চলন্ত গাড়িতে ধূমপানে মাত্রাতিরিক্ত বায়ুদূষণ
চলন্ত গাড়িতে ধূমপান করলে মাত্রাতিরিক্ত বায়ুদূষণ হয়। স্কটল্যান্ডের বিজ্ঞানীরা জানান, গাড়ির জানালা খোলা রেখে অথবা শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা চালু অবস্থায় ধূমপান করলেও এ দূষণ ‘নিরাপদ’ মাত্রা ছাড়িয়ে যায়। গাড়ির পেছনের আসনে বসে থাকা শিশুটিও সামনে বসা কোনো ব্যক্তির ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হয়। চলন্ত গাড়িতে ধূমপানের ক্ষতিকর বিভিন্ন দিক নিয়ে একটি গবেষণা প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে টোব্যাকো কন্ট্রোল সাময়িকী। এতে বলা হয়, চলন্ত গাড়িতে ধূমপানে পরিবেশদূষণের তুলনামূলক চিত্র পরীক্ষার জন্য ৮৫টি ভ্রমণের ওপর পরীক্ষা চালানো হয়। এসব ক্ষেত্রে দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নির্ধারিত ‘নিরাপদ’ মাত্রা ছাড়িয়ে যায়। বায়ুদূষণ নির্ণয়ের জন্য গাড়ির আসনে একটি যন্ত্রাংশ বেঁধে রাখা হয়। ৮৫টি যাত্রার মধ্যে ৪৯ বারই চালকেরা গড়ে চারটি করে সিগারেট ধরান। এতে প্রতি ঘনমিটারে ৮৫ মাইক্রোগ্রাম দূষণ হয়। কিন্তু ডব্লিউএইচও নির্ধারিত অভ্যন্তরীণ বায়ুদূষণের সর্বোচ্চ মাত্রা হলো প্রতি ঘনমিটারে ২৫ মাইক্রোগ্রাম। আবার ধূমপানমুক্ত ৩৪টি ভ্রমণে বায়ুদূষণের গড় মাত্রা ছিল প্রতি ঘনমিটারে মাত্র ৭ দশমিক ৪ মাইক্রোগ্রাম। বিবিসি।