চা চাই?

সন্ধ্যাবেলা পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের ঠিক বিপরীতে পানির ট্যাংকের নিচে দেখা যায় লম্বা লাইন। কেন? চা পান করতে। হ্যাঁ, শুধু চায়ের টানেই ৫০-৬০ জনের ভিড়। চলছে সুলতানের চা বিক্রি। ঠিক সন্ধ্যা নামার পরেই এখানে অনেকটা উৎসবের মতো করে শুরু হয় চা পান।
১৯৯৫-৯৬ সালের ঘটনা। সুলতান নামের এই চা বিক্রেতা তখন গাড়িচালক। একদিন এক চা-ওয়ালাকে দেখলেন, লেবু চা বানাচ্ছেন। তাঁর চায়ের স্বাদে সুলতান এতই বেশি মুগ্ধ হয়ে গেলেন যে নিজেই সিদ্ধান্ত নিলেন, একটি চায়ের দোকান দেবেন। সেই থেকেই শুরু—জানালেন তিনি।
তাঁর চায়ের বিশেষত্ব কী? সুলতান বললেন, ‘২০ বছর ধরে চা বিক্রি করছেন, কিন্তু কখনোই তাড়াহুড়ো করতে গিয়ে কাউকে কম-বেশি দিয়ে দিইনি।’ এখন চায়ের দাম প্রতি কাপ সাত টাকা। আর চায়ের যে মূল উপাদান চা-পাতা, সে ব্যাপারে সচেতন তিনি।
সুলতানের দোকানে পাবেন দুই রকম চা। লেবু চা এবং গুড়ের চা নিয়েই তাঁর আয়োজন। তাঁর দোকানে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ কাপ চা বিক্রি হয়। মাঝে মাঝে সেই সংখ্যা হাজারও ছাড়িয়ে যায়।