চা উৎপাদন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির বাগানগুলোতে চা উৎপাদন বাড়ছে। ২০১১ সালে এর আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি চা উৎপাদিত হয়েছে। সময়মতো বৃষ্টিপাত হওয়া এবং পোকামাকড়ের আক্রমণ না থাকায় চা উৎপাদন বাড়ছে বলে জানান বাগানের ব্যবস্থাপকেরা।চা সংসদ সূত্রে জানা যায়, উপজেলার ১৭টি বাগানে ২০১০ সাল চা উৎপাদিত হয়েছিল ৫২ লাখ ৭২ হাজার ৩৬৩ কেজি। চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৯৮ হাজার ৯৪৫ কেজিতে। এ ছাড়া ২০১১ সালে সারা দেশে পাঁচ কোটি ৯৬ লাখ ৭০ হাজার কেজি চা উৎপাদিত হয়, যার ১০ শতাংশ চা ফটিকছড়ি থেকে জোগান দেওয়া হয়েছে।বাংলাদেশ চা সংসদ চট্টগ্রাম শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও আছিয়া চা-বাগানের ব্যবস্থাপক মমতাজুল হাসান বলেন, ফটিকছড়ির বাগানগুলোতে চা উৎপাদন বাড়ছে। ফটিকছড়িতে চা-শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ শিল্পের বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নিলে চা-উৎপাদন আরও বাড়ানো সম্ভব। বাগান ব্যবস্থাপকেরা জানান, প্রায় সব বাগানে এখন নিজস্ব সেচের ব্যবস্থা করা হয়েছে। ফলে এখন আর প্রকৃতির ওপর নির্ভর করতে হচ্ছে না। তার পরও এবার সময়মতো বৃষ্টিপাত হয়েছে, ঠিক সময়ে গাছে কুঁড়ি এসেছে। পোকামাকড়ের আক্রমণও ছিল না।কৈয়াছড়া চা-বাগানের ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন বলেন, ‘উপজেলার ১৭টি চা-বাগানে এবার গড়ে ৯ থেকে ১০ শতাংশ বেশি চা উৎপাদিত হয়েছে, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। এটি অব্যাহত রাখতে পারলে ভালো হবে।’কর্ণফুলী চা-বাগানের ব্যবস্থাপক মো. লুৎফুর রহমান বলেন, ‘এবার বিদ্যুতের অবস্থা ভালো ছিল। ফলে চা-পাতা শুকাতেও কোনো সমস্যা হয়নি। তবে গ্যাস-সংযোগ পেলে উৎপাদন আরও বাড়বে।’