চলে গেল অটোরিকশাচালক বাবার একমাত্র ছেলেটিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ার পাশা ওরফে ননাই আবুতোরাব-বড়তাকিয়া সড়কে অটোরিকশা চালান। তাঁর দুই মেয়ে, এক ছেলে। বড় মেয়ে সুলতানা রাজিয়াকে বিয়ে দিয়েছেন। ছোট মেয়ে শিমা আক্তার আবুতোরাব এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীতে পড়ে। একমাত্র ছেলে রাজিব পড়ে অষ্টম শ্রেণীতে, আবুতোরাব উচ্চবিদ্যালয়ে। ছোট্ট সুখের সংসার। কিন্তু সেই সুখ তাঁদের আর রইল না। একটি সড়ক দুর্ঘটনা আনোয়ারের সব স্বপ্ন তছনছ করে দিল। গত সোমবার দুর্ঘটনার সময় আনোয়ার অটোরিকশা চালাচ্ছিলেন। দুপুরের দিকে শুনতে পান সৈদালী এলাকায় কিছু ছেলে মারা গেছে। তিনি ভাড়া নিয়ে আবুতোরাব থেকে বড়তাকিয়ার দিকে যাচ্ছিলেন। পথে দেখলেন দুর্ঘটনার স্থলে অনেক মানুষ। ততক্ষণে পুলিশ দুর্ঘটনায় কবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বাধ্য হয়ে আনোয়ার পাশা গাড়ি থামালেন। উৎসুক জনতার মতো লাশ দেখতে গিয়ে তাতে তার মূর্ছা যাওয়ার দশা। তিনি দেখলেন রাস্তার পাশে তার ছেলে যেন চিৎ হয়ে পড়ে আছে। যাত্রী নামিয়ে দিয়ে নিজের ছেলে নিয়েই ছুটলেন উপজেলা সদরের মাতৃকা হাসপাতালের দিকে। হাসপাতালের চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। গত মঙ্গলবার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী মনু ভূঁইয়াপাড়ায় আনোয়ার পাশার বাড়িতে গেলে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ঘরের ভেতর থেকে থেমে থেমে কান্নার শব্দ শোনা যাচ্ছিল রাজিবের মা হাসিনা আক্তারের। তিনি পুত্রশোকে বারবার মূর্ছা যাচ্ছেন। আর বাবা আনোয়ার পাশা কান্নার জন্য কারও সঙ্গে কথা বলতে পারছেন না।রাজিবের কথা জিজ্ঞেস করতেই হাউমাউ করে কেঁদে ওঠেন আনোয়ার পাশা। তিনি বেশি কিছু বলতে পারেননি। তবুও অনেক কষ্টে বলতে থাকেন, প্রতিদিন ভোরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হন রুটি-রুজির উদ্দেশে। তখন ছেলে ঘুমিয়ে থাকে। আর গভীর রাতে যখন ক্লান্ত দেহ নিয়ে ঘরে ফেরেন তখনো ছেলে রাজিব থাকে ঘুমিয়ে। খুব কম কথা হতো বাবা-ছেলেতে। কিন্তু আনোয়ার পাশা রাতে ঘরে ফিরেই ছেলে রাজিবের কাছে যেতেন, ঘুমন্ত ছেলের মাথায় হাত বুলিয়ে ভবিষ্যতের কথা ভাবতেন। এতটুকু বলে আনোয়ার পাশা কাঁদতে শুরু করেন। সেই কান্না আর থামে না। পড়শিরা অনেক চেষ্টা করেও আনোয়ারের কান্না থামাতে পারেননি।রাজিবের বড় বোন সুলতানা রাজিয়া জানান, খেলার খুব পাগল ছিল রাজিব। এই খেলা করতে গিয়ে তার এক হাত এক পা ভেঙেছে। তবুও তার খেলা বন্ধ হতো না। ভাইয়ের শেষ মুহূর্তের কিছু স্মৃতির কথা মনে করে সুলতানাও কাঁদতে শুরু করেন।