চলে আমার সাইকেল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পান্থপথ থেকে পল্লবীর দূরত্ব কত? কিলোমিটারের হিসাবে না গিয়ে চলুন আমরা অন্য হিসাবে যাই। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ঢাকাবাসী মোজাম্মেল হকের হিসাবে বাসে যেতে সময় লাগে দেড় ঘণ্টা। আর বাইসাইকেলে যেতে সময় লাগে ২৫ থেকে ৩০ মিনিট! বিস্ময়-জাগানিয়া হিসাব বটে। কিন্তু অবাস্তব নয় মোটেও। মোজাম্মেল হক নিজেই এর সাক্ষী। এখন তিনি নিয়মিত অফিসে যাতায়াত করেন বাইসাইকেলে। শুধু তিনি নন, ইস্কাটনের বেসরকারি একটি ব্যাংকের ব্যবস্থাপক ইশতিয়াক মাহমুদও হরতাল কিংবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখলেই বাসা থেকে বের হন সাইকেল নিয়ে।যানজটের শহর ঢাকায় এখন নিয়মিত সাইকেলওয়ালা চোখে পড়ে। সাইকেল-বেলের টুং টাং আওয়াজ জানান দেয় তাঁদের নিয়মিত উপস্থিতি। যানজটের মধ্যে হাজারটা মোটরযানকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁরা সাঁই সাঁই করে ছুটে চলেন হাওয়ার বেগে। আরোহীদের মাথায় থাকে হেলমেট, পরনে টি-শার্ট ও থ্রি-কোয়ার্টার প্যান্ট, পায়ে কেডস-জাতীয় জুতা। শখ বলুন আর কাজের উদ্দেশ্যেই বলুন—এই সাইকেলওয়ালারা একসঙ্গে মিলিত হয়েছেন বিডি সাইক্লিস্ট নামের একটি গ্রুপের ছায়াতলে। তা-ও আবার ফেসবুকের কল্যাণে। ফেসবুকের ওই গ্রুপের সদস্যসংখ্যা এখন সাত হাজার ছাড়িয়ে গেছে। যাঁরা সদস্য হয়েছেন, তাঁরা নিছক সদস্য হওয়ার জন্য লাইক বাটন চাপেননি। এই সংখ্যার অধিকাংশই নিয়মিত সাইকেল চালান। সাইকেল নিয়ে আয়োজন করেন দারুণ সব ইভেন্ট।যেভাবে শুরুগ্রুপটি তৈরি থেকে শুরু করে সংগঠিত করার বড় দায়িত্ব পালন করেছেন মোজাম্মেল হক। গ্রুপের আটজন মডারেটরের একজন তিনি। বিডি সাইক্লিস্ট সম্পর্কে বললেন, ‘বাংলাদেশের অপেশাদার সাইক্লিস্টদের সব থেকে বড় কমিউনিটি হলো বিডি সাইক্লিস্ট পেজটি। মূলত জীবনটাকে আরও সুন্দরভাবে উপভোগ করার মানসিকতা থেকেই গ্রুপটার শুরু হয়েছিল ২০১১ সালের ১৭ মে।’মজার ব্যাপার হলো, এটা কোনো ‘সিরিয়াস’ গ্রুপ নয়। সদস্য হতে হলে কঠিন কোনো নিয়ম-কানুনও মানার বালাই নেই। গ্রুপের মূল লক্ষ্য আসলে দুই চাকার সাইকেলে চড়ে আনন্দ করা, জীবনটাকে আর ১০ জনের থেকে অন্যভাবে দেখা, যার প্রমাণ মিলবে ফেসবুকের ওই গ্রুপে গেলেই। মোজাম্মেল বললেন, ‘এখন গ্রুপেরলক্ষ্য হলো ২০১৪ সালের মধ্যে ঢাকা শহরে শতকরা ৫ শতাংশ মানুষকে সাইকেল চালানোয় আগ্রহী করে তোলা। প্রতিদিন যানজটের কারণে আমাদের যে পরিমাণ সময় এবং অর্থ নষ্ট হয়, তার একটা প্রতিকার-আন্দোলন হবে সাইকেল-আরোহীদের এই সংখ্যার বিকাশ।’নতুন নামের ভিন্ন ইভেন্টপ্রতি সপ্তাহে বিডি সাইক্লিস্ট আয়োজন করে নানা ধরনের ইভেন্ট। ইভেন্টের ধরন অনুযায়ী যে কেউ যোগ দিতে পারেন সাইকেল নিয়ে এই আয়োজনগুলোয়।শুক্রবার ‘বাইক ফ্রাইডে’প্রতি শুক্রবার সকাল ছয়টায় গ্রুপটির সদস্যরা জড়ো হন ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সবার সঙ্গে থাকে একটা সাইকেল ও আনুষঙ্গিক জিনিস। তারপর সবাই মিলে ঢাকা বা এর আশপাশেই কোনো জায়গায় ঘুরতে বের হন। সাইকেল চালাতে চালাতেই আড্ডা মারা ও খাওয়াদাওয়া চলে সমানতালে। এই ইভেন্টেও যোগ দিতে পারেন যে কেউ।নতুনদের জন্য ‘বিগিনারস লেসন’নাম শুনেই বোঝা যায়, এটা একদম শুরুর ধাপ। মানে, যাঁরা সাইকেল চালাতে পারেন না, তাঁদের জন্য ধানমন্ডির আবাহনী মাঠে এই আয়োজন থাকে। প্রতি শনিবার একদল স্বেচ্ছাসেবক অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজটি করেন। এখানে সাইকেল চালানো শিখতে লাগে না কোনো টাকাপয়সা।যদি জোশ থাকে মনে ও শরীরেসাইকেল চালানোয় যাঁরা দক্ষ, যাঁরা ৫০, ১০০, ২০০ ও ৩০০ কিলোমিটার অনায়াসে যেতে পারেন, তাঁদের জন্য এই ইভেন্ট। প্রতি শনিবার সকালে পান্থপথ থেকে শুরু হয় ‘জোশিলা স্যাটারডে’। কখনো মসৃণ রাস্তা, কখনো গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ; কখনো খেতের আলপথ হয় এই ‘জোশিলা স্যাটারডের’ গন্তব্য।শুভ কাজে বিডি সাইক্লিস্টশুধু সাইকেল চালিয়েই ক্ষান্ত নন গ্রুপটির সদস্যরা। চেষ্টা করেন সমাজ উন্নয়নমূলক কিছু করতে। বছরে দু-একবার তাঁরা এ ধরনের কাজ করেন। সাইকেল চালাতে চালাতে হুট করে গিয়ে হাজির হন গ্রামের কোনো স্কুলে। বাচ্চাদের হাতে তুলে দেন নানা উপহার। তাঁদের ইচ্ছা, দেশের ৬৪টি জেলায় তাঁরা হাজির হবেন কোনো না কোনো সামাজিক উন্নয়নের লক্ষ্যে।যেভাবে সদস্য হবেনএই গ্রুপে সদস্য হতে হলে কোনো টাকাপয়সা লাগে না। এমনকি নিজের সাইকেল থাকতে হবে, এমন কোনো কথাও নেই। কারণ, ভাড়ায় সাইকেল পাওয়ার ব্যবস্থা করে দেয় বিডি সাইক্লিস্ট গ্রুপ। আর সদস্য হতে হলে যেকোনো শুক্রবার নির্দিষ্ট সময়ে হাজির হতে হবে সংসদ ভবনের সামনে। তারপর দলের সঙ্গে মিলে শুরু করতে হবে যাত্রা। তবে এর আগে ওয়েবসাইটে গিয়ে নিজের কিছু প্রাথমিক তথ্য দিয়ে আসা ভালো, যাতে আপনাকে সবাই চিনতে পারে। ফেসবুকের গ্রুপে পাওয়া যাবে বিস্তারিত তথ্য। সাইকেল চালানোর নিয়ম-কানুন থেকে শুরু করে কোন উচ্চতার মানুষের কত উচ্চতার সাইকেল দরকার, এমন তথ্য পাবেন এখানে। এমনকি সাইকেলের সমস্যা হলে কোথায় পাবেন সারাইখানা—সেটারও সমাধান মিলবে এখানেই—https://www.facebook.com/ groups/bdcyclistsছবি: বিডি সাইক্লিস্ট গ্রুপের সৌজন্যে