চশমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

রাফসান বলেছিল, মানচিত্র ধরে ৬৪ মাসে ৬৪ জেলায় বেড়াতে নিয়ে যাবে। সপ্তাহে এক দিন বিকেলবেলায় হাঁটতে যাব। একটা অ্যাকুয়ারিয়াম কিনব দুটি বাচ্চা কচ্ছপের জন্য। ছাদে একটা কবুতর পালার ঘর বানাব। এমন আরও কত কি!

শেষতক এসবের কিছুই আর হয়নি।

আমার অবশ্য রাগ নেই। মানুষটা চেষ্টা করে সবার মন বুঝে চলার। বাজারের দোকানটা চোখে চোখে রাখতে হয়, গ্রামের জমির ফসলের খবর নিতে হয় তাকেই।   

রাফসানের চশমার দোকানটা ওর আস্তানা। একদম বাজারের শুরুতেই বিরাট কলেবরে সাজানো ওর সাধের দোকান। কর্মচারী আছে মোট ছয়জন। সবাই কমবেশি লতাপাতায় আত্মীয়। নরসিংদীর গ্রাম থেকে হয়তো কাজের খোঁজে এসেছে। কর্মঠ-সৎ মনে হয়েছে, রাফসান তাকে রেখে দিয়েছে।

হুট করে কোনো বিকেলে হয়তো ঝালমুড়ি মাখাই, লাচ্ছি বানাই। বক্স-বোতলে ভরে ফুটপাত দিয়ে হেঁটে রাফসানের দোকানে চলে যাই। ভ্রু কুঁচকে ও বিরক্তি দেখালেও ওর কর্মচারীরা অনেক খাতির করে। আমরা নিচু স্বরে সহজ সহজ কথা বলি। একেকটা চশমার ফ্রেম ট্রায়াল দিই আর ছবি তুলি। নতুন কোন সানগ্লাসটা এল দেখি। 

ওর চশমার বড় দোকানটায় নিয়মিত একজন চোখের ডাক্তার বসেন। নাম ডাক্তার শরীফ। তিনি চোখের ডাক্তার এবং বিরাট পাওয়ারওয়ালা চশমা পরা মানুষ। তিনিও লতাপাতায় রাফসানের মামা হন। আমাকে কেমন জানেন বলতে পারি না। তবে দোকানে আমার উপস্থিতি টের পেলে মাঝেমধ্যে ডেকে পাঠান। ভদ্রলোক কেমন পাথর টাইপ মানুষ যেন। এক–দুই শব্দে আমাদের খোঁজখবর নেন। আমি ফরফর করে চূড়ান্ত খুচরা কথা বলি। তিনি মুখ শক্ত করে হাসেন। 

সন্ধ্যায় যখন ফিরি, ছোট যে ছেলেটা চশমা মেরামত করতে শিখছে, সে আমাকে এগিয়ে দেয়। রাফসানের হাত ধরে আমি কিরা কাটি, একান্ত প্রয়োজন ছাড়া আর যাব না ওর দোকানে। এক-দেড় মাসের মাথায় কসম ভুলে আবার হানা দিই ওর আস্তানায়! 

আসলে ওর দোকানটার জন্য আমার বিশেষ মায়া আছে। আমাদের যৌথ জীবনের পেছনে এই দোকান মূল ভূমিকা পালন করেছে। রাফসানের যদি চশমা নিয়ে কারবার না থাকত, আর আমি যদি একজন সফল চশমাভাঙা বালিকা না হতাম, তাহলে হয়তো আমাদের দেখাই হতো না। যাবতীয় স্বপ্ন ওর চশমার দোকানটাকে ঘিরে। একসময় চশমা বানানোর একটা সুন্দর কারখানা দেবে, সেই কারখানার নাম হবে ‘গ্যালিলিও’। কারখানার দরজায় জনাব গ্যালিলিওর একটা ছবি টাঙানো হবে। চশমার কারিগরসহ সব অধস্তনের সপ্তাহে এক দিন ‘অন্ধদের জীবন’–সংক্রান্ত প্রামাণ্যচিত্র দেখানো হবে। এতে করে সবাই মন থেকে অনুধাবন করতে পারবে কত মহান একটা কাজের সঙ্গে তারা যুক্ত। তাদের কাজের প্রতি ভালোবাসা বাড়বে। 

আসলে ব্যবসা নিয়ে রাফসানের পরিকল্পনা সব আমার জিবের আগায় আছে। তা–ও শুনতে চাই। আমার ভালো লাগে। মানুষটা এত বেশি স্বপ্নবাজ যে প্রতিবারই পরিকল্পনার কিছু না কিছু বদলে যায়। আমার মনে হয়, অবাস্তব ধরনের স্বপ্ন দেখাও একটা প্রতিভা। সবাই আকাশকুসুম স্বপ্ন দেখতে জানে না। 

আমিও ব্যবসা বুঝি না। বুঝি রাফসানের চশমার একটা দোকান আছে। বিদেশ থেকে চালান এলে সবচেয়ে সুন্দর ফ্রেমটা সে পছন্দ করে আমার জন্য তুলে রাখে। জীবনের অপূর্ণতাগুলো এতেই তো পূর্ণ হয়ে যায়।   

জুয়াইরিয়া জাহরা হক 

মিরপুর, ঢাকা।