
চোখে দৃঢ় আত্মবিশ্বাস আর বুকে ওঁদের অসীম সাহস। হেঁটে আসছেন দুরন্তগতিতে। ভারী অস্ত্র কাঁধে সবার। সুশৃঙ্খল প্রতিটি পদক্ষেপ। কাছে না এলে দেখে বোঝাই যায় না যে তাঁরা সবাই নারী। আট লাইনে দাঁড়িয়ে আছেন মোট ৮৭৮ জন নারী সৈনিক।
টানা এক বছর প্রশিক্ষণ শেষে গত ২৯ জানুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজে দেশের প্রথম নারী সৈনিক হিসেবে দায়িত্ব নিয়েছেন তাঁরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দেশ রক্ষার প্রয়োজনে যেকোনো বিপদে কাজ করার শপথ নিলেন এই নারী সৈনিকেরা।

কথা হলো আদিবাসী পরিবারের মেয়ে সুমি মইখ্যাংয়ের সঙ্গে। ময়মনসিংহে তাঁর বাড়ি। কুচকাওয়াজ দেখতে মা-বাবা কেউ আসেননি বলে একটু মন খারাপ। তবু বলেন, ‘আমার একা একটা ছবি তুলে দেন।’
কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শেষে কথা হয় লিজা আক্তারের সঙ্গে। লিজা জানান, সব জেনেই তাঁরা কঠিন কিন্তু গৌরবজনক এ পেশা বেছে নিয়েছেন। ‘প্রথম যেদিন অস্ত্র হাতে নিই, সেদিন খুব ভয় করছিল। কিন্তু পরে উত্তেজনা কাজ করেছিল যে আমার হাতে দেশ রক্ষার অস্ত্র। এ জন্য যদি জীবন দিতে হয় তাও পিছপা হব না।’ বললেন লিজা আক্তার।
কুচকাওয়াজ শেষে প্যারেড গ্রাউন্ডের পাশের মাঠে পরিবারের সদস্যদের সঙ্গেও আলাপ করেন অনেক সৈনিক। এদেরই একজন খুলনার মেয়ে আইরিন খাতুন। জানালেন শারীরিক প্রশিক্ষণের মধ্যে তাঁদের ১৫ বার পুশ-আপ, তিন কিলোমিটার পর্যন্ত দৌড়ানোসহ বিভিন্ন কৌশল অভ্যাস করতে হয়। এ ছাড়া বন্দুক চালানোর প্রশিক্ষণও নিয়েছেন তাঁরা। আরেক সৈনিক সামিরা আক্তার যোগ করেন, ‘প্রথমে দু-তিনটা পুশ-আপ করতেই হাঁপিয়ে উঠতাম। কিন্তু এখন একটানাই ১৫টি পুশ-আপ করতে সমস্যা হয় না।’ অন্যদিকে শুরুতে গুলি চালানোর প্রশিক্ষণে ভয় পেলেও এখন সেটি কেটে গেছে। দুই বছরের প্রশিক্ষণ শেষে তাঁরা বিভিন্ন সেনানিবাসের সামরিক হাসপাতালগুলোতে চিকিৎসকদের সহযোগী হিসেবে কাজ করবেন। এ জন্য শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি মৌলিক বিষয়গুলোও পড়ছেন।

ফাতেমা তাঁর মায়ের কোলে বসে হাসছেন দেখে কাছে গেলাম। তাঁর মা বললেন, ‘বাবার ইচ্ছা ছিল মেয়ে চিকিৎসক হবে, কিন্তু মেয়ে তাঁর ইচ্ছাই পূরণ করেছে। সৈনিক হয়েছে।’
প্রশিক্ষণের শুরুতে যেদিন নিজেদের লম্বা চুল ছেঁটে ছেলেদের মতো করে কাটা হয়, সেদিন অনেকেই নাকি কেঁদেছিলেন, বলছিলেন মাছিয়াতুর রহমান। জানালেন, এখন আর কারও নতুন ধরনের এ কাটে কোনো অস্বস্তি নেই।
প্যারেড গ্রাউন্ডে সন্তানদের কুচকাওয়াজ দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁদের পরিবারকে। মনোমুগ্ধকর সে প্রদর্শনী দেখে করতালি দিয়ে বারবার নিজেদের সে উচ্ছ্বাস প্রকাশ করেন এই সৈনিকদের অভিভাবকেরা। রহিমা খাতুন ও আশরাফুল তাঁদের মেয়েকে জড়িয়ে আনন্দ প্রকাশ করেই বললেন, ‘মেয়ের এ সাফল্যে আমরা গর্বিত।’ প্রথম নারী সৈনিকদের নিয়ে এ গর্ব তো আসলে সবারই।
