চল্লিশ লাখ টাকা রাজস্ব আয় তবু বাজারের উন্নয়ন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নালা না থাকায় পদুয়া তেওয়ারীহাটের সড়ক কাদা-পানিতে একাকার থাকে  প্রথম আলো
নালা না থাকায় পদুয়া তেওয়ারীহাটের সড়ক কাদা-পানিতে একাকার থাকে প্রথম আলো

লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারীহাট ইজারা দিয়ে সরকার চলতি বছর রাজস্ব আয় করেছে ৪০ লাখ টাকা। গত বছর আয় করেছে ২৫ লাখ টাকা। এভাবে প্রতিবছর বিপুল টাকা আয় করলেও বাজারের উন্নয়নে কোনো ব্যবস্থা নেননি কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে উন্নয়ন বা সংস্কার না হওয়ায় হাটটির ক্রেতা-বিক্রেতারা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।
ব্যবসায়ী ও ক্রেতারা জানান, কম দামে চালসহ বিভিন্ন শাকসবজি, মাছ, মাংস, গরু, ছাগল ও গৃহস্থালি পণ্যের জন্য তেওয়ারীহাটের সুনাম রয়েছে। সপ্তাহে দুই দিন—রবি ও বুধবার নিয়মিত হাটের দিন হলেও অন্যদিনগুলোতেও প্রচুর ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে এ হাটে। এ রকম গুরুত্বপূর্ণ হাটটির প্রতি প্রশাসনের কোনো নজর নেই।
সরেজমিন দেখা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার সড়কসংলগ্ন পদুয়া তেওয়ারীহাটে স্থায়ী-অস্থায়ী মিলে হাজারের বেশি দোকান রয়েছে। বেশির ভাগ দোকানেরই ছাউনি নেই। কাঁচা তরকারি, হাঁস-মুরগিসহ অস্থায়ী বিক্রেতাদের বসার সুবিধাও নেই বাজারে। বাজারের ভেতর পানি ও আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বাজারের মূল সড়কসহ অভ্যন্তরীণ সংযোগ সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ, অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কার না হওয়া এবং পানিনিষ্কাশনের জন্য নালা-নর্দমা না থাকায় পুরো বাজারই কাদা-পানিতে একাকার হয়ে থাকে। ময়লা-আবর্জনা ফেলার জন্য স্থায়ী ডাস্টবিন না থাকায় অনেকে ময়লা-আবর্জনাগুলো নিজ নিজ দোকানের আশপাশে ফেলে রাখে। পর্যাপ্ত নলকূপ না থাকায় দোকানিরা পানির কষ্টে ভুগছেন। বর্ষাকালে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ চরমে ওঠে। তাঁরা অভিযোগ করেন, ২০০৮ সালের পর থেকে এ হাটের কোনো উন্নয়ন হয়নি। বিষয়টি জনপ্রতিনিধি ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েও কোনো ফল হয়নি।
দালাল চক্রের কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলেও অভিযোগ পাওয়া গেছে। চরম্বা ইউনিয়ন থেকে আসা সবজি বিক্রেতা মোহাম্মদ শেখ জানান, তাঁর মতো সাধারণ বিক্রেতারা নিজের খেতে উৎপাদিত সবজি বাজারে এনে দালালদের কাছে তা কম দামে বিক্রি করতে বাধ্য হন।
ব্যবসায়ী মো. সোলাইমান অভিযোগ করেন, বাজারে প্রকাশ্যে টোল আদায়ের তালিকা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। ইজারাদার ইচ্ছামতো টোল আদায় করেন। অভিযোগ অস্বীকার করে ইজারাদার শহীদুল ইসলাম বলেন, কোনো বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে না। জানতে চাইলে পদুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী বলেন, ইজারা বাবদ পাওয়া টাকা থেকে মাত্র ৫ শতাংশ বরাদ্দ রয়েছে বাজারের উন্নয়নের জন্য। এ টাকা দিয়ে কার্যকর উন্নয়ন করা সম্ভব নয়। এ জন্য বিশেষ বরাদ্দ প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজনূর রহমান প্রথম আলোকে জানান, শিগগিরই উপজেলা বাজার কমিটির সভা ডেকে তেওয়ারীহাটের মূল সড়কসহ অবকাঠামো উন্নয়নের ব্যবস্থা করা হবে।