চলুন উল্টোটাকে পাল্টে দিই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্টো আর সোজার পার্থক্য বোঝা কি সহজ? অনেকে বুদ্ধিমানের মতো গা বাঁচানো উত্তর দেবেন—সব ক্ষেত্রে নয়। ঠিক তাই। কিন্তু এই ভিডিও লিংকটায় (https://www.youtube.com/watch?v=tMyV1L6f5Fk&feature=youtu.be) গেলেই আমাদের চোখের সামনে ফুটে উঠবে যে, আমরা অধিকাংশ সময়ই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে প্রতিদিনই এমনতরো উল্টোপাল্টা কাজ করে চলেছি।

আলো-হাওয়ার মাঝে থাকতে থাকতে যেমন এর মূল্য সম্পর্কে আমরা কিছুটা উদাসীন হয়ে পড়ি, তেমনি পানির ব্যবহার আর আমাদের যাপিত জীবনের বিভিন্ন অপচয়ের বিষয়েও কেন জানি বেখেয়াল আর উদাসীন হয়ে থাকি আমরা। এরই আরেক নাম বোধ হয় অভ্যস্ততা। আমাদের সামর্থ্য-বিত্ত বা অর্থও অনেক সময় যে প্রাচুর্য এবং অপচয়ের সৃষ্টি করে তার সামান্য অংশ, বিশেষ করে যা আমরা নেহাত শখের বশে, অভ্যস্ততায় কিংবা অবহেলায় অনিচ্ছাকৃতভাবে নষ্ট করি; তাতেও কিন্তু প্রাণ ধারণ করে বাঁচতে পারেন পৃথিবীর হাজারো-লাখো ভুখা মানুষ।

সংযমের মাস পবিত্র মাহে রমজান প্রতিবছরই আসে। প্রত্যেক রোজাদারের জন্য বিশেষ ফজিলতের এই মাসে কেনাকাটা, খাওয়া-দাওয়া, থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই আমরা সংযম-শিক্ষার কথা ভাবি, বলি। কিন্তু এই সংযমের মাসেই বোধ হয় আমরা সবচেয়ে বেশি অসংযমী হয়ে উঠি; হয়তো তা কখনো কখনো ইচ্ছাকৃত, কখনোবা অভ্যস্ততায় যাপিত জীবনের অনিচ্ছাকৃত আয়াসে।

অথচ রমজান মানে সংযম আর সবার প্রতি সহানুভূতি। রমজানের আত্মোপলব্ধি হওয়ার কথা শুদ্ধতা, পরিচ্ছন্নতা ও সহমর্মিতায় পরিপূর্ণভাবে ফেরা। কিন্তু আমাদের আর ফেরা হয় না। আমরা আমাদের ইফতারের টেবিলগুলো সাজিয়ে তুলি অসংখ্য খাবার, শরবত, জুসসহ বিভিন্ন ধরনের পানীয়ে। প্রয়োজনের অতিরিক্ত হওয়ায় প্রতি সন্ধ্যায় নষ্ট করি প্রচুর খাবার। বাড়িতে বানানোর পাশাপাশি প্রচুর পরিমাণে ইফতারি আমরা বাইরে থেকেও কিনে আনি। যেগুলোর বেশির ভাগই তৈরি করা হয় অস্বাস্থ্যকর পরিবেশে। ইফতারির পাশাপাশি বাইরে খোলা জায়গায় তৈরি শরবত বা জুসও আমরা কিনি, যেগুলো থেকেও ছড়াতে পারে রোগজীবাণু। আর রমজান এবং ঈদের কেনাকাটা? এ ক্ষেত্রেও আমরা যা করি তা হচ্ছে চোখের আর মনের খিদে মেটাই রাশি রাশি টাকা খরচ করে। প্রয়োজনের অতিরিক্ত প্রচুর কেনাকাটা আমরা করি নিজেদের জন্য।

ভেবে দেখলে রমজানে যা কিছু করা উচিত, তার উল্টোটা তো আমরা করছিই; কিন্তু একটিবারও কি একটু ভেবে দেখেছি আমাদের চারপাশের অসংখ্য অসহায় ক্ষুধার্ত মানুষের কথা; যারা দিনের প্রয়োজনীয় খাবারটুকুও পায় না! আমরা কি কখনো ভেবেছি নিরাপদ পানিবঞ্চিত অসংখ্য মানুষের কথা! আমরা কি কখনো ভেবেছি, শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন না থাকায় ছড়িয়ে পড়ে রোগজীবাণু, বাড়ে অসুস্থ হওয়ার ঝুঁকি! কেনাকাটার সময়েও কি আমরা কখনো ভাবি, দেশের অসংখ্য বস্ত্রহীন মানুষের কথা!

অথচ একটু ভাবলেই বিষয়টি বাস্তবে ঘটানো সম্ভব। সংযমের এ মাসে খাবার ও পানীয় অপচয় না করে, পরিষ্কার-পরিচ্ছন্ন ও রোগজীবাণুমুক্ত থেকে শুদ্ধতা রক্ষায় একটু সচেতন হই সহমর্মিতার এ মাসে অতিরিক্ত কেনাকাটার সময় আমরা যেন ভুলে না যাই সুবিধাবঞ্চিতদের কথা। চলুন, সব উল্টোকে পাল্টে দিই।

রমজান হোক সংযম, শুদ্ধতা, পরিচ্ছন্নতা ও সহমর্মিতায় পূর্ণ।

রমজানের এই চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিন।
বিস্তারিত জানতে লগ-ইন করুন: (www.bdspiritoframadan.com)