চলে গেল সুনীলদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমি চুপি চুপি চলে গেলে...কিছুই বলে গেলে না। এ রকম কথা তো ছিল না। কথা ছিল, ভিড়ভাট্টা ও সাংবাদিক এড়িয়ে আবার একদিন মাইজপাড়ায় গিয়ে কদিন থাকবে তোমার পৈতৃক ভিটের ওপর তৈরি সেই ছোট্ট ঘরটিতে। আরও কথা ছিল, তুমি তোমার চিরসঙ্গিনী, তোমার সুখ-দুঃখের সাথি স্বাতীকেও সঙ্গে নিয়ে যাবে। তা না করে উল্টো তোমার সেই ‘কেউ কথা রাখেনি’ কবিতার মতোই তুমিও কথা রাখলে না দাদা? এটা কেমন হলো! ভাবতেও পারছি না।দাদা, ৫৫ বছর পর যখন সত্যি সত্যিই তুমি আমার ও স্ত্রী ফরিদার অনুরোধে সাড়া দিয়ে আমাকে লিখেছিলে, ‘...রাজ্জাক, আবার তো শিগগিরই দেখা হবে। আমার জন্মগ্রাম মাইজপাড়ায় আর কোনো দিন যাওয়া হবে বলে ভাবিনি...। এবার তোমাদের আন্তরিক আহ্বানে মনে হচ্ছে যাওয়া হবেই, দেখা যাক কেমন লাগে।’ তুমি ২০০৩ সালে এলে। ২০০৮ সালেও এলে। তবু তোমার সেই চিঠির লাইন কটি আমাকে হাজারবার কাঁদিয়েছে। তুমি চলে গেলে কোন সুদূরে! মিলিয়ে গেলে, হারিয়ে গেলে কোন নীল নীলিমায়। আজ মাইজপাড়ায় তোমার ‘সুনীল আকাশ ভবন’ এক বুক শূন্যতা নিয়ে হাহাকার করছে।দাদা, সেই যে তোমাকে একবার রাত তিনটার সময় ফোন করলাম, তুমি চমকে উঠে জিজ্ঞেস করলে, ‘একি, তুমি ঘুমাওনি?’ আমি বললাম, ‘ঘুম আসছে না।’ জানতে চাইলাম, ‘দাদা, তুমি ভালো আছো?’ তুমি তোমার স্বভাবসুলভ উত্তর দিলে, ‘আমি ভালো আছি।’ মূলত, সেই রাতে স্বপ্নে দেখেছিলাম, তুমি আছাড় খেয়ে পড়ে গেছ এবং কেউ একজন চিৎকার দিয়ে আমাকে বলছে, ‘রাজ্জাক ভাই, সুনীলদা পড়ে গেছে।’ আমি চিৎকার করে তোমাকে ধরতে গেলাম। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আমার চিৎকারে ফরিদা জেগে উঠে জিজ্ঞেস করল, ‘কী ব্যাপার! কী হয়েছে! এ রকম কাঁপছ কেন? ও রকম চিৎকারই বা করলে কেন?’ সবকিছু শুনে সে আরও বলল, ‘তুমি দাদাকে ফোন করে খবর নাও, তার শরীর কেমন আছে।’ আমি তোমার খবর নিয়ে সুস্থ মনে আবার ঘুমোতে যাই। কিন্তু তুমি ঠিক সেভাবেই সেদিন রাতে বাথরুমে পড়ে গেলে। কিন্তু আমাকে তো কেউ সেদিন বলল না সে কথা, কেউ তো ডাকল না সে রাতে! আর তার ক্ষণিক পরই তুমি প্রস্থান করলে অমর লোকের পথে—আমাদের শোকের সাগরে ভাসিয়ে।দাদা, এ বছরের ১০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত তুমি ২৪ নম্বর ম্যান্ডেভিলা গার্ডেনসের এ/২/৯-এর ফ্ল্যাটে আমার আশায় পথ চেয়ে ছিলে; আমি মুম্বাই থেকে এলেই আমাকে নিয়ে তোমার বাড়ির নিচতলায় দাওয়াত খেতে যাবে। অপেক্ষা করে করে আমার দেরি দেখে অবশেষে তোমরা চলে গেলে। রাত বোধ করি সাড়ে ১২টা বাজে। আমি বাসায় পৌঁছলাম। ওপরে উঠে উৎপলকে নিয়ে তোমাদের বেরিয়ে আসার মুখে সেখানে উপস্থিত হলাম। তুমি বললে, ‘তোমার এত দেরি হলো কেন? আমরা অপেক্ষা করে করে শেষে চলে এসেছি। তোমার কাছে কোনো ফোনও ছিল না যে ফোন করে খবর নেব। যাক, খেয়ে ওপরে চলে আসো। ঘুমোও, বিশ্রাম করো, ভোরবেলা কথা হবে।’ তোমার সেদিনের সেই স্নেহ-ভালোবাসার অমিয় ধারায় আমি সিক্ত হয়ে গেলাম।২০ জানুয়ারি তোমার অপরাজিতা তুমির প্রিমিয়ার শোতে আমায় নিয়ে গেলে প্রিয়া হলে। পাশাপাশি দুজন উপভোগ করলাম তোমার বইয়ের ওপর তৈরি ছবিটা। তারপর কত কথা। মাইজপাড়া নিয়ে কত গল্প, কত স্মৃতি রোমন্থন।গত বছরের আগস্টে তোমার সঙ্গে বোস্টনে ফোনে মাইজপাড়া নিয়ে যেসব স্মৃতিচর্চা করেছিলাম, সেই স্মৃতিচারণা নিয়ে তোমার লেখাটি ১০ আগস্ট আনন্দবাজার পত্রিকায় প্রকাশ করে আমাকে তার কপি পাঠিয়ে দিলে। এ ছাড়া প্রধান যে কথা ছিল, আরেকবার শুধু আরেকবার চুপি চুপি মাইজপাড়ায় যাওয়া। সে আর হলো না।তোমার অনেক স্মৃতির মালা আমাকে ও ফরিদাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। তোমার বলা অনেক গান, অনেক কবিতা, অনেক কথা আজ আমার কানে রুনুঝুনু করে বেজে চলেছে। আমার স্মৃতির মণিকোঠায় জ্বলজ্বল করে জ্বলছে সবকিছু। কী করে প্রকাশ করি সেই সব।তুমি আমাকে স্নেহ করে ‘গ্রাম সহোদর’ ডেকেছ। আমাকে নিয়ে লেখা তোমার ‘মেঘলা দিন মিহিন বাতাসে’ কবিতায় লিখেছ, ‘রাজ্জাক হাওলাদার...আমার সে গ্রাম সহোদর...’। সেই কবিতা ছাপিয়ে দিয়েছ দেশ পত্রিকায়।দাদা, তুমি চুপি চুপি চলে গেলেও দুই বাংলাজুড়ে তোমার লাখো-কোটি পাঠক, ভক্ত তোমার এই চলে যাওয়াকে মেনে নিতে পারেনি। তারা রাস্তা-ঘাটে, দোকানপাটে, হাটে-বাজারে, মাঠে-ঘাটে উচ্চ স্বরে মাতম করছে। দুই দেশের খবরের কাগজগুলো সেসব ফলাও করে দেশের মানুষকে জানিয়ে দিচ্ছে। আমি সেসব শুধু পড়েছি আর চোখের জল রোধ করতে চেষ্টা করেছি। আমরা আর বুধবারের আনন্দবাজার পত্রিকায় তোমার লেখা খুঁজে পাব না, তোমার সঙ্গে কথা বলতে পারব না। এখন তোমাকে খুঁজব তারা ভরা আকাশের মাঝে। তোমায় খুঁজব মাইজপাড়ায় তোমার পায়ের চিহ্নমাঝে। তোমায় খুঁজব তোমার প্রথম আলো, সেই সময় আর তোমার রচিত অসংখ্য গল্প, উপন্যাস, কবিতা আর নাটকের মাঝে। তোমায় খুঁজে বেড়াব জোছনা রাতে তিন প্রহরের বিলে। তোমায় খুঁজে ফিরব সভা-সেমিনারের মাঝে, কবিতার উৎসবে হাজারো লোকের মাঝে। তোমায় খুঁজব জীবনের পরপারে।তোমার দেওয়া পাঞ্জাবিটা অনেক দিন আমার বাক্সে বন্দী ছিল। তোমার চলে যাওয়ার পর থেকেই সেটা গায়ে জড়িয়ে বাসায় বসে থাকি মাঝেমধ্যে। আমি চেয়ে থাকি সেই সোফার দিকে, মন্ট্রিয়লে আমার বাসায় যে সোফায় বসে তুমি গেয়েছিলে সাহেব কোম্পানির গান, যে সোফায় বসে তুমি মাইজপাড়ায় ছোটকালে খেজুরগাছ থেকে শীতের রাতে পুকুরের ঠান্ডা জলে পড়ে যাওয়ার গল্প বলেছিলে। তোমার দেওয়া কলমটি অতি যত্নে লুকিয়ে রেখেছিলাম টেবিলের দেরাজে, সেটি এখন জামার বুকপকেটে নিয়ে হাঁটি, তোমার ছোঁয়া অনুভব করি।তোমার এ মহাপ্রয়াণে দুই বাংলার মানুষ আজ তোমার শোকে মুহ্যমান, স্তব্ধ-বাকরুদ্ধ। আজ তুমি পৃথিবীর সব নাগরিকত্ব, সীমান্তের সব কড়াকড়ি, সব নিয়ন্ত্রণ-বাধা কাটিয়ে চলে গেছ এক অমরলোকের নাগরিকত্ব নিয়ে।দাদা, তোমাকে নিয়ে খ্যাতনামা লেখক, কবি-সাহিত্যিকেরা অনেক লিখেছেন খবরের কাগজে। আমি লেখক বা কবি-সাহিত্যিক কিছু নই। খবরের কাগজে লেখারও ক্ষমতা নেই। তাই আমার কষ্টটা লাখো-কোটি শোকাকুল ভক্তের সঙ্গে ভাগাভাগি করতে পারলাম না। শুধুই স্ত্রী ও সন্তানদের নিয়ে একা একাই এই প্রবাসে বসে এক বুক হাহাকার নিয়ে শূন্য বক্ষে করাঘাত করছি।তোমার আত্মার শান্তি হোক।রাজ্জাক হাওলাদার কানাডা, মন্ট্রিয়ল। ৎhowladeৎ[email protected]