ট্রাক ব্যবহার করেন। মিলেমিশে সবাই খোলা ট্রাকে বসে যান। তিনি বলেন, এই দলে এমন কয়েকজন রয়েছেন, তাঁরা লেখাপড়া জানেন না। তাঁদের এখন স্থানীয় নৈশ বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। তাঁদের পরবর্তী প্রযোজনা হবে বিজয় বসন্ত।
বিশিষ্ট নাট্যকার মলয় ভৌমিক রাজশাহীর প্রদর্শনীটি দেখেছেন। তিনি বলেন, ‘যাত্রাপালাই ছিল গ্রাম-বাংলার ঐতিহ্য। এটি এখন হারিয়ে যাচ্ছে। এটা খুবই প্রয়োজন। এই দিক দিয়ে চলন নাটুয়ার এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। তবে এর সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা দরকার। একসময় সিরাজউদ্দৌলাকে জাতীয়তাবাদী বীর চিন্তা করেই গ্রামে গ্রামে যাত্রাপালা হয়েছে। এটিও ব্রিটিশবিরোধী আন্দোলন গড়ে তোলার পেছনে ভূমিকা রেখেছে। মানুষের মধ্যে দেশপ্রেম তৈরি করেছে।’