চলো পরিবেশের বন্ধু হই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম আশ্চর্যে ঠাঁই পাবে বাংলাদেশের সুন্দরবন—এ স্বপ্নে বিভোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার তরুণ—বাবু, জসিম, পাঁপন ও কিবরিয়া। শুরু করে দিলেন ভোট সংগ্রহ অভিযান। এ নিয়ে কাজ করতে গিয়ে তাঁদের মনের ভেতরে উঁকি দিল পরিবেশ নিয়ে ভাবনার। এরপর পরিবেশ বিপর্যয় রোধে সচেতনতা সৃষ্টির জন্য কাজ শুরু করলেন। প্রথমে অনেকটাই হতাশ হয়েছিলেন তাঁরা। এগিয়ে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোকাদ্দেম হোসেন। তারপর ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক কামরুল হাসান ও মাসুদ কামাল। গ্রিন বেল্ট ট্রাস্ট নাম নিয়ে যাত্রা করল পরিবেশবন্ধুদের এই খুদে দলটি।‘পৃথিবীর প্রাণপ্রবাহ বাঁচাতে হলে, সবার আগে পরিবেশ বাঁচাও’ এই মন্ত্রটি ধারণ করে এগিয়ে চলল তাদের পথচলা। পরিবেশবন্ধুদের খুদে দল থেকে এক ঝাঁঁক হতে তাদের আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। আরিফ, জাহিদ গিয়াস, মুন্নী, ইভা, বনি, সেলিম, রুনা, সাইদ, সুমী—সবাই এসে যোগ দিলেন এ দলে, ‘নদী বাঁচাও’ নিয়ে করল মানববন্ধন। ঢাকা মহানগরকে কীভাবে সুন্দর করা যায়, তা নিয়ে হলো সেমিনার। গ্রিন বেল্টের পরিবেশবন্ধু বাবু জানালেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে পরিবেশ রক্ষার এ আন্দোলন তাঁরা ছড়িয়ে দেবেন সারা বাংলাদেশে।পরিবেশবন্ধুদের তেমনই একটি আয়োজন ছিল ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত ভূমিকম্পে সচেতনতা ও করণীয়বিষয়ক সেমিনার ও আলোকচিত্র প্রদর্শনীর। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। কামরুল হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মাকসুদ কামাল এবং আলোচনা করেন অধ্যাপক মোকাদ্দেম হোসেন, অধ্যাপক শরিফুল ইসলাম, আবু নাসের ও আবু নাঈম শহীদুল্লাহ।পরিবেশবন্ধু জসিম কাতাবী বলেন, ‘আমরা অনেকেই জানি না, ভূমিকম্প হলে কী কী করতে হয়। শুধু সেমিনার নয়, তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে পর্যায়ক্রমে ভূমিকম্প হলে কী করতে হবে, তা নিয়ে মহড়ার আয়োজন করব।’ বাবু, জসিম, পাঁপন ও কিবরিয়া বলেন, প্রকৃতিকে রোধ করার ক্ষমতা আমাদের নেই, তবে প্রকৃতিকে বন্ধু তো আমরা বানাতেই পারি, তাই না?