চা কতটা উপকারী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ক্লান্তি দূর করতে এক কাপ চায়ের তুলনা হয় না। আর চায়ের আছে এক অভাবনীয় আকর্ষণ। চায়ের গুণ সম্পর্কে আমাদের অনেকেই খুব বেশি জানি না। আজকাল বিজ্ঞানীরা বলেন, ক্যানসার রোধেও চায়ের উপকারিতা পাওয়া যায়। অবশ্য এ বিষয়ে সুনিশ্চিত কিছু বলার সময় এখনো আসেনি। তবে চায়ের কিছু উপাদান প্রাণিকোষের ডিএনএ সুরক্ষায় কাজ করে। এর ফলে ক্যানসারের ঝুঁকি কমে। কী, বিশ্বাস হচ্ছে না? পড়ে দেখুন আমেরিকার ন্যাশনাল টি ইনস্টিটিউটের ‘টি অ্যান্ড ক্যানসার’বিষয়ক নিবন্ধটি (www.cancer.gov/cancertopics/factsheet/prevention/tea)
চা পান বিষয়ে কিছু টিপস:
১. চায়ে আছে এপিগ্যালোক্যাটেচিন-গ্যালেট (ইজিসিজি) নামের একধরনের রাসায়নিক পদার্থ, যা খুব কার্যকর অ্যান্টি–অক্সিডেন্ট। ভিটামিন ‘সি’-এর চেয়ে ১০০ গুণ বেশি ফলদায়ক। এটা ডিএনএ সেলকে এমনভাবে সুরক্ষা দেয়, যেন ক্যানসারের প্রভাবে এর রূপান্তর না ঘটে।
২. গ্রিন টি তুলনামূলক ভালো, কারণ এটা চা-পাতা শুধু ভাপে সেদ্ধ করে শুকিয়ে তৈরি করা হয়।
৩. গ্রিন টির ইজিসিজি ইউরোকিনেজ নামের এনজাইম তৈরিতে বাধা দেয়। এই এনজাইম ক্যানসার কোষের সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে (দেখুন, রিডার্স ডাইজেস্টের বই ১৮০১ হোম রেমেডিজ, পৃ. ৪২২)।
৪. শুধু চা বেশি উপকারী। দুধ-চিনি মেশানো চায়ের স্বাদ অবশ্য বেশি ভালো। তবে বিজ্ঞানীরা হালকা লাল চায়ের কথাই বেশি বলেন।
৫. চা বানানোর সবচেয়ে ভালো উপায় হলো, প্রথমে পানি বেশ কিছুক্ষণ ফুটতে দিন। এরপর চুলা থেকে নামিয়ে পানিতে প্রতি কাপের জন্য এক চা-চামচ করে পাতা দিয়ে কেটলি ঢেকে রাখুন, যেন চা ঠান্ডা হয়ে না যায়। চার থেকে পাঁচ মিনিট পর কাপে ঢেলে নিন।