আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ বেড়িবাঁধ সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় বন্ধ রয়েছে যানবাহন চলাচল। ফলে এলাকার ২০ হাজারের বেশি বাসিন্দা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।
আনোয়ারা উপজেলার শঙ্খ নদের পাড়ে তৈলারদ্বীপ গ্রামের ১৪টি পাড়ায় বসবাস করেন ২০ হাজারেরও বেশি মানুষ। যাতায়াতের জন্য বেড়িবাঁধ সড়কের ওপর নির্ভরশীল তাঁরা। ছয় বছর ধরে সড়কটি সংস্কার না হওয়ায় প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
আনোয়ারা উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ের পর এরশাদ আলী সরকারের হাট এলাকা থেকে দক্ষিণে প্রায় আড়াই কিলোমিটার জায়গাজুড়ে সড়কটি বেড়িবাঁধ হিসেবে নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড।
২০০১ সালে ওই সড়কটি কার্পেটিং করা হয় এবং পরে ২০০৮ সালের দিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংস্কার করা হয়। কিন্তু এরপর আর কোনো সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে এলাকায় পণ্য পরিবহনেও সংকট দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ফজল কাদের মাস্টার বাড়ি, ছৈয়দ মাঝির বাড়ি, সোবহান সওদাগরের বাড়ি, নুর হোসেন ডিলারের বাড়িসহ ১৪টি পাড়ার লোকজনের একমাত্র চলাচলের পথ এই সড়ক।
এলাকার লোকজন জানান, সড়কটির বেহাল দশার কারণে অটোরিকশা, রিকশাসহ কোনো যানবাহনই এ সড়কে চলাচল করে না। কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিতেও অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।
৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়নুল আবেদীন (৩৪) বলেন, ‘এলাকার প্রধান সড়কটির কার্পেটিং উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। এতে আমাদের কষ্টের শেষ নেই।’
আনোয়ারা উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, দক্ষিণ তৈলারদ্বীপ বেড়িবাঁধ সড়কের সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, অনুমোদন হলেই সংস্কারকাজ শুরু হবে।