চশমা-বিভ্রান্তি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যখন স্কুলে পড়তাম তখন আমার চোখে মোটা কাচের হাই পাওয়ারের চশমা দেখে কেউ কেউ আমাকে মহা মেধাবী ভেবে বসত। ব্যাপারটা খারাপ লাগত না, বেশ উপভোগ করতাম। অবশ্য পরবর্তী সময়ে ফলাফল প্রকাশের পর আমার মান-সম্মানের বারোটা বেজে যেত। যা-ই হোক, একদিন আমার চশমাটার একটা ডাঁটি ভেঙে নালায় পড়ে গেল। এমনই জায়গায় পড়েছিল যে উঠিয়ে যে চশমাটার একটা গতি করব, তারও উপায় ছিল না। সেবার খুব আগ্রহ নিয়ে হালকা ফ্রেমের ঝকমকে চশমা নিয়েছিলাম। প্রিয় চশমাটা ভেঙে যাওয়ায় ওটার শোকে আমার রীতিমতো কান্না পাচ্ছিল। আর চশমা ছাড়া তো আমি সবকিছু দেখেও দেখি না, এমন অবস্থা। ঝাপসাভাবেই ভাসা ভাসা চোখে বাকি ক্লাসগুলো করে ছুটির পর কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে রিকশা ঠিক করলাম। আমি সে সময় একটু দূরে দাঁড়িয়ে ছিলাম। সঙ্গে আমার বান্ধবীরাও ছিল। কিন্তু রিকশায় ওঠার পর দেখি, রিকশাওয়ালা আর আমার বান্ধবী সমানে হাসছে। আমি তো অবাক। তখন রিকশাওয়ালা বলে, ‘আপা, কই যাবেন?’ আমি একটু রেগেই বললাম, ‘কেন? এতক্ষণ যে জায়গা, ভাড়া সবই ঠিক করলাম, আর এখন আপনি জিজ্ঞেস করছেন, কোথায় যাব? বড়ই আজব।’ এবার আমার বান্ধবী মহোদয়া মুখ খুললেন, ‘আরে গাধা, তুই তো সামনের রিকশাটা ঠিক করেছিলি, আর এসে উঠেছিস পেছনের রিকশায়।’ এই বলে দুজনের আবার হি হি মার্কা হাসি শুরু।দৃষ্টি, হলিক্রস কলেজ, ঢাকা