চা-বাগানে জন্মনিবন্ধন হয় কম
‘দেশ কোথায় থাকে। দুনিয়ার কোথায় কী হইতেছে, তা আমরা বলতে পারি না। জন্মনিবন্ধন কী, তা কেমনে বলব। চা-বাগানে কাজ করি। দুই বেলা দুই মুঠো কোনো রকমে খাই। দুনিয়ার আর কোনো খবর আমাদের কাছে নাই।’ সন্তানের জন্মনিবন্ধন করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে এই কথাগুলো বলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা-বাগানের শ্রমিক সন্ধ্যা নায়েক। তাঁর এক ছেলে ও দুই মেয়ে। কিন্তু কারোরই জন্মনিবন্ধন হয়নি।একই বাগানের শ্রীমতী বাড়ৈ জানান, জন্মনিবন্ধন শব্দটি তিনি এই প্রথম শুনছেন। তিনি বলেন, ‘জানিই তো না, বাচ্চাদের জন্মনিবন্ধন করব কেমনে? আমারে এ নিয়ে কেউ কোনো দিন কিছু কয়নি।’জাতীয় সংসদে পাস হওয়া জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন, ২০০৪ অনুযায়ী, জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী-লিঙ্গনির্বিশেষে সব ব্যক্তির জন্মনিবন্ধন বাধ্যতামূলক। একটি শিশুর জন্ম নিজ দেশকে, বিশ্বকে আইনগতভাবে জানান দেওয়ার একমাত্র পথ জন্মের পর জন্মনিবন্ধন করা। রাষ্ট্রীয় নানা সুযোগ-সুবিধা পেতে এই নিবন্ধন জরুরি। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করতে হবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করে না থাকলে ১৮ বছরের কম বয়সীরা বিনা মূল্যে এবং ১৮ বছরের বেশি বয়সীরা ৫০ টাকা ফি দিয়ে নিবন্ধন করতে পারবেন।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে জন্ম ও মৃত্যুনিবন্ধন প্রকল্পের দেওয়া তথ্যমতে, দেশে বর্তমানে জন্মনিবন্ধনের হার ৯৯ দশমিক ৪৫ শতাংশ। কিন্তু তার পরও অনেক শিশুর জন্মনিবন্ধন হচ্ছে না। চা-বাগানসহ পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে জন্মনিবন্ধনের হার খুবই কম। অনেকে এ সম্পর্কে জানেই না।শ্রীমঙ্গলের হোসেনাবাদ চা-বাগানের সুদর্শন কার্তিকের জন্মনিবন্ধন সম্পর্কে ধারণা হচ্ছে, কার্ড করা। এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি জানান, তাঁর পরিবারের কারও জন্মনিবন্ধন হয়নি। প্রয়োজন পড়েনি, তাই করেননি। তবে প্রয়োজন পড়লে করবেন।বিলাসছড়া চা-বাগানের রুপালি তাঁতি সদ্য পুত্রসন্তানের মা হয়েছেন। তিনি জানান, জন্মনিবন্ধনের কথা শুনেছেন। কিন্তু এটা কী কাজে লাগে, তা তাঁকে কেউ বলেনি। তাই ছেলের জন্মনিবন্ধন করাননি।কালীঘাট চা-বাগানের তোফায়েল মিয়া অবশ্য জন্মনিবন্ধন সম্পর্কে জানেন। ইউনিয়ন পরিষদের (ইউপি) লোকজন এসে তাঁর পরিবারের সদস্যদের সবার জন্মনিবন্ধন করিয়েছেন। তোফায়েল মিয়া জানান, চা-বাগানে জন্মনিবন্ধন নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। ইউপির লোকজন এসে করলে হয়, তা না হলে হয় না।শুধু শ্রীমঙ্গলে নয়, মৌলভীবাজার জেলার অন্যান্য উপজেলার চা-বাগানের জন্মনিবন্ধনের চিত্রও একই। কমলগঞ্জ উপজেলার নন্দরানী চা-বাগানের জয়ারানী (৩০) বলেন, তাঁর দুই ছেলে, এক মেয়ের মধ্যে শুধু বড় ছেলের জন্মনিবন্ধন করেছেন। বাকি দুজনের করেননি। বড় ছেলের স্কুলে ভর্তির সময় জন্মনিবন্ধন করেছেন। ছোট দুই সন্তানের বেলায়ও তা-ই করবেন।একই উপজেলার দেওছড়া, শমশেরনগর, কানিহাটি, আলীনগর, মাধবপুরসহ কয়েকটি চা-বাগান ঘুরে দেখা গেছে, শিশুর জন্মনিবন্ধনের ব্যাপারে কারও খুব একটা মাথাব্যথা নেই। তবে অনেক চা-বাগানে জন্মের পর একটি খাতায় শিশুর তথ্য নথিভুক্ত করা হয়। আবার অনেক চা-শ্রমিক এনজিওর কর্মীদের মাধ্যমে শিশুর জন্মনিবন্ধন করিয়ে নেন।সিলেটের চা-বাগানগুলোতে জন্মনিবন্ধনের অবস্থা কিছুটা ভালো। সদর উপজেলার খাদিমনগর, ছড়াগাঙ, বড়জান, লাক্কাতুরা, দলদলিসহ বেশ কয়েকটি চা-বাগান ঘুরে দেখা গেছে, এখানে অনেক চা-শ্রমিক তাঁদের সন্তানদের জন্মনিবন্ধন করেছেন।খাদিমনগর ইউনিয়ন পরিষদে গিয়ে জানা যায় ওই ইউনিয়ন পরিষদের অধীন একাধিক চা-বাগানপড়ায় একজন ইউপি সদস্যকে জন্মনিবন্ধনের ব্যাপারে বিশেষভাবে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে। চা-পল্লিতে জন্মনিবন্ধন সচেতনতার দায়িত্বপ্রাপ্ত খাদিমনগর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, সচেতনতা এখনো শতভাগ আসেনি। চা-পল্লির ঘরে ঘরে ঘুরে জন্মনিবন্ধন করতে হয়। তিনি বলেন, ‘চা-শ্রমিকদের ধারণা এমন, চা-বাগানেই তাঁদের ঘরবাড়ি। বাগানেই তাঁদের জীবিকা। নির্বাচনে ভোট দেওয়া ছাড়া এর বাইরে যাওয়ার দরকার পড়ে না। তাই কী দরকার এসব জন্মনিবন্ধনের!’এ প্রতিবেদন যৌথভাবে তৈরি করেছেন রোকেয়া রহমান, উজ্জ্বল মেহেদী (নিজস্ব প্রতিবেদক, সিলেট), মজিবুর রহমান (কমলগঞ্জ প্রতিনিধি)