চলে যাচ্ছে আরেকটি বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক সাধনার পর বছরটা শেষ হতে যাচ্ছে। আহা, কী আনন্দ আকাশে বাতাসে। একটা-দুটো নয়, গুনে গুনে একেবারে এক ডজন মাস পার করা খুব একটা সহজ ব্যাপার নয়। এক ডজন মাস পার করে আবার নতুন একটা বছর আসবে, ভাবতেই ভালো লাগছে। ভালো লাগারই কথা। তবে নাটক বা সিনেমার শেষ দৃশ্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ বছরের শেষ দৃশ্য, মানে শেষ দিনগুলো নিয়ে কেউ তেমন কিছু ভাবছে না। সবার মনে নতুন বছরের চিন্তা উঁকিঝুঁকি মারছে। প্রবাদ আছে, ‘শেষ ভালো যার, সব ভালো তার’। তার মানে, শেষ দিনগুলো ভালোভাবে পার করা অতীব জরুরি। কিন্তু তা নিয়ে কারও মাথাব্যথাই নেই। সবার চোখ আটকে আছে নতুন বছরের দিকে। আরে ভাই, নতুন বছর আসবে, নতুন বছরকে স্বাগত জানাবে—এটা তো খুবই চমৎকার ব্যাপার। তাই বলে চলমান বছরটাকে বিদায় জানাতে হবে না? অথচ চাইলেই ‘যা রে যাবি যদি যা’ টাইপের দু-একটা বিদায়ী গান গেয়ে সবাই মিলে বছরটাকে বিদায় দিতে পারত। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টির প্রতি নজরই দিচ্ছে না। তা ছাড়া বিভিন্ন জায়গায় এ বছরের যে ক্যালেন্ডারগুলো ঝুলত, সেগুলোর ভবিষ্যৎ নিয়েও কেউ ভাবছে বলে মনে হয় না। অথচ নানাবিধ সৃজনশীল কাজে এই ক্যালেন্ডারগুলো ব্যবহার করা যায়। অতএব, অনতিবিলম্বে চলমান বছরকে বিদায় জানানোর কর্মসূচি গ্রহণ করা এবং ঝুলে থাকা ক্যালেন্ডারগুলো কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব। আর আমার দায়িত্ব সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানানো। তাই সব পাঠকের অবগতির জন্য জানানো যাচ্ছে, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার দায়িত্ব আমি পালন করেছি। কর্তৃপক্ষ করবে তো?