ট্যাক্সিতে করে যাচ্ছিলেন শফিক সাহেব। যেতে যেতে বেশ খানিকটা ঘুমিয়েও নিলেন তিনি। ঘুম ভাঙলে পথের পাশে একটা ফলের দোকান দেখে হঠাৎ তাঁর মনে পড়ল, বাড়ি যাওয়ার সময় গিন্নি ফল নিয়ে যেতে বলেছেন। তিনি ট্যাক্সিচালকের কাঁধে পেছন থেকে আলতো করে টোকা দিয়ে বললেন, ‘ডানে একটু রাখো তো।’সঙ্গে সঙ্গে কী যেন ভূত চেপে বসল চালকের মাথায়! ‘ও মাগো বাবা গো’ বলে চালক ট্যাক্সি নিয়ে ফুটপাথের ওপর উঠে গেল। পাশের ফলের দোকান, কাপড়ের দোকান, আরও দু-চারটা দোকান গুঁড়িয়ে দিয়ে অবশেষে একটা ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে থামল গাড়িটা। একটু সুস্থির হলে আমতা আমতা করে বললেন শফিক সাহেব, ‘দুঃখিত, আমি তোমাকে চমকে দিতে চাইনি!’ কাতর কণ্ঠে চালক বলল, ‘আপনার কোনো দোষ নেই, স্যার। আমি তো আজই প্রথম ট্যাক্সি নিয়ে বের হলাম, আগে অন্য চাকরি করতাম। আমার পুরোনো চাকরিটাই এই দুর্ঘটনার জন্য দায়ী।’শফিক সাহেব বললেন, ‘কেন? কী চাকরি করতে তুমি?’উত্তরে চালক বলল, ‘স্যার, আমি ৩০ বছর লাশ বহনের চাকরি করেছি!’একটি বহুজাতিক সংস্থায় নতুন নিয়োগ পেয়েছে সোহেল। চাকরি পেলে কী হবে, কোনো কাজই সে ঠিকমতো করতে পারে না। সব কাজই গুবলেট পাকিয়ে ফেলে। বিরক্ত হয়ে সংস্থাটির প্রধান কর্তাব্যক্তি ডেকে পাঠালেন সোহেলকে। বললেন, ‘ভেবেছ কী তুমি! এত সহজে পার পেয়ে যাবে? তোমার সব খোঁজখবর আমি নিয়েছি এবং জানতে পেরেছি, চাকরির সাক্ষাৎকারের সময় তুমি যেসব তথ্য দিয়েছ, সব ভুয়া। তুমি বলেছ, তোমার পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা আছে। আসলে এটাই তোমার প্রথম চাকরি! বলো, কেন এমন মিথ্যাচার করেছ?’ ‘স্যার, চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে তো আপনারাই লিখেছেন, আপনারা এমন লোক চান, যাঁর কল্পনাশক্তি প্রবল!’বিনয়ের সঙ্গে বলল সোহেল।নতুন চাকরি পেয়েছে রফিক। প্রথম দিন অফিসে গিয়েই আরাম করে চেয়ারে হেলান দিয়ে বসল। ইন্টারকম হাতে তুলে নিয়ে সুইচ টিপে বলল, ‘জলদি আমার জন্য এক কাপ কফি পাঠাও তো।’ওপাশ থেকে একজন ধমকের স্বরে বলল, ‘তুমি জানো, কার সঙ্গে কথা বলছ? আমি এ অফিসের ম্যানেজার।’‘আপনি জানেন, আপনি কার সঙ্গে কথা বলছেন?’ সমান তেজে বলল রফিক।ওপাশ থেকে, ‘না তো।’রফিক: যাক বাবা, বাঁচলাম!একটি বহুজাতিক কোম্পানির চাকরির জন্য আবেদন করেছে মামুন। যথাসময় ডাক পড়ল তার।ইন্টারভিউ বোর্ডের কর্মকর্তা দীর্ঘক্ষণ ধরে মামুনের শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র দেখলেন। তারপর হাসিমুখে বললেন, ‘বাহ্! তোমাকে তো কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই। তোমার জন্য আমাদের কোম্পানির দরজা খোলাই আছে!’আনন্দে আত্মহারা হয়ে মামুন বলল, ‘ওহ্! ধন্যবাদ, স্যার।’কর্মকর্তা বললেন, ‘তুমি বোধ হয় আমার কথা ঠিক বুঝতে পারোনি। আমি বেরিয়ে যাওয়ার দরজার কথা বলছি!’স্বামী যাবে নতুন এক চাকরির জন্য ইন্টারভিউ দিতে। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এদিকে স্ত্রীর সঙ্গে বেধেছে তুমুল ঝগড়া, দুজন কেউ কারও সঙ্গে কথা বলছেন না।রাতে ঘুমানোর আগে স্বামী স্ত্রীকে একটা ছোট্ট চিরকুট দিলেন। তাতে লেখা ছিল, ‘কাল সকাল সাতটায় ঘুম থেকে ডেকে দেবে।’পরদিন স্বামী বেচারার ঘুম ভাঙল সকাল ১০টায়। ধড়মড় করে উঠে তিনি দেখেন, তাঁর পাশে ছোট্ট একটা চিরকুট রাখা। তাতে লেখা আছে, ‘সকাল সাতটা বাজে, ওঠো!’সংগ্রহ: মো. সাইফুল্লাহ