চলো, ঘুরে আসি চারুকলা থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদানীং কি চারুকলা অনুষদে যান? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কথাই বলছি। একবার ঘুরে আসুন না অনুষদ থেকে! দেখবেন, নববর্ষের উত্তাপ কীভাবে ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।এখানে দেখতে পাবেন কাজে ব্যস্ত শিক্ষার্থীদের। লোকজ সংস্কৃতির প্রকাশে তাঁরা কাজ করে চলেছেন অবিরাম। আর কদিন পরই আসছে নতুন বছর ১৪১৭ সন। ১৪১৬ সনকে বিদায় জানিয়ে সেদিন বরণ করে নেওয়া হবে নতুন সনকে। চারুকলায় চলছে তারই প্রস্তুতি। চারুকলা থেকেই যে অসাধারণ মঙ্গল শোভাযাত্রা বের হয়, এ কথা এখন কারও অজানা নয়। ঢাকায় বাংলা সনের প্রথম দিনটিতে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়াটাও ঐতিহ্যে পরিণত হয়েছে।এখন চারুকলায় গেলে দেখতে পাবেন, বেলা ১১টা বাজতে না-বাজতেই সরগরম হয়ে ওঠে সরা তৈরির প্রাঙ্গণটি। সেখানে সরা রং করা হচ্ছে, বিক্রিও চলছে পাশাপাশি। নিজেদের পছন্দমতো রং আর নকশায় সরাগুলো ভরিয়ে তুলছেন শিক্ষার্থীরা। ওখানেই দেখা হয় চারুকলার শিক্ষার্থী পলাশ, রাজীব, তাসরীন, টিটু আর দীপ্তির সঙ্গে। কার নকশা কত বেশি সুন্দর হয়, তা নিয়েই চলে ওঁদের প্রতিযোগিতা।মজাও হয়। অপটু হাতে করা নকশা নিয়ে ঠাট্টা-মশকরার একটা নমুনা! সবাই আপন মনের মাধুরী মিশিয়ে সরায় এঁকে যাচ্ছেন। যাঁরা অদক্ষ হাতে কাজটি করছেন, তাঁরাই পড়ছেন বিপদে। রাঙানো সরাটার যা চেহারা হচ্ছে না! রাঙানো শেষ হলে শিল্পী তো বেশ একটা গুরুগম্ভীর ভাব নিয়ে শুনতে চান অন্যের মন্তব্য। কিন্তু মন্তব্য আর কী করবেন! সরা দেখে তাঁদের মুখগুলো হয়ে যায় সরার মতো। ফলে এই ধরনের উৎপাত থেকে মুক্তি পাওয়ার জন্য সাদা কাগজে কালো মার্কার দিয়ে বড় করে লেখা হয়েছে, ‘দৃষ্টি আকর্ষণ, আপনি মাটির পাত্রটিকে জলরং করার পর অথবা আঁকার পর ভেবে দেখুন, সরাটি আপনি কিনবেন কি না!’ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির কথা বলি। ‘কেমন লাগছে?’ জানতে চাইতেই শিল্পকলার ইতিহাসের প্রথম বর্ষের ছাত্রী নিশিতা ইকবাল বললেন, ‘বিশ্বাসই হচ্ছে না যে আমি মঙ্গল শোভাযাত্রার জন্য কাজ করছি।’ইন্দিরা সরকার বললেন, ‘নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। কেন জানেন? আমিও এবার বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজনটার সঙ্গে যুক্ত বলে।’ তিনি পড়েন ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগে।এমন সময় সরাসরি সম্প্রচার শুরু হয়ে গেল। হাতে ডিজিটাল ক্যামেরা নিয়ে হাজির গ্রাফিক ডিজাইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কাজী আরেফিন আহমেদ। ধারা বর্ণনা দিচ্ছিলেন তিনি। কে কাজে ফাঁকি দিচ্ছেন, কে চুরি করে গাছের আম পেড়ে খেয়েছেন, কে মুঠোফোনে কার সঙ্গে লুকিয়ে কথা বলছেন—এসবের অসাধারণ বর্ণনায় উপস্থিত সবার হাসতে হাসতে পেটে খিল! শুধু কি হাসি! যাঁদের শরীরে ফুটেছে কথার হুল, তাঁরা কাগজের মণ্ডে লাগানোর আঠা নিয়ে কিংবা কেউ পানির বোতল নিয়ে তেড়ে আসছিলেন তাঁর দিকে।‘ব্যাপার কী?’ হাসতে হাসতে প্রশ্ন করি আরেফিনকে।‘আরে, বুঝলেন না! ক্লান্তি যেন কাউকে ছুঁতে না পারে, তাই এমন করছি। এটা স্রেফ বিনোদন।’ আরেফিনের উত্তর।বড়-ছোটর মধ্যে মজাও চলে বেশ। চারুকলার ছোট পুকুরটার সামনে, যেখানে বানানো হচ্ছে মঙ্গল শোভাযাত্রার মুখোশ, প্রতিকৃতি, সেখানেই দেখা মেলে রাজীবের। দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব বললেন, ‘বড় ভাইয়ারা যা করে না! গত বছর ওঁরা গম্ভীর মুখে বললেন, রং কিনতে হবে। কোথায় পাওয়া যাবে, তাও বলে দিলেন। জানেন, কী বললেন? বললেন, “আজিজ সুপারমার্কেটে দেশালে চলে যাও।” আমি তো তখন কেবল ঢাকায় এসেছি। কোনো কিছুই তেমন করে চিনি না। দেশালে ঢুকে জিজ্ঞেস করলাম, “রং আছে?” আমার কথা শুনে ওরা অবাক! ভালো করে তাকিয়ে দেখি, এটা পোশাকের দোকান। মন খারাপ করে ফিরে আসতেই বড় ভাইয়াদের হাসি দেখে কে!’একটু দূরে, যেখানে বাঁশ, বেত, ছন দিয়ে হাতি, ঘোড়া, বাঘ বানানোর প্রস্তুতি চলছে, সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন নুসরাত শ্যামা। তাঁকে দেখেই আরেফিনের সরাসরি সম্প্রচারের পালে হাওয়া লাগল, ‘এই যে মেয়েটিকে আমাদের সামনে দিয়ে হেঁটে যেতে দেখছেন, ও হচ্ছে আমাদের মঙ্গল শোভাযাত্রার উজ্জ্বল তারকা। কেন তারকা? কারণ, ওর ছবি এসেছে প্রথম আলোয়।’এক মুখ উজ্জ্বল হাসি ছড়িয়ে শ্যামা পার হয়ে যান আরেফিনকে।বিকেল গড়িয়ে সন্ধে হয়। চারুকলা প্রাঙ্গণে বাড়তে থাকে মানুষের ভিড়। উৎসবের আবহ চারদিকে। কোলাহল ভেসে আসে। কোলাহল পেরিয়ে ঢুকি জয়নুল আর্ট গ্যালারিতে। সেখানে ’৯৪ সেশনের (দ্বিতীয় ব্যাচ) এক ছেলে আর ’৯৭ সেশনের এক মেয়ে তৈরি করছেন মুখোশ। তাঁরা অবশ্য পড়াশোনার পাট চুকিয়েছেন অনেক আগেই। এখন একসঙ্গে ব্যবসা করছেন। কিন্তু মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির এই কটা দিন তাঁরা সবকিছু ফেলে চলে আসেন এখানে; তৈরি করেন মুখোশ।‘আপনারা যখন শিক্ষার্থী ছিলেন, তখন কেমন ছিল মঙ্গল শোভাযাত্রা?’‘আমরা যখন পড়াশোনা করতাম, তখন আয়োজনের এত বিশালতা ছিল না। কষ্ট করে টাকা জোগাড় করতে হতো। আমরা শিক্ষার্থীরা দলবেঁধে বুদ্ধিজীবী, শিল্পী-সাহিত্যিকদের কাছে চাঁদা চাইতে যেতাম। সে টাকা দিয়েই করতাম শোভাযাত্রার আয়োজন।’ বললেন চারুকলার দ্বিতীয় ব্যাচের ছাত্র মোহাম্মদ মেহেদী মাসুদ।তাহমিনা হাফিজ বললেন, ‘বৈশাখের এই সময়টায় চারুকলায় না এলে কেমন যেন লাগতে থাকে। আমাদের প্রাণের সঙ্গে জড়িয়ে আছে এই উৎসব। আরেকটা কথা বলি, মঙ্গল শোভাযাত্রায় যে আনন্দ হয়, তার চেয়ে বেশি আনন্দ হয় প্রস্তুতির সময়টায়।’ তাহমিনা হাফিজ ছিলেন চারুকলার ’৯৭-৯৮ ব্যাচের শিক্ষার্থী।এ সময় ভেসে আসে গানের সুর। এবার কিছুক্ষণের জন্য কাজে ইতি। সবাই ছুটে যান চারুকলার ব্যান্ড ‘ত্রিমাত্রা’র শিল্পীদের কাছে। দেশীয় বাদ্যের সুরে গান গেয়ে তাঁরা মুখর করে তোলেন উৎসব প্রাঙ্গণ। ১৩ এপ্রিল পর্যন্ত এভাবেই কাজ, আড্ডা, সংস্কৃতিসন্ধ্যা চলতেই থাকবে। পরের তারিখটিই ১৪ এপ্রিল। পয়লা বৈশাখ। উন্মুখ হয়ে আছে সবাই দিনটির স্পর্শ পাওয়ার জন্য।পাদটীকা: চারুকলার মঙ্গল শোভাযাত্রা আয়োজনের ইতিহাস খুব পুরোনো নয়। চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা একসময় অনুভব করলেন, বাংলার সমৃদ্ধ লোকজ সংস্কৃতির ছোঁয়া পাচ্ছে না নাগরিক জীবন। শহর-গ্রামের এই দূরত্ব কমিয়ে আনা দরকার। এমন একটি উৎসব করতে হবে, যা প্রতিবছর নির্দিষ্ট একটি দিনে আয়োজন করা হবে। পরবর্তী প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই গ্রাম-বাংলার লোকজ উৎসব মঙ্গল শোভাযাত্রাকেই বেছে নিলেন তাঁরা। ১৯৮৯ সাল থেকে প্রতিবছরই আয়োজন করা হচ্ছে এ শোভাযাত্রা। আয়োজনের মূল দায়িত্বে থাকেন স্নাতকোত্তর প্রথম পর্বের শিক্ষার্থীরা। প্রতিবছরই বাড়ছে শোভাযাত্রায় শরিক মানুষের সংখ্যা। নাচে-গানে-বাদ্যে সবাই এই দিনে যেন নিজেকেই খুঁজে পায়।