চলো পরিবেশ বাঁচাই
অস্বাস্থ্যকর পরিবেশ! এটি নিশ্চয় এখন একটি সাধারণ বিশেষণ বাংলাদেশের জন্য? কিন্তু এই বিশেষণটাকে আর বাংলাদেশের নামের পাশে রাখতে চান না তরুণ দুই পরিবেশকর্মী জান্নাত নাঈম ও ইয়াসির আরাফাত। বদলে দিতে চান পরিবেশ। আর এ নিয়ে শুরু করেছেন গবেষণা। তাঁদের এই ভাবনাকে স্বাগত জানিয়ে ‘অ্যাসোসিয়েশন অব আমেরিকান জিওগ্রাফার’ তাঁদের দিয়েছে ফেলোশিপ। এর অংশ হিসেবে গত ১৭ থেকে ২৭ ফেব্রুয়ারি নেপালে ইউএসএআইডি এবং নাসার সহযোগিতায় ‘অ্যাসোসিয়েশন অব আমেরিকান জিওগ্রাফার’-এর আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক কর্মশালায় বাংলাদেশের প্রতিনিধি হয়ে তাঁরা অংশ নেন।বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইয়াসির আরাফাত। প্রকৌশল বিষয়ে পড়লেও বেশ আগ্রহী প্রকৃতি ও পরিবেশ নিয়ে। এ জন্য গবেষণায় বেছে নিয়েছেন বাংলাদেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রামের পাহাড়ধসের কারণ ও প্রকৃতি। আর বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের নারীদের সামাজিক অবস্থান ও স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে কাজ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষার্থী জান্নাত নাঈম।১০ দিনের এই আন্তর্জাতিক কর্মশালায় নেপালের পাহাড়ি এলাকার নানা প্রকল্প গভীরভাবে দেখার সুযোগ করে দিয়েছিল এই দুজনকে। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের সঙ্গে নেপালের বেশ মিল খুঁজে পান জান্নাত। তিনি বলেন, ‘দুই দেশের পাহাড়ি অঞ্চলের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রা প্রায় একই ধরনের। নেপালের পাহাড়ের জীবনযাত্রা উন্নয়নের অভিজ্ঞতা বাংলাদেশ বেশ কাজে লাগাতে পারে।’ আর পাহাড়ধস মোকাবিলায়? এমন প্রশ্নে আরাফাত বলেন, ‘বাংলাদেশের প্রতিবছর বর্ষাকালে চট্টগ্রামে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যায়। আমার বাড়ি চট্টগ্রাম বিভাগে। তাই আমি দেখেছি, কীভাবে মানুষ পাহাড়গ্রাসী হয়। কিন্তু নেপালের পাহাড় ব্যবস্থাপনা আমাকে নতুনভাবে ভাবিয়েছে, যা সত্যি কাজে লাগানোর মতো।’দুজনের সঙ্গে কথোপকথনে উঠে এল কর্মশালার সময়কার বিভিন্ন ভ্রমণ, বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে মতবিনিময়ের কথাও। কর্মশালার সঙ্গে দিনব্যাপী ভ্রমণ যে অসাধারণ ছিল, তা বোঝা যায় আরাফাতের কথাতেই, ‘আরেকটি জায়গার কথা না বললেই নয়, সেটা হলো, “নলেজ ম্যানেজমেন্ট পার্ক”। পাহাড়ের ওপর একটি জায়গা, যেখানে অ্যাপ্লাই করা হয়েছে সেসব পদ্ধতি, যা পাহাড়ের জন্য মঙ্গলজনক। বিজ্ঞান যে প্রকৃতি এত সুন্দরভাবে সাহায্য করতে পারে, তা এই জায়গা না দেখলে বোঝা যাবে না।’ ‘হ্যাঁ, সত্যি অসাধারণ’ জায়গাটি! আরাফাতের কথায় সায় মেলে জান্নাতের। এখন আরও আত্মবিশ্বাসী তিনি ‘আমার গবেষণায় নতুন ভাবনা যুক্ত করল এই কর্মশালা। আশা করছি এর সুফল ধরা দেবে গবেষণায়।’