চলে গেলেন খাদির অরুণ গুহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরুণ গুহ। ছবি: নকশা
অরুণ গুহ। ছবি: নকশা

মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই;
দীন দুখিনি মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই৷
রজনীকান্ত সেনের লেখা এই গান ব্রিটিশবিরোধী স্বদেশি আন্দোলনে যোগ করেছিল নতুন এক মাত্রা। খাদি স্বদেশি আন্দোলনের অন্যতম প্রতীক। সেই খাদিকে একুশ শতকের এই সময় পর্যন্ত যে প্রতিষ্ঠানটি ধরে রেখেছে, সেটা কুমিল্লার চান্দিনার গ্রামীণ খাদি। গ্রামীণ খাদি নামটা বললে দুজন মানুষের নাম চলে আসে। গ্রামীণ খাদির প্রতিষ্ঠাতা শৈলেন্দ্রনাথ গুহ মারা গেছেন ১৯৯৮ সালে। এরপর বাবার প্রতিষ্ঠানের হাল শক্ত হাতে ধরেন অরুণ গুহ। গ্রামীণ খাদির পরিচালক অরুণ কান্তি গুহ পরোলোকে চলে গেলেন ২০ এপ্রিল। মাত্র ৫৯ বছর বয়সে।
হাতে কাটা সুতা দিয়ে হাত-তাঁতে বোনা কাপড়—খাদির প্রধানতম বৈশিষ্ট্য এটি। এই বৈশিষ্ট্য ধরে রেখে চান্দিনার চান্দারপাড়ে গ্রামীণ খাদি নামের প্রতিষ্ঠানটিকে ধীরে ধীরে বড় করেছেন অকৃতদার অরুণ গুহ। খাদির উন্নয়নে অরুণের বাবা শৈলেন গুহের সঙ্গে কাজ করেছেন বাংলা ক্র্যাফটের সাবেক সভাপতি মালেকা খান। তিনি বললেন, ‘অরুণ গুহ তাঁর বাবার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। বাবার কাছ থেকে খাদি কাপড়ের কৌশল যতটা শিখেছেন, তার প্রয়োগ যথাযথভাবেই করেছেন। তবে তার চেয়েও বেশি আগ্রহ ছিল খাদির বিপণনে। খাদির বাজারজাতকরণে অরুণ গুহ অনেক সফল।’
একই সুর পাওয়া গেল প্রবর্তনার পরিচালক শাহিদ হোসেন শামীমের কথায়। ‘অরুণ গুহ খাদিকে যুগোপযোগী করেছেন। এতে রং যোগ করেছেন। কিন্তু দামটা খুব বেশি বাড়াননি। সাশ্রয়ী আরামদায়ক কাপড় হিসেবেই খাদি তৈরি করেছেন অরুণ। ব্যাপক উৎপাদন বলতে, যা বোঝায় অরুণ গুহ খাদির বেলায় সেটা করতে পেরেছেন।’
খাদির জন্য হাতে সুতা কাটার কাজটা মূলত করেন নারীরা। মালেকা খান জানালেন, গ্রামের অনেক মেয়েদের খাদির কাজটা শিখিয়েছেন অরুণ। প্রচুর দরিদ্র নারী এ কাজে যুক্ত। এই নারীদের হাতেই টিকে আছে খাদি। শাহিদ হোসেন বললেন, ‘২০ এপ্রিল সন্ধ্যায় অরুণের মৃত্যুসংবাদ শুনে মনটা খুবই খারাপ হয়ে যায়। পরের দিন সকালেই চলে যাই তাঁর বাড়িতে। চান্দিনায় যখন পৌঁছাই তার ঘণ্টা খানেক আগে অরুণ গুহের শেষকৃত্য সম্পন্ন হয়ে গেছে। কিন্তু তাঁর বাড়ির আশপাশে তখনো হাজার হাজার মানুষ। সবাই গ্রামের মেহনতি মানুষ। এ থেকেই বুঝে যাই অরুণ গুহ কত মানুষের কত উপকার করেছেন।’

ছবি: নকশা
ছবি: নকশা

২০১০ সালের ডিসেম্বরে নকশার জন্য প্রতিবেদন তৈরি করতে গিয়েছিলাম গ্রামীণ খাদি প্রতিষ্ঠানে। প্রায় পুরোটা দিন ছিলাম অরুণ গুহের সঙ্গে। অরুণ গুহের মৃত্যুসংবাদ শুনে মনের চোখে একেকটা ফ্রেমের মতো আসতে থাকে তাঁর সান্নিধ্যের টুকরো টুকরো ছবি। নিজে ঘুরে ঘুরে দেখিয়েছিলেন চরকায় সুতা কাটা, তাঁতে খাদি বোনা, রং করা থেকে খাদির চূড়ান্ত রূপ। অরুণ গুহের হাত ধরে গ্রামীণ খাদি যেমন এগিয়েছে, তেমনি রাজধানীর দেশি ফ্যাশন হাউসগুলোর চাহিদাও মিটেছে কমবেশি। আর খাদি কাপড় হয়ে উঠেছে আরও আরামদায়ক, আরও ফ্যাশনেবল।
অরুণ গুহ যেমন উৎপাদন ও বিপণনের পুরো ব্যাপারটা দেখতেন, তেমনি গ্রামীণ খাদির রঙের বিষয়টা দেখেছেন তাঁর বড় ভাই বিজন কান্তি গুহ। তিনি দক্ষ একজন ডায়িং মাস্টার। গ্রামীণ খাদির সঙ্গে জড়িত মোহাম্মদ আলী জানালেন, অরুণ গুহের অবর্তমানে বিজন গুহ হাল ধরবেন এ প্রতিষ্ঠানের। শৈলেন্দ্রনাথ গুহের রেখে যাওয়া প্রতিষ্ঠান বড় হয়েছে ছেলে অরুণ গুহের হাতে। এবার গ্রামীণ খাদি এগিয়ে যেতে থাকবে তাঁরই আরেক উত্তরসূরির হাত ধরে। বংশপরম্পরায় টিকে থাকবে বাঙালির দারুণ এক ঐতিহ্য—খাদি। এটাই প্রত্যাশা।