চলে গেলেন চারুকলার দাদু
পূর্ব আসামের ডিমাপুর, কোহিমা, মণিপুর, ইম্ফল, মেঘালয়সহ কত না বিচিত্র জায়গায় ঘুরে বেড়িয়েছেন মমিন আলী মৃধা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে তারুণ্য কেটেছে তাঁর। পৃথিবীর রূপ-রস-গন্ধে বিভোর হয়ে কেটে গেছে শত বছর। অবলীলায় হয়ে উঠেছিলেন সবার দাদু। দাদু ছিলেন সবার ভালো লাগার মানুষ। কারণ মানুষের স্বপ্নকে তিনি সুদূরের পথ দেখাতেন। ২০ ডিসেম্বর তিনি চলে গেছেন আমাদের ছেড়ে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের হাত ধরে তিনি চারুকলায় এসেছিলেন। মডেল হিসেবে সান্নিধ্য পেয়েছিলেন বহু শিল্পীর। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে আপন ভেবেছেন।চারুকলার দেয়াল ঘেঁষে তিনি নানা রকম গয়নার পসরা নিয়ে বসে থাকতেন। সাদা সিমেন্ট ও তরল রঙে দাদু বানাতেন হরেক রকম গয়না। মণিহার, কলমহার, কানের দুল, ঝুমকা দুল, ব্রেসলেট, লকেট মালা, হাতের বালা—এগুলো দাদুর অপূর্ব শিল্পসৃষ্টি। এসব গয়না বাঙালি নারীর কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। পত্রপত্রিকায় অনেক প্রতিবেদনও হয়েছে তাঁর গয়না নিয়ে।বিভিন্ন সময়ে দাদু শুনিয়েছেন তাঁর জীবনের নানা গল্প। পাঁচ বছর বয়সে বাবা গনি মৃধাকে হারিয়ে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হন। পরে মা আছিয়া বেগমের সঙ্গে তাঁর আশ্রয় মেলে নানাবাড়ি গোপালপুরে। সেখানেই একটি মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। কিন্তু মাদ্রাসায় পড়তে ভালো লাগেনি তাঁর। তিনি চেয়েছিলেন স্কুলে পড়তে। পরে আর পড়ালেখা হয়নি তাঁর।সঠিক হিসাবে নিজের বয়স বলতে পারতেন না। মায়ের কাছে শুনেছেন, জন্ম তাঁর আশ্বিন মাসে। তবে মনে করতে পারেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁর বয়স ছিল ত্রিশের কাছাকাছি। তখন কিছু সময় তাঁকে থাকতে হয়েছিল লুসাই পাহাড়ে। সেই পাহাড়ের একটি মেয়ের নামও ছিল লুসাই! সে ভালোবেসেছিল দাদুকে। লুসাই কাঠ ও বাঁশ দিয়ে গয়না বানাত। লুসাইয়ের গায়ে পাহাড়ি গয়না দাদুকে মুগ্ধ করত। তাই তিনি নিজের হাতে গয়না বানিয়ে দিয়েছিলেন লুসাইকে। ভালোবাসার উপহার পেয়ে লুসাইয়ের চোখে সোনালি আলো ঝিলিক দিয়ে উঠেছিল। তিনি ছিলেন যাযাবর—যুদ্ধ যখন যেখানে টানে। এভাবেই নানা জায়গায় অনেকটা সময় কেটে যায় তাঁর। যুদ্ধ শেষে দাদু ফিরে যান লুসাই পাহাড়ে, লুসাইয়ের টানে। কিন্তু তাকে আর পাওয়া যায়নি। ভূমিকম্প ধ্বংসলীলা চালিয়ে কেড়ে নিয়েছে সব। সেখান থেকে ফিরে এসে সংসার পাতেন দাদু। লুসাইয়ের সাজে বাঙালি নারীদের দেখতে চেয়েছিলেন দাদু। আর এ কারণেই মালা বানানোকে পেশা হিসেবে নিয়েছিলেন তিনি। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার গ্রামে পৈতৃক ভিটায় চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের সবার প্রিয় দাদু।