চলাচলের অযোগ্য ১৪ সড়ক
আনোয়ারা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ১৪টি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এসব সড়ক দিয়ে যানবাহন চলাচল এমনকি হেঁটে চলাচলও কষ্টকর হয়ে উঠেছে। বর্ষাকালে অবস্থা আরও করুণ হয়ে উঠবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন। উপজেলা প্রকৌশলী জানিয়েছেন প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে সড়কগুলো সংস্কার করা যাচ্ছে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে খোঁজ নিয়ে এবং এলাকা ঘুরে দেখা গেছে, তৈলারদ্বীপ-সরকারহাট সড়ক, কৈখাইন-চামুদরিয়া সড়ক, হাসান আলী মুন্সি সড়ক, রুস্তমহাট-কানুমাঝিরহাট সড়ক, আনোয়ারা-বারখাইন সড়ক, বরকল সড়ক, চাতরী সার্কুলার সড়ক, তজমুল আলী ডিসি সড়ক, আবদুল আজিজ ডিসি সড়ক, কর্ণফুলী কটন মিল সড়ক ও বশিরুজ্জমান সড়ক কয়েক বছর ধরে সংস্কার হয়নি। এসব সড়কের প্রায় অংশে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়কে চলাচল করার সময় রিকশা-অটোরিকশা প্রায় বিকল হয়ে পড়ে। কাদাপানি মাড়িয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। আনোয়ারা-বটতলী সড়ক, বটতলী-জুঁইদণ্ডী সড়ক ও সরকারহাট-বরুমচড়া সড়কেরও একই অবস্থা বলে জানান এলাকার ভুক্তভোগী ব্যক্তিরা। আনোয়ারা উপজেলা সদরের অটোরিকশাচালক জমির উদ্দিন বলেন, ‘এখানকার বেশির ভাগ সড়ক ভাঙাচোরা হওয়ায় যাত্রী নিয়ে পথে পথে আটকা পড়ি। তাই ওইসব সড়ক দিয়ে ভাড়া নিয়ে যেতে ইচ্ছে করে না। ফলে আয়-রোজগারও কমে গেছে।’ বটতলী রুস্তমহাট এলাকার বাসিন্দা মনছুর আলী বলেন, ‘আনোয়ারা-বটতলী সড়কটির শোলকাটা থেকে রুস্তমহাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এ সড়ক দিয়ে চলাচলে আমাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।’বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার ইউনিয়নের চারপাশের তিনটি গুরুত্বপূর্ণ সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে এলাকাবাসীর সীমাহীন কষ্ট হচ্ছে। বিকল্প সড়ক না থাকায় এ বর্ষায় মানুষের কষ্ট কী রকম ভয়াবহ হবে তা ভাবতে পারছি না।’আনোয়ারা উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম উপজেলার বিভিন্ন সড়কের দুরবস্থা ও জনদুর্ভোগের কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের করার কিছুই নেই। অর্থ বরাদ্দ না পাওয়ায় আমরা সড়কগুলোর সংস্কারে হাত দিতে পারছি না। সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।’