চলন্ত গাড়ি থেকে বিদ্যুৎ
রাস্তায় গাড়ি চললেই উৎপাদিত হবে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ দিয়ে আলোকিত করা যাবে সড়কের পাশে অবস্থিত বাড়িঘর, সড়কবাতি ও ট্রাফিক সিগন্যাল। দেশের বিদ্যুৎ-ঘাটতি দূর করতে এই লাগসই প্রযুক্তি উদ্ভাবন করেছেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সদ্য পাস করে যাওয়া তরুণ প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ও শাহাদাৎ হোসেন।উদ্ভাবকেরা জানান, রাস্তায় বিশেষ ধরনের গতিরোধক (স্পিডব্রেকার) বসিয়ে গাড়ির চাকার গতি থেকে ডায়নামা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনের কৌশল বের করেছেন তাঁরা। এই পদ্ধতিতে কম খরচে সহজে প্রচুর বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে মনে করছেন তাঁরা।দুই উদ্ভাবক জানান, বর্তমানে সারা দেশে বিদ্যুতের ঘাটতি দুই হাজার ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে। পাশাপাশি নিঃশেষ হয়ে যাচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহূত কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো সম্পদ। সরকার ২০১৬ সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে ১৫ হাজার মেগাওয়াট। এই বিদ্যুতের একটি অংশ আসবে বিকল্প উৎস থেকে। এ ব্যাপারে সরকার প্রকৌশলীদের সহায়তা চেয়েছে। এ বিষয়টি মাথায় রেখেই এমন উদ্ভাবনের কথা মাথায় আসে দুই প্রকৌশলীর।বিদ্যুৎ-সমস্যা নিরসনে শেষ বর্ষের প্রকল্প হিসেবে তাঁরা উদ্ভাবন করেন রাস্তায় গাড়ি চলাচল থেকে বিদ্যুৎ উৎপাদনের সহজ প্রযুক্তি। প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চুয়েটের তড়িৎকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ছোটন কান্তি দাশ।প্রকল্পটি কীভাবে কাজ করে—এ সম্পর্কে তরুণ প্রকৌশলীরা বলেন, ‘রাস্তায় গাড়ি চলাচল করলে প্রচুর শক্তি তৈরি হয়। কিন্তু এই শক্তির পুরোটাই অপচয় হয়। এই পদ্ধতিতে গাড়ি গতিরোধক পার হওয়ার সময় চাকার গতিশক্তি গতিরোধকে সঞ্চিত হবে। এই শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে ঘোরানো হবে ডায়নামা। ডায়নামা থেকে ব্যাটারিতে সঞ্চিত হবে বিদ্যুৎ-শক্তি। এই বিদ্যুৎ অনায়াসে ব্যবহার করা যাবে রাস্তার পাশের বাড়িঘর, সড়কবাতি ও ট্রাফিক সিগন্যালে। প্রকল্পটিতে বাস্তবায়ন করতে প্রয়োজন রোলার স্পিডব্রেকার, গিয়ার, শিকল, ডায়নামা ও ব্যাটারি। একটি এলাকায় এমন বিদ্যুৎ উৎপাদন করতে খরচ পড়বে মাত্র ১৫ হাজার টাকা। শিক্ষার্থীদের উদ্ভাবন প্রসঙ্গে প্রকল্পটির তত্ত্বাবধায়ক ছোটন কান্তি দাশ বলেন, ‘কয়লা, গ্যাস ইত্যাদি বিদ্যুৎ তৈরির উৎস কমে আসছে দিন দিনই। তাই বিকল্প পদ্ধতির সন্ধান করা জরুরি হয়ে পড়েছে। এ প্রযুক্তি ব্যবহার করে নতুন এই পদ্ধতিতে কিছুটা হলেও বিদ্যুৎ-ঘাটতি মোকাবিলা করা যাবে।’