
একটা সময় ছিল যখন বাইকচালকের আসন শুধুই সীমাবদ্ধ ছিল ছেলেদের জন্য। সময়ের পরিবর্তন হয়েছে। সেই চিন্তাভাবনা এখন নেই। ঘর থেকেই বেরোলেই এর প্রমাণ মেলে। কোনো তরুণী হয়তো বিশ্ববিদ্যালয়ের পথে যাত্রা করছেন কিংবা কোনো অফিসগামী নারী তাঁর সন্তানকে স্কুলে পৌঁছে দিচ্ছেন বাইক বা স্কুটি চালিয়েই। আর যানজটের এই শহরে বাইক যেন বাঁচিয়ে দেয় সময়। এখনকার স্কুটিগুলোর নকশাও বেশ আকর্ষণীয়।
যত রকম স্কুটি
বর্তমানে দেশের বাজারে হিরো হোন্ডা, টিভিএস, ইয়ামাহা, মাহেন্দ্র, সুজুকিসহ বিভিন্ন ব্র্যান্ডের স্কুটি পাওয়া যাচ্ছে। এ বিষয়ে কথা হয় নিলয় মোটরস লিমিটেডের বিপণন নির্বাহী আবু বকরের সঙ্গে। তিনি বলেন, ‘নারীরা বাইক হিসেবে স্কুটি বেশি পছন্দ করছেন। বিভিন্ন নির্মাতার অনেক মডেলের স্কুটি রয়েছে। যেমন প্লেজার, উই গো, স্কুটি পেপ, স্কুটি টিনজ, ভেসপা, স্ট্রিক ইত্যাদি।’ তিনি জানান, নারীদের উপযোগী অধিকাংশ মোটরবাইকেরই ডিজাইন প্রায় কাছাকাছি ধরনের হয়ে থাকে। তবে গতানুগতিক ধারায় রঙের দিক দিয়ে পরিবর্তনটা বেশি চোখে পড়ছে। শুধু ধরাবাঁধা লাল, হলুদ কিংবা গোলাপিই নয়, অন্য রংও দেখা যাচ্ছে স্কুটিতে। কালোর সঙ্গে বেগুনি অথবা গোলাপির মিশ্রণও ঘটছে।
এখন চালকের সুবিধা-অসুবিধার কথা বিবেচনায় রেখেই তৈরি করা হয় স্কুটি। আবু বকর বলেন, ‘এসব বাইকে বেশির ভাগ ক্ষেত্রে ১২০ সিসির ইঞ্জিন থাকে। ফলে এগুলো ওজনে বেশি ভারী হয় না। তাই বাইকটি সহজেই নিয়ন্ত্রণ করা যায়। একই সঙ্গে এতে রয়েছে টিউবলেস টায়ার। যার ফলে চাকা ফুটো (লিক) হলেও আরও প্রায় ১০ কিলোমিটার চলা যায়।’
এ ছাড়া স্কুটির রয়েছে সুবিধাজনক গিয়ার-ব্যবস্থা। গিয়ার এখানে ‘অটো’। অটো গিয়ার অ্যাকসিলা ব্যবস্থা আবার পিকআপের সঙ্গে যুক্ত থাকে। তাই পিকআপ গতির সঙ্গে আপনার স্কুটির গতিও বেড়ে যাবে সমানতালে।
একের মধ্যে অনেক
স্কুটি চালাতে খরচটা একটু বেশিই হয়—এমন ধারণা অনেকের। এই ধারণা একদমই ভুল, জানালেন আবু বকর। তিনি বলেন, স্কুটিগুলো ১২০ সিসি হওয়ায় এগুলোর তেল খরচ কম।
স্কুটিতে ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র রাখার জন্য জায়গা থাকে। দুর্ঘটনা এড়ানোর জন্য অ্যান্টি স্কিড টায়ারের ব্যবস্থাও রয়েছে এখানে। এই টায়ার ৯০ মিলিমিটার পর্যন্ত চওড়া হতে পারে। যা চলার পথে ঝুঁকি কমিয়ে দেয় অনেক। স্কুটির বাইরের অংশ অন্যান্য বাইকের তুলনায় নমনীয়। তাই একটু অসচেতন হলে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। এ জন্য পানি জমে থাকা কিংবা অমসৃণ পথে স্কুটি না চালানোই ভালো।
চাই প্রয়োজনীয় সতর্কতা
বাইক চালানোর নিরাপত্তার কথা বললে যে জিনিসটির কথা মনে পড়ে, সেটি হলো হেলমেট। আইন অনুযায়ী তো বটেই নিরাপত্তার জন্য বাইকে চালক ও আরোহী দুজনকেই মাথায় হেলমেট পরতে হবে।
বাইকে চালক ও আরোহী—স্কুটিতে আরোহীর সংখ্যা কখনোই দুজনের বেশি হবে না। দুজনের মাথায়ই হেলমেট থাকতে হবে।
হেলমেট আপনার মাপ অনুযায়ী কিনুন। বেশি আঁটসাঁট হেলমেট যেমন অস্বস্তির কারণ হতে পারে, আবার তেমনি মাথার চেয়ে বড় হলে এটি কপালে নেমে আসতে পারে। এ ক্ষেত্রে দেখে নিন হেলমেট পরে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন কি না।
ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র নিজের সঙ্গেই রাখুন।
স্কুটি কিন্তু যেকোনো পোশাক পরেই চালানো যায়। তবে আপনি যে ধরনের পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন সে রকমের পোশাক বেছে নেওয়াই ভালো।
স্কার্ফ কিংবা ওড়নার দিকে খেয়াল রাখুন। এ ক্ষেত্রে ওড়না কিংবা স্কার্ফ একটু আঁটসাঁট করে রাখাই ভালো, তবে তা যেন আপনার অস্বস্তির কারণ না হয়।
শহরের রাস্তায় লেন পরিবর্তন করাটা একটু ঝামেলাই বটে। সে ক্ষেত্রে রিয়ারভিউ মিরর তো রয়েছেই। লেন বদলানো বা মোড় ঘোরার সময় ইনডিকেটর জ্বালাতে হবে।
বাইকের গতি ৪০ কিলোমিটারের মধ্যেই রাখার চেষ্টা করুন। ফলে স্কুটি আপনার নিয়ন্ত্রণেই থাকবে।
একই সঙ্গে বাইক চালানোর সময় কানে হেডফোন না রাখাই ভালো। মনোযোগ তো নষ্ট হয়ই, সঙ্গে আশপাশের শব্দও আপনি শুনতে পাবেন না।
বাইকের যত্নআত্তি
বাইকটি নিয়মিত সার্ভিসিং করাতে হবে। কেননা যেকোনো যানবাহনের জন্য সার্ভিসিং খুবই গুরুত্বপূর্ণ।
সময়মতো মোবিল বদল করুন।
ইঞ্জিন ছাড়া আপনার সাধের বাইক একটুও নড়বে না। তাই খেয়াল করুন ইঞ্জিন কিংবা অন্য যেকোনো অংশ পরিষ্কার আছে কি না।
আর যেকোনো সমস্যা দেখা গেলে দ্রুত সারিয়ে নিন।
ধুলোবালি থেকে পরিত্রাণ পেতে স্কুটির ওপর সব সময়ই একটি প্লাস্টিকের আবরণ দিয়ে রাখুন।
স্কুটির দরদাম
বর্তমানে আমাদের দেশে বিভিন্ন ব্র্যান্ডের স্কুটি বাজারজাত করা হচ্ছে। আর দরদামটাও নির্ভর করছে বিভিন্ন ব্র্যান্ডের ওপর। প্লেসারের ২টি নির্দিষ্ট মডেল রয়েছে। মডেল দুটির দাম পড়বে ১ লাখ ২৯ হাজার ৯৯০ এবং ১ লাখ ৩৪ হাজার ৯৯০ টাকা। এ ছাড়া টিভিএস, সুজুকি, মাহেন্দ্র ব্র্যান্ডের স্কুটি আপনি পাবেন ৯০ হাজার থেকে আড়াই লাখ টাকার মধ্যে।
বাংলা মোটর, বংশাল, তেজগাঁও, গুলশান, মিরপুরে রয়েছে বাইকের বিভিন্ন শোরুম। এখান থেকেই আপনি বেছে নিতে পারেন পছন্দের স্কুটি। আর আজকাল অনলাইনে কেনাকাটার সুবিধা তো রয়েছেই। চাইলে বিভিন্ন ব্র্যান্ডের ওয়েব পেজ থেকেও কিনতে পারেন স্কুটি।
বাইকের সঙ্গে হেলমেট না হলেই নয়। আর মেয়েদের জন্য হালকা হেলমেট পাওয়া যাবে ৭০০ থেকে ১ হাজার ২০০-এর মধ্যে। হাতের সুরক্ষায় গ্লাভস কিনতে পারেন ৩০০ থেকে ১০০০ টাকার মধ্যে।