চলে যাওয়া প্রীতমের ফেলে যাওয়া বাবা বলছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত প্রীতম

প্রীতম পা রেখেছিল আলো-বাতাসপূর্ণ রূপ, রস, গন্ধে সুরভিত পৃথিবী নামের মর্ত্যে প্রায় ৩৬ বছর আগে। জন্মের সময় অচেনা পৃথিবীকে সে তার আগমন বার্তা পৌঁছে দিয়েছিল উচ্চ স্বরে। তার আগমনের শুরুতেই নতুন পরিবেশটি কেন যেন তার সুখকর বলে প্রতীয়মান হয়নি। ভূমিষ্ঠ হওয়ার পরই বিরামহীন ক্রন্দনের কারণে হয়তোবা বসুধার অভ্যর্থনার মধ্যে সে খুঁজে পাইনি কোনো আন্তরিকতা। তাই বুঝি ধরণিতে তার আবাস ছিল ক্ষণিকের।

মায়ের বুক আঁকড়ে ধরে, বাবার যত্ন ও নজরদারিতে লালিত হয়ে এবং অগ্রজ পার্থ ও পরবর্তী সময়ে অনুজা হিতৈষীর সঙ্গে প্রাত্যহিক কোন্দল, কলহের মধ্যেই শৈশব পেরিয়ে কখন যে সে কৈশোরে পদার্পণ করল, তা অনুধাবন করা তার সম্ভব হয়নি। মা-বাবা স্নেহের বসে নাম রেখেছিলেন প্রীতম, অনেকে ডাকত মোসাব্বির বলে। কিন্তু প্রীতম নামেই সে সব মহলে অধিক পরিচিত ছিল।

শুনছিলাম ‘প্রীতম’ শব্দটিতে অন্তহীন মঙ্গলময় ও কল্যাণকর অর্থ নিহিত রয়েছে। বাংলা, উর্দু, আরবি ও হিন্দি ভাষাতেও প্রীতম শব্দটি ব্যবহারে ধ্বনিত হয় প্রিয়, ভালোবাসা, বিজয়ী, সৌভাগ্যবান ইত্যাদি অর্থ। তাই বুঝি পৃথিবীতে তার সংক্ষিপ্ত সময় অবস্থানকালে এবং নানাবিধ প্রতিকূল অবস্থার মুখোমুখি হওয়ার পরও এই প্রিয় নামটিতে বহন করা অর্থগুলোর যথার্থতা সে খুঁজে পেয়েছিল। ধরণির বুকে তার স্বল্প সময়ের বিচরণকালটি কুসুমাস্তীর্ণ না হলেও, পুরোপুরিভাবে কণ্টকাকীর্ণ ছিল বলা ঠিক হবে না।

মায়ের আঁচলে আচ্ছাদিত থেকে, বাবার নির্দেশিত দৈনন্দিনের বাঁধাধরা কর্মসূচি পালনের মধ্যেও বন্ধুদের সঙ্গে ফাঁকেঝোঁকে আড্ডা দেওয়া, কম্পিউটারে কার্টুন, বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর ছবি দেখা, গান শোনা এবং রেস্তোরাঁয় পরিবার ও বন্ধুদের নিয়ে খাবার সুযোগ নিতান্ত কম ছিল না। অন্যদিকে সূর্যোদয়ের আগে বিছানা ত্যাগ করা, নিয়মিত প্রার্থনা করা, স্কুল থেকে ফিরে দুপুরের খাওয়া সেরে বিশ্রাম নেওয়া, বিকেলে খেলতে যাওয়া বা মার্শাল আর্ট প্রশিক্ষণ নেওয়া, সন্ধ্যার পর গৃহশিক্ষকের কাছে পড়তে বসা, রাতের খাবার সেরে ১০টার মধ্যেই ঘুমিয়ে পড়া, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মাওলানা সাহেবের কাছে ধর্মীয় শিক্ষা নেওয়া এবং একই সঙ্গে সংগীত শিক্ষকের কাছ থেকে কণ্ঠ ও যন্ত্রসংগীতে তালিম নেওয়া; এ সবই একই সঙ্গে চালিয়ে যেতে হতো। তাতে লাভ হয়েছিল বৈকি। ক্রিকেটে ও সেতার বাজনায় বেশ খানিকটা নৈপুণ্য অর্জনসহ পড়াশোনায়ও প্রশংসনীয় কৃতিত্বের পরিচয় দিতে পেরেছিল প্রীতম।

শৈশব পেরিয়ে কৈশোরে আর কৈশোর পেরিয়ে কখন যে সে যৌবনের তটভূমিতে পা রেখেছিল, তা টের পায়নি। বিদেশে অধিকতর সুযোগ-সুবিধা নিয়ে উচ্চতর শিক্ষা লাভের এক পরিকল্পনা মনের গভীরে সে অনেক দিন যাবৎই লালন করে রেখেছিল। একসময় যখন দশম শ্রেণিতে উঠে ‘ও’ লেভেল পরীক্ষায় ভালো ফল লাভের জন্য প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছিল, তখনই নেমে এল তার জীবনে অমানিশার ঘোর অন্ধকার।

বেশ কিছুদিন ধরে দৈহিক দুর্বলতা অনুভব করার কারণে ডায়াগনস্টিক পরীক্ষার মাধ্যমে তার মস্তিষ্কে ঘাতক ব্যাধি ক্যানসার লুকিয়ে আছে বলে প্রমাণিত হলো। উন্নত চিকিৎসার জন্য সুদূর যুক্তরাষ্ট্রে তাকে নিয়ে যাওয়া হলো। কিন্তু বিধাতার লেখন খণ্ডায় কে? সৃষ্টিকর্তা তাকে সত্যি একটু বেশি ভালোবেসে ফেলেছিলেন। তাই সবার বৃথা চেষ্টার অবসান ঘটিয়ে আর সবাইকে কাঁদিয়ে তাঁর ডাকে তাঁরই কাছে সে চলে গেল অমর্ত্যলোকে।

প্রীতম এখন হয়তো ভালো আছে। তবু হয়তো তার শুধু দুঃখ ও আক্ষেপ একটি ক্ষেত্রে রয়ে গেছে। মা-বাবা, ভাইবোন, আত্মীয়স্বজন, বন্ধু, জানা-অজানা সবার কাছ থেকেই সে আশাতীত সাহায্য ও ভালোবাসা পেয়েছিল। তাদের প্রতিদানে আরও অনেক কিছু দিতে চেয়েছিল সে। তার মতে, এই বিশাল ঋণের বোঝা কিছুটা লাঘব করে মানুষ ও বিধাতার সৃষ্টি অন্য সব প্রাণিকুলের জন্য কিছু অবদান রাখতে হয়তো সে সক্ষম হতো। তবে তার সান্ত্বনা এই ভেবে, ধরণির বুকে কাউকেই আর কষ্ট দেওয়ার সুযোগ আর তার নেই।

আমাদের সবার নিঃস্বার্থ ভালোবাসা আর স্বতঃস্ফূর্ত আনুকূল্য লাভের জন্য প্রীতম সবার কাছে চিরকৃতজ্ঞ। পৃথিবীর বুকে বিচরণকালে তার কিঞ্চিৎ ভুলত্রুটির জন্য সবার কাছে করজোড়ে মিনতি জানাই, তোমরা তাকে ক্ষমা করে দিয়ো।