চলে আমাদের সাইকেল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন অনেক মেয়ে​ই সাইকেল চালান, বিডিসাইক্লিস্টের শোভাযাত্রায় ১৫ মে জড়ো হয়েছিলেন অনেকেই। ছবি: সাজিদ হোসেন
এখন অনেক মেয়ে​ই সাইকেল চালান, বিডিসাইক্লিস্টের শোভাযাত্রায় ১৫ মে জড়ো হয়েছিলেন অনেকেই। ছবি: সাজিদ হোসেন

কয়েক সেকেন্ডের নোটিশে প্রস্তুত হয়ে গেল মেয়েদের দলটা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে সাইকেল নিয়ে দাঁড়িয়ে গেল সবাই। রাইড শুরুর আগে শুরু হলো ছবি তোলা। মুহূর্তের মধ্যে জনা কয়েক আলোকচিত্রী জুটে গেলেন। ক্লিক ক্লিক শব্দে ভরে উঠল জায়গাটা। খানিক দূরে একাকী বসে থাকতে দেখা গেল একজনকে। একটু ইতস্তত। কাছে গিয়ে বললাম, ‘আপা, জয়েন করবেন না!’ লাজুক হেসে এগিয়ে এলেন। কিন্তু আলগা ভাবটা গেল না। জড়তা কাটছিল না তাঁর। ছবি তোলার পর্ব চুকতেই তাঁর দিকে এগিয়ে গেলাম। জানতে চাইলাম, ‘আজই প্রথম এলেন? ’ হেসে মাথা ওপর-নিচ করলেন।
জানা গেল, মাস দুই হয় সাইকেলে হাতেখড়ি তাঁর। নাম ফারহানা। ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক। আনন্দের জন্য সাইকেল চালান। বিডিসাইক্লিস্টসের রাইডে আজই প্রথম আসা। সাইকেল চালাতে গিয়ে কোনো বাধা পেয়েছেন? জবাবে বললেন, আজ সকালে এখানে আসার পথে পেছন থেকে এক লোক কটূক্তি করল।
এমনি বাধা-বিপত্তির কথা জানান আরও কয়েকজন নারী সাইকেল আরোহী। শোনান সব বাধা ছিন্ন করে তাঁদের সাইক্লিস্ট হয়ে ওঠার গল্পটা। বিডিসাইক্লিস্টসের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫ মে সকালে তাঁরা জড়ো হয়েছিলেন মানিক মিয়া অ্যাভিনিউতে।

এখন অনেক মেয়ে​ই সাইকেল চালান, বিডিসাইক্লিস্টের শোভাযাত্রায় ১৫ মে জড়ো হয়েছিলেন অনেকেই। ছবি: সাজিদ হোসেন
এখন অনেক মেয়ে​ই সাইকেল চালান, বিডিসাইক্লিস্টের শোভাযাত্রায় ১৫ মে জড়ো হয়েছিলেন অনেকেই। ছবি: সাজিদ হোসেন

সকালে সাড়ে সাতটা নাগাদ জনা চারেক তরুণী এলেন। তাঁদের একজন সামসুন্নাহার। পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন। রোজ সাইকেল চালিয়ে বারিধারার বাসা থেকে গুলশান অফিসে যাওয়া-আসা করেন। তাঁর ভাষায়, ‘এতে পয়সাতো বাঁচেই, সঙ্গে ওজনটাও কমে।’ বিডিসাইক্লিস্টসের একজন মডারেটরের হাত ধরে তাঁর সাইকেল যাত্রার শুরু। তবে শুরুটা মসৃণ ছিল না মোটেই। বাবা এমনকি বন্ধু-বান্ধবেরা শুরুতে বাধা দিয়েছিলেন। নানা সমস্যা হতে পারে বলে ভয় দেখিয়েছিলেন। কিন্তু ওসব ওজর-আপত্তি কানে তোলেননি।
বাধা-বিঘ্ন পাত্তা দেননি আয়েশা খানমও। পড়ার পাশাপাশি চাকরি করেন। বছরখানেক ধরে সাইকেল চালাচ্ছেন। শুরুতে মা বাধা দিয়েছিলেন। এখন সবাই সহজভাবে নিয়েছেন। তিনি বলেন, ‘মেয়েরা যখন সাইকেল চালান, তখন সবাই অন্যভাবে তাকায়। মেয়েরা বেশি বেশি চালালে সবার দৃষ্টিভঙ্গি পাল্টাবে।’
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাইক্লিস্ট তরুণীদের সংখ্যাও বাড়তে লাগল। একটু দেরিতেই এলেন ফাহমিদা খানম। সাইক্লিস্টদের মধ্যে বেশ জনপ্রিয় তিনি। আসার সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে সেলফি তোলার ধুম পড়ে গেল। জানা গেল, এই তরুণী একদিনে ২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে বেশ সাড়া ফেলেছিলেন। সে বছর দুই আগের কথা। হাসিখুশি চেহারার ফাহমিদা জানান, বাসা তাঁর গ্রিনরোডে। রোজ বনানীতে অফিসে যান সাইকেলে চড়ে।
বিডিসাইক্লিস্টের সাবেক মডারেটর নূর-এ-নাজিয়া শোনান শুরুর দিককার গল্প। বলেন, ‘বছর চারেক আগে আমরা যখন শুরু করি, প্রথম দু-তিন মাস আমি একাই ছিলাম। তারপর একে একে মেয়েরা যুক্ত হতে থাকল। এখন তো এক হাজার সক্রিয় নারী সদস্য রয়েছে।’ এবারের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান—‘স্পিক আপ’ বা ‘সরব হও’। স্লোগানের ব্যাখ্যা দিতে গিয়ে নাজিয়া বলেন, ‘আমরা চুপ করে থাকতে চাই না। আমরা বলি, যেখানে অনিয়ম, সেখানেই সরব হতে হবে।’
কথায় কথায় সময় গড়ায়। পৌনে নয়টার দিকে রাইড শুরু হয়। ততক্ষণে কয়েক শ তরুণ-তরুণীর বিরাট এক বহর হয়ে গেছে। মেয়েরা রাইডের সামনের অংশজুড়ে। ফার্মগেট, বাংলামোটর, শাহবাগ, সায়েন্স ল্যাব, সাতমসজিদ রোড, ধানমন্ডি-২৭ হয়ে রাইড এসে শেষ হয় সেই শুরুর স্থানে। ফেরার পথে সেই আপার সঙ্গে দেখা। রাইডের একটু পেছনে পড়েছিলেন। তবে চমৎকার সময় কেটেছে তাঁর।