ফটিকছড়িতে লোডশেডিংয়ের কারণে উপজেলার চা-বাগানগুলোতে চা উৎপাদন ভীষণভাবে ব্যাহত হচ্ছে। বাগানে তোলা চা-পাতা পচে নষ্ট হচ্ছে বাগানে। আবার অনেক বাগানে বন্ধ হয়ে গেছে চা-পাতা চয়ন।চা-বাগানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গরম শুরু হওয়ার পর থেকে ফটিকছড়ির বাগান এলাকায় বিদ্যুৎ সরবরাহ দিন দিন কমে এসেছে। কোনো কোনো দিন বিদ্যুৎ একেবারেই থাকে না। লোডশেডিংয়ের কারণে স্থানীয় চা-বাগানগুলো ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে। চা উৎপাদন ও সংগ্রহের কাজ ব্যাহত হচ্ছে। এতে কমে যাচ্ছে চা-পাতার গুণগত মান। এভাবে চলতে থাকলে চলতি বছরে অনেক চা-বাগানেই উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।হালদাভ্যালি চা-বাগানের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম জানান, হিসাব করে দেখা গেছে, এ চা-বাগানে ১ মে থেকে ২০ মে পর্যন্ত ৪৮০ ঘণ্টার মধ্যে ৩২২ ঘণ্টাই বিদ্যুৎ ছিল না। এখন চা-পাতা চয়নের মৌসুম হলেও বিদ্যুতের অভাবে তা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় বাগানের সার্বিক বিদ্যুৎ-চাহিদা জেনারেটরের মাধ্যমে পূরণ করতে গিয়ে তাঁদের আর্থিক ক্ষতি হচ্ছে। নেপচুন চা-বাগানের ব্যবস্থাপক কাজী ইরফানুল হক জানান, এবারে চায়ের উৎপাদন ভালো হয়েছে। কিন্তু লোডশেডিংয়ের কারণে তা প্রক্রিয়াজাতকরণের কাজ যথাযথভাবে করা যাচ্ছে না। তিনি জানান, এখন ১০ থেকে ১৫ মিনিট পর পরও বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এতে জেনারেটরগুলো ঘন ঘন চালু করতে গিয়ে নষ্ট হতে চলেছে।উদালিয়া চা-বাগানের ব্যবস্থাপক মালিক নেওয়াজ জানান, চা-পাতা প্রক্রিয়াজাতকরণ করতে না পারায় এবার তাঁদের বাগানের প্রায় পাঁচ হাজার কেজি কাঁচা চা-পাতা নষ্ট হয়েছে। এ ছাড়া, নষ্ট হয়েছে দেড় কোটি টাকা দামের একটি বৈদ্যুতিক জেনারেটর, যা মেরামত করতে সময় অপচয়ের পাশাপাশি খরচ হয়েছে দুই লাখ টাকা। এ অবস্থায় বাগানের চা প্রক্রিয়াজাতকরণ ব্যাহত হয়েছে। কর্ণফুলী চা-বাগানের ব্যবস্থাপক লুৎফুর রহমান বলেন, ‘এমন ভয়াবহ অবস্থা আর হয়নি। বিদ্যুতের জন্য অপেক্ষায় থাকতে গিয়ে চা-শ্রমিকের মজুরি, প্রক্রিয়াজাতকরণ এবং উৎপাদন খরচ বেড়ে গেছে।’ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি-২ সদর কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শংকর দাশ প্রথম আলোকে জানান, উপজেলায় ১৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। বিপরীতে বিদ্যুৎ পাই চার-পাঁচ মেগাওয়াট। তা ভাগ করে দিতে হয় নয়টি সঞ্চালন লাইনে। এ ছাড়া, সঞ্চালন লাইনের ত্রুটির কারণেও বিদ্যুৎ সরবরাহ অনেক সময় ব্যাহত হয়। সঞ্চালন লাইন মেরামত করলেও কখনো কখনোঝোড়ো হাওয়ার কারণে তাতে আবার ত্রুটি দেখা দেয়। ফলে সংশ্লিষ্ট গ্রাহকেরা সমস্যায় পড়েন। লোডশেডিংয়ের কথা স্বীকার করে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক সাখাওয়াত উল্লাহ বলেন, ‘গ্রীষ্ম শেষে লোডশেডিংয়ের মাত্রা কমে আসবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ জানান, এখানকার ১৭টি চা-বাগানের জন্য যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, তা অপ্রতুল। এতে একদিকে চা উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে জাতীয় অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে।