আনোয়ারার মুরালী-ছত্তারহাট সড়কের ইন্দ্র সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় গত দুই মাস ধরে অটোরিকশা ছাড়া কোনো যানবাহন চলাচল করছে না। ফলে দুর্ভোগ পোহাচ্ছে পূর্ব আনোয়ারার অর্ধলক্ষাধিক মানুষ। অন্যদিকে, এখনো সেতু মেরামতের উদ্যোগ নেয়নি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। শুধু বাস-ট্রাক চলাচল না করতে নির্দেশনা ফলক (সাইনবোর্ড) দিয়েই দায়িত্ব শেষ করেছে। স্থানীয় লোকজন জানান, ইন্দ্র সেতু দিয়ে যাতায়াত করে পূর্ব আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল, দেওতলা, পরৈকোড়া, মাহাতা, ওষখাইন, মামুরখাইন, পূর্বকন্যারা, পাঠানীকোটা ও কৈখাইন এবং হাইলধর ইউনিয়নের খাসখামা, মালঘর ও গুজরার অন্তত অর্ধলক্ষাধিক মানুষ। এ সড়কে চলাচল করে মুরালী-ছত্তারহাট রুটের বাস সার্ভিস। কিন্তু সেতু দিয়ে গাড়ি চলাচল করতে না পারায় লোকজনকে চলাচল করতে হয় হাইলধরের মালঘর বাজার হয়ে। এতে সময় ও অর্থের অপচয় ঘটছে। বেশি ভোগান্তিতে পড়তে হয় আনোয়ারা সদরে কোনো কাজে যেতে হলে। কারণ আনোয়ারা সদরের ১৬ কিলোমিটার দূরে পরৈকোড়া। আনোয়ারা সদরের ব্যবসায়ী শরীফ নেওয়াজ বলেন, ‘আনোয়ারা সদরে আসতে আমাদের খুব কষ্ট পেতে হচ্ছে। এ ছাড়া যারা শহরে যাতায়াত করেন তাদের সমস্যারও অন্ত নেই।’ পিএবি যানবাহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী জানান, ইন্দ্র সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে লোকজনকে এখন ছয় কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। বাস বন্ধ থাকায় বাস মালিকেরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন।পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতার জামাল চৌধুরী জানান, সেতুটি মেরামত না হওয়ায় অনেকটা দ্বীপাঞ্চলে পরিণত হচ্ছে ইউনিয়ন। এলাকাবাসীর কেয়ামত চলছে। অথচ সওজ বিভাগ সেতু মেরামতে এখনো কোনো উদ্যোগ নেয়নি। এ প্রসঙ্গে সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ কামরুল আহসান বলেন, আপাতত একটি বেইলি সেতু চালু করে যাতায়াতের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পরে সেতুটি পুরোপুরি মেরামতের কাজ করা হবে।