চলো পড়ি বাংলা বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংরেজি মাধ্য​েম পড়া অনেক ছাত্রছাত্রীর বাংলা বই পড়ায় আগ্রহ কম দেখা যায়। মডেল: আকিফুর রহমান, ছবি: কবির হোসেন
ইংরেজি মাধ্য​েম পড়া অনেক ছাত্রছাত্রীর বাংলা বই পড়ায় আগ্রহ কম দেখা যায়। মডেল: আকিফুর রহমান, ছবি: কবির হোসেন

ইংরেজি মাধ্যমে পড়ুয়া অনেক ছেলেমেয়েই ইংরেজি বই পড়তে পছন্দ করে বেশি। তাই বলে মাতৃভাষার সৃজনশীল বই কি তারা পড়বে না? তাদের হাতে তুলে দিতে হবে বাংলা গল্প–কবিতা–উপন্যাস।

শিক্ষার মাধ্যম যা-ই হোক, মাতৃভাষার চর্চা যে করবে না, মাতৃভাষায় লেখা সৃজনশীল লেখালেখির জগৎটার সঙ্গে যার পরিচয় হবে না, তার কল্পনা একটা জায়গায় এসে আর উড়াল দেবে না। অন্যের ভাষা ধার করে ওই ভাষাভাষীর প্রতিদিনের জীবনে ঢোকা যায়, তার নিত্যদিনের সব প্রকাশকে নিজের করে নেওয়া যায়, কিন্তু তার সংস্কৃতির কল্পনার জায়গাটায় পৌঁছানো যায় না। সেই জায়গাটা ওই ভাষাভাষীর জন্মগত; তার নৃগোষ্ঠীর সাধনা ও অর্জনের ক্ষেত্র, সেখানে ভিনদেশি কারও প্রবেশ অসম্ভব।
আমাদের দেশের অনেক পরিবার এ রকম একটি ধারণা পোষণ করে যে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলে বাংলাটা ভালো রপ্ত করা যায় না। অথবা ইংরেজি মাধ্যমে যারা পড়ছে, তাদের বাংলায় কিছু পড়ার বদলে পাঠ্যবইয়ের পেছনে সময়টা দিলে ‘ও’ বা ‘এ’ লেভেলে ভালো ফল করা যাবে। অর্থাৎ বাংলা গল্প, উপন্যাস বা ভ্রমণকাহিনি পড়া সময়ের অপচয়। বলা বাহুল্য, ধারণাটা ভুল। ভুল দুটি কারণে—প্রথমত স্কুল-কলেজের পাঠ্যক্রমের সঙ্গে বাংলায় কিছু পড়ার বিবাদ নেই (অবশ্য ঘণ্টার পর ঘণ্টা গল্প-উপন্যাস পড়ে কাটালে ভিন্ন কথা। বাংলায় পড়া মানে একটা যুক্তিযুক্ত সময় নিয়ে পড়া—এক দেড় ঘণ্টা যেমন)। আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের শিক্ষকেরা সব সময় ‘আউট বই’ (অর্থাৎ সিলেবাসের বাইরের বই) পড়তে উৎসাহ দিতেন। আমি বাংলা মাধ্যমে পড়ছি, আমার পড়া অনেক ‘আউট বই’ ছিল ইংরেজিতে লেখা। ক্ষতি কিছু হয়েছে, নাকি লাভ?
দ্বিতীয়ত, কেউ যখন মাতৃভাষায় লেখা সৃজনশীল বই পড়ে, তার চিন্তা ও কল্পনায় স্বচ্ছতা আসে, গতি আসে। সে সংস্কৃতির শক্তিতে শক্তিমান হয়। সে যখন পাঠ্যপুস্তকে ফিরে যায়, এই গতিময় ও শক্তিশালী কল্পনা তাকে পাঠ্যবইটি বুঝতে সাহায্য করে।
এসব আমার বানানো কথা নয়। বিশ্বজুড়ে ভাষা-মনস্তত্ত্ববিদেরা এ রকম বলেছেন। যারা ইংরেজি মাধ্যমে বা ইংরেজি ভার্সনে পড়ছে, মাতৃভাষার সঙ্গে তাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ যে থাকা উচিত তা নিয়ে বিতর্ক থাকার কোনো অবকাশ নেই। ওই যোগাযোগের অভাবে শিক্ষার্থী পায়ের নিচে কোনো ভূমি পাবে না। সে যতই ইংরেজি শিখুক, ইংরেজ তো আর হতে পারবে না। মাঝখানে তার বাঙালি বা আদিবাসী হওয়াও হবে না। ওই কথা মনে রেখে পরিবারগুলো তিনটি কাজ করতে পারে:
১. বাড়িতে এক আলমারি বা এক তাক বাংলা বই রাখতে পারে। বই হবে গল্প-উপন্যাস, স্মৃতিকথা, ভ্রমণকাহিনি ইত্যাদি।
২. মা-বাবা সন্ধ্যার একটা সময় নিজেরাই বই নিয়ে বসবেন সন্তানের সঙ্গে, নিজেরা পড়বেন, সন্তানকে উৎসাহ দেবেন।
৩. নিয়মিত বইয়ের দোকানে বা বইমেলায় সন্তানকে নিয়ে যাবেন।
ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করছে, তারা ইংরেজিতে লেখা নানা বই পড়বে, সেটিই স্বাভাবিক। ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের অনেকের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। কিন্তু পাশাপাশি তারা যদি মাতৃভাষায় লেখা বই পড়ে, তাহলে তাদের মানসিক ও বৌদ্ধিক বিকাশে একটা ভারসাম্য আসবে। আমি আগেই বলেছি, যেসব শিক্ষার্থী মাতৃভাষার চর্চা করবে না, তাদের ‘সম্পূর্ণ মানুষ’ হয়ে ওঠা সম্ভব হবে না। একটা শূন্যতা তাদের জীবনে থেকেই যাবে। পরিবারগুলোর উচিত এই শূন্যতা যাতে না থাকে, তা নিশ্চিত করা। একটু যত্ন নিলেই তা সম্ভব। পরিবার যদি তাদের বই কিনে দেয়, বিশেষ করে জন্মদিনে এবং এসব বই পড়তে অনুপ্রেরণা দেয়, তাহলে কাজটি সহজ হয়। মনে রাখতে হবে, সন্তানদের জন্য এটি একটি বড় বিনিয়োগ।
সন্তানেরা দেখে শেখে। উদাহরণ থেকে অনুপ্রেরণা পায়। সন্তানদের মাতৃভাষামুখী করার জন্য তাই পরিবারগুলোকে প্রথমে মাতৃভাষামুখী হতে হবে।
লেখক: অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়