চশমাবিভ্রাট এবং একজন মায়াময়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খুব সাহস করে নেমে পড়লাম সমুদ্রে। চোখে চশমা নেই। চশমা সৈকতের বেঞ্চে রেখে এসেছি। চশমা ছাড়া আমি কাছের জিনিস দেখতে পাই। তবে দূরের সবকিছুই ঝাপসা দেখি। মানুষজনের চেহারা বুঝতে পারি না। আলোও বড্ড চোখে লাগে। সমুদ্রে নামার সময় মাথায় অত চিন্তা ছিল না। বন্ধুরা তো আছেই। তারা দেখবে আমাকে। কিন্তু সমুদ্রের সৌন্দর্য, উন্মত্ততা সবার মাথা খারাপ করে দেয়। আমাদেরও একই অবস্থা হলো।
হঠাৎ বুঝতে পারলাম এত ভিড়ের মধ্যে বন্ধুদের কাউকে খুঁজে পাচ্ছি না। কয়েকটা বেঞ্চ ঘুরেও কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারলাম না। অবশেষে হোটেলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু পথ খুঁজে পেলাম না। হতাশ হয়ে সৈকতে বসে রইলাম। মনে হলো এই পৃথিবীতে আমার চেয়ে অসহায় আর কেউ নেই।
একটা মেয়েলি কণ্ঠ শুনে সচকিত হলাম। মেয়েটা বলল, ‘কিছু মনে করবেন না, আমি অনেকক্ষণ ধরে লক্ষ করছি আপনি এলোমেলোভাবে হাঁটছেন। কোনো সমস্যা?’
আমি নিচু গলায় বললাম, জি, চশমা ছাড়া আমি দূরের জিনিস দেখতে পারি না। তাই সমস্যায় পড়েছি।
‘কোন হোটেলে উঠেছেন আপনি?’
আমি হোটেলের নাম বললাম।
মেয়েটি বলল, ‘চলুন আপনাকে পৌঁছে িদই।’
হাতটা বাড়িয়ে দিল সে। নরম একটা হাত। শক্ত করে না ধরলেও চলত। তবু সে তার কোমল হাত দিয়ে আমাকে কঠোরভাবে ধরল। আমাকে পুরোপুরি অন্ধই ভেবেছিল হয়তো। গল্পও হলো আমাদের অনেক। আমার কথা শুনে সে মুগ্ধ হলো কি না জানি না। তবে মেয়েটার মুখে হাসি ফুটল অনেকবার। তার হাসিটা ছিল রিনরিনে, অদ্ভুত। অনেকটা প্রতিধ্বনির মতো বারবার কানে বাজতে থাকে।
মেয়েটা আমাকে চশমা ছাড়া কোনো কাজ করতে কঠিনভাবে নিষেধ করল। হোটেলে পৌঁছালাম। মেয়েটা ধন্যবাদের অপেক্ষা না করে দ্রুত চলে গেল।
চশমা ফিরে পাওয়ার পর কক্সবাজারের অনেক জায়গায় তার খোঁজ করলাম। কিন্তু পেলাম না। তার চেহারাটা অল্পবিস্তর মনে আছে। মায়াবী একটা মুখ, হাসলে গালে টোল পড়ে, কথা বলার সময় সে বাঁ দিকে একটু হেলে পড়ে। আর পৃথিবীর সবচেয়ে কোমল হাতটি তার। কে জানে, হয়তো সবচেয়ে কোমল হৃদয়টাও।
রিয়াজুল আলম, খুলনা।