বরিশালের ব্রজমোহন কলেজে যখন পৌঁছলাম তখন দুপুর গড়িয়ে বিকেল। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে পথের খানাখন্দে জমে আছে জল। চারপাশে নেই শিক্ষার্থীদের সমাগম। বোঝা যায়, বৃষ্টির কারণে অনেকেই বের হয়নি ঘর থেকে। দোনামোনা করে প্রথমেই প্রবেশ করলাম মৃত্তিকা ভবনে। লাল ইটে ছাওয়া মস্ত এক দালান। কিছু শিক্ষার্থী জড়ো হয়ে আড্ডা মারছেন ভবনের নিচের বসার জায়গাটাতে। পরিচিত হওয়ার পর জানতে পারলাম, তাঁরা কেউ একই বিভাগের নন। শুনে অবাক হতেই তাঁরা জানালেন, ভিন্ন ভিন্ন বিভাগ থেকেও বন্ধু হওয়া যায়। বন্ধু হওয়ার জন্য বিভাগ কোনো বাধা নয়। এই বন্ধুদেরই একজন ইংরেজি বিভাগের ছাত্রী মৌরী। তিনি প্রায়ই বিকেলে আসেন এখানে। এ সময় ক্লাস থাকে না। পড়াশোনার চাপ না থাকলে বন্ধুদের সঙ্গে এ আড্ডাটা দেওয়া তাঁর চাই-ই চাই। বৃষ্টি দেখে টিউশনিতে যাননি অপর এক বন্ধু পাভেল। তিনি পড়াশোনা করছেন পদার্থবিজ্ঞানে। তাঁর বাবাও পড়াশোনা করেছেন এ কলেজে।বিশাল এলাকাজুড়ে কলেজটি। চারপাশের পরিবেশ অতি মনোরম। অনেক সমৃদ্ধ একটা ইতিহাস আছে এই কলেজ ঘিরে। অশ্বিনী কুমার দত্ত কলেজটি প্রতিষ্ঠা করেন। তাঁর চেষ্টায় অচিরেই দেশের অন্যতম একটি সেরা কলেজ হিসেবে পরিচিতি পায় ব্রজমোহন কলেজ। যদিও ফলাফলের দিক থেকে আগের চেয়ে অনেকটা পিছিয়ে এখনকার শিক্ষার্থীরা। নেই আগের মতো প্রতাপ। তাই তো পাভেল কিছুটা হতাশ হয়ে বললেন, ‘ঢাকার শিক্ষার্থীদের থেকে আমরা অনেক কিছুতেই বঞ্চিত। ভালো পড়াশোনা করেও চাকরির ক্ষেত্রে আমাদের নানা সমস্যায় পড়তে হয়। হতাশা থেকেই তাই ফলাফল খুব একটা ভালো হয় না।’ এটা অবশ্য মানতে নারাজ বাণিজ্য বিভাগের ছাত্র নাইম। তিনি বিশ্বাস করেন, পড়াশোনা করলে কেউ কখনো পিছিয়ে পড়ে না। পড়াশোনা প্রতিটা শিক্ষার্থীর নিজ নিজ ব্যাপার। কঠোর অনুশীলনের মাধ্যমে সব কাজেই জয় পাওয়া সম্ভব।সবার সঙ্গে কথা বলতে বলতে হাঁটতে লাগলাম আমরা। একসময় পৌঁছে গেলাম পুকুরঘাটে। কিছু শামুক চোখে পড়ল ঘাটের চারপাশে। পাশেই কবি জীবনানন্দ হল। ঘাটে বসেই আড্ডা শুরু হলো আবার। বন্ধু মিথুন জানালেন, ঢাকায় পড়ার অনেক ইচ্ছে ছিল তাঁর। কিন্তু ভর্তি পরীক্ষা ভালো না হওয়ায় পড়ার সুযোগ হয়নি। তবে এখানে পড়তে তাঁর ভালই লাগে।মৌরী বললেন, ‘অনেক অভিভাবকের ধারণা, মফস্বলের ছেলেমেয়েরা পড়াশোনায় অন্যদের থেকে পিছিয়ে আছে। এটা ভুল। চাকরিজীবনে তারা অনেক ভালো করছে।’ সবাই মেনে নিলেন তাঁর কথা। কথা বলতে বলতে বদলে যেতে লাগল প্রসঙ্গ। নানা বিষয় আর এর ভালো-মন্দ নিয়ে চলতে লাগল তর্ক আ আড্ডা। ভবিষ্যতে কে কী করতে চান এ কথা উঠতেই সবার আগে বললেন পাভেল। বিসিএস দিয়ে তিনি রাষ্ট্রদূত হতে চান। ঘুরে বেড়াবেন দেশ-বিদেশে। ঘুরতে তাঁর খুব ভালো লাগে। পাভেলের কথায় হেসে উঠলেন সবাই। পদার্থবিজ্ঞানে পড়ে এমন ইচ্ছে কেন বোঝা গেল না। তবে একটা ব্যাপারে কারও মতের পার্থক্য নেই, ভবিষ্যতে যিনি যেখানেই কাজ করুন না কেন, অবশ্যই তাঁরা ভালো কিছু করবেন। তাঁরা নিজের পরিবার ও দেশের জন্য কিছু করতে পারবেন। কথায় কথায় একসময় সন্ধে হয়। আঁধার নেমে আসে চারপাশে। ফুরিয়ে আসে সময়। দারুণ একটা আড্ডা শেষ হয়। ভবিষ্যতে ভালো কিছু একটা করার ব্রত নিয়ে বাড়ির পথ ধরেন সবাই।