
গত বছর ৬০ লাখ কেজি চা উৎপাদিত হয়েছিল ফটিকছড়ি উপজেলার ১৭টি বাগানে। চলতি বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ লাখ কেজি। তবে এবার পর্যাপ্ত বৃষ্টি ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে ১০ থেকে ১৫ শতাংশ চা বেশি উৎপাদনের আশা করছেন বাগানের ব্যবস্থাপকেরা।
বাগান-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০১৫ সালে সারা দেশে ৬ কোটি ৭০ হাজার কেজি চা উৎপাদিত হয়েছে, যার ১০ শতাংশ ফটিকছড়ির বাগানগুলো থেকে জোগান দেওয়া হয়েছে। চা উৎপাদনের মৌসুম ধরা হয় মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত।
বাগান ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চা-বাগানগুলোতে কয়েক বছর ধরে পানি সেচের নিজস্ব ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এর আগে প্রকৃতির ওপর নির্ভর করতে হতো। আধুনিক প্রযুক্তিতে কৃত্রিম সেচ ব্যবস্থার ফলে উৎপাদন বাড়ছে। অবশ্য যথাসময়ে বৃষ্টি না হলে চা–গাছে কুঁড়ি বের হয় না। চলতি বছরের মার্চ থেকে কিছুদিন অন্তর অন্তর পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় সঠিক সময়ে কুঁড়ি বের হয়েছে। এর ফলে উৎপাদনে কোনো ব্যাঘাত হবে না, বরং অন্য সময়ের তুলনায় বাড়বে।
আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, চলতি বছর মার্চ থেকে কিছুদিন পর পর চট্টগ্রামে ভালো বৃষ্টি হয়েছে, যা পুরো খরা মৌসুম পর্যন্ত অব্যাহত ছিল। এ ধরনের বৃষ্টিপাত চা-বাগানগুলোর উৎপাদনের জন্য অনুকূল। লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার আশা পোষণ করে হালদা ভ্যালি চা-বাগানের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘কর্তৃপক্ষের নিজস্ব সেচব্যবস্থা থাকায় চা-উৎপাদন বাড়ছে। আমাদের বাগানে গত বছরের তুলনায় অন্তত ১০ থেকে ১৫ শতাংশ চা বেশি উৎপাদন হবে।’ একই কথা বলেন কৈয়াছড়া চা-বাগানের ব্যবস্থাপক মো. শফিকুল আলমও।
সরেজমিনে কয়েকটি বাগান ঘুরে দেখা গেছে, চা-বাগানগুলোতে উৎপাদন চলছে পুরোদমে। সকাল থেকে বিকেল পর্যন্ত কুঁড়ি সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন বাগানের নারী শ্রমিকেরা। বাগান থেকে তোলা পাতা জমা করছেন বাগানে শেডে।
বাগানের কর্মকর্তারা জানান, বিদ্যুতের অবস্থাও আগের চেয়ে উন্নত হওয়ায় চা-পাতা শুকানোতেও কোনো ঝামেলা হচ্ছে না।
কর্ণফুলী চা-বাগানের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের লোডশেডিং আগের চেয়ে কমেছে। তবে সংকট এখনো আছে। সবকিছু অনুকূলে থাকলে প্রতিবছরই চা-উৎপাদন বাড়ানো যেত।
একটি চা-বাগানের ব্যবস্থাপক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফটিকছড়িতে চা-শিল্পের ব্যাপক সম্ভাবনা আছে। কিন্তু কোনো সরকারই এ শিল্পের বিকাশে যথাযথ উদ্যোগ নেয়নি। তিনি দাবি করেন, এ শিল্পের বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নিলে চা বিভিন্ন দেশে রপ্তানি করা যেত।
বাংলাদেশ চা-সংসদ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ও আছিয়া চা-বাগানের ব্যবস্থাপক মমতাজুল হাসান বলেন, এবার খরা ও কুয়াশা না থাকায় পোকামাকড়ের আক্রমণ নেই। পর্যাপ্ত সেচের কারণে মাটির উর্বরতা শক্তিও বৃদ্ধি পেয়েছে। ফলে চায়ের উৎপাদন বাড়ছে।