ফটিকছড়ি উপজেলার চা-বাগানগুলোতে লোডশেডিং কমবে। আগের চেয়ে দুই মেগাওয়াট বিদ্যুৎ বেশি পাবে বাগানগুলো। আগামী সপ্তাহ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এতে লোডশেডিংয়ের কারণে চা উৎপাদনে ক্ষতি অনেকটা কমে আসবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করছেন। উপজেলায় ১৭টি চা-বাগান রয়েছে।জানা গেছে, গত ২৭ মে প্রথম আলোর আঞ্চলিক ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রাম -এ ‘ফটিকছড়ির চা-বাগানে উৎপাদন ব্যাহত’- শীর্ষক সংবাদ প্রকাশের পর চট্টগ্রাম চা-সংসদের নেতারা ২৮ মে এক সভায় কর্তৃপক্ষের কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি তোলেন।এ দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বাগানগুলোতে দুই মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে পিডিবি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রইস উদ্দিন সরকার রাউজান পল্লী বিদ্যুত সমিতি-২-এর মহাব্যবস্থাপক মো. সাখাওয়াত উল্লাহকে নির্দেশ দিয়েছেন।নগরের আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে বাংলাদেশ চা-সংসদের সভায় উপস্থিত ছিলেন আছিয়া চা-বাগানের ব্যবস্থাপক মমতাজুল হাসান, নেপচুন চা-বাগানের ব্যবস্থাপক কাজী ইরফানুল হক, হালদাভ্যালী চা-বাগানের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম, মা-জান চা-বাগানের ব্যবস্থাপক জুবায়ের আহমদ চৌধুরী ও নিউ দাঁতমারা চা-বাগানের পরিচালক আবু সাইদ চৌধুরী।বিষয়টি নিশ্চিত করে পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. সাখাওয়াত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে ফটিকছড়ির চা-বাগানগুলোতে লোডশেডিং হওয়ায় চা-উৎপাদন ব্যাহত হচ্ছে। তাই জাতীয় সম্পদের উন্নয়নের স্বার্থে দিনের বেলায় বাগানগুলোতে লোডশেডিং কমানোর চেষ্টা চলছে।’ তিনি জানান, সপ্তাহ খানেক পর পিডিবির মাসিক সভা হবে। ওই সভার পর সিদ্ধান্তটি বাস্তবায়ন শুরু হবে।এদিকে, এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উপজেলার চা-বাগানগুলোর ব্যবস্থাপকেরা। তাঁরা সিদ্ধান্তটি দ্রুত কার্যকর করার আহ্বান জানান।বারমাসিয়া চা-বাগানের ব্যবস্থাপক বাবুল বিশ্বাস বলেন, ‘লোডশেডিংমুক্ত রাখা হলে চা শিল্প বিকাশের পাশাপাশি জাতীয় রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বাড়বে।’