চা-বাগানে হেমন্তবিলাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ব্যস্ততাকে ছুটি দিয়ে দু-একদিনের জন্য এমন কোথাও ঘুরে আসব, যেখানে কার্তিকের আগমনে রোদে চাঁপা ফুলের রং ধরেছে, হালকা হলুদ পাতায় আলগোছে পা ফেলে নামছে কুয়াশা, শরতের হাত ধরে এসে গেছে হেমন্ত—বন্ধুদের আড্ডায় ঠিক হলো এটাই।অতঃপর একেকজনের একেক প্রস্তাব। শেষমেশ কুলাউড়ার একটি চা-বাগানে যাবার প্রস্তাবে একমত হলো সবাই। এখানে চা-চাষ বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি আবার বাগানটি চালু করার কাজ শুরু হয়েছে। সেখানে রয়েছে একটি বাংলো। ঠিক হলো ওই বাংলোতেই উঠব আমরা, যার পাশ দিয়ে বয়ে গেছে ছোট নদী জুড়ি। দলের প্রায় সবার চা-বাগানে বেড়ানোর অভিজ্ঞতা রয়েছে। কিন্তু মৃত চা-বাগান! এই অভিনব প্রস্তাবে সবাই রাজি।হেমন্তের শুরুতে এক ভোরবেলায় আমরা ১১ বন্ধু একটি মাইক্রোবাসে চড়ে কুলাউড়ার পথ ধরি। ঢাকা-সিলেট মহাসড়ক ধরে চলতে চলতে চমৎকার হেমন্ত-সকালের দেখা মেলে নরসিংদী শহর পেরিয়ে।জনারণ্য, যানজট, ইট-পাথর-কংক্রিট, ধুলো আর ধোঁয়ার অত্যাচারে জ্বালা ধরা আমাদের চোখগুলো মহাসড়কের দুই পাশের সবুজে আরাম পায়। ছোট-বড় গাছপালা থেকে শুরু করে পথের ধারের ধানখেত এমনকি শিশিরভেজা ঘাস পর্যন্ত আমাদের চোখ এড়ায় না। এসব দেখে আমাদের গল্পে ঢুকে পড়ে হেমন্তের নানা অনুষঙ্গ—প্রথম নবান্ন, তারপর এক এক করে আলোর উৎসব দীপাবলি, রবীন্দ্রনাথ এবং অতঃপর একজন জীবনানন্দকে খানিকটা বদলে বিড়বিড় করে আওড়াতে থাকে—...কার্তিক এসেছে আজ পৃথিবীর বনে; সে সবের ঢের আগে আমাদের ১১ জনের মনে হেমন্ত এসেছে তবু।...চলতে চলতে কোনো একটা জায়গা একটু অন্য রকম মনে হলেই গাড়ি থামাই। শৌখিন আলোকচিত্রীদের ক্যামেরাগুলো সচল হয়ে ওঠে। ক্লিক ক্লিক...। বেলা দুইটার দিকে রতুনা চা-বাগানে পৌঁছে যাই। এর অবস্থান কুলাউড়ার জুড়িতে। বাগানের প্রবেশপথের ডান পাশে দাঁড়িয়ে থাকা পুরোনো কার্যালয়টি বলছে, বাগানটি একদা শুধু জীবিতই ছিল না, এর সুদিনও ছিল বটে। ছোট-বড় একেকটি টিলা পেছনে ফেলে আমরা উঁচু-নিচু আর আঁকাবাঁকা পথে এগোতে থাকি। মিনিট পনেরো পর দেখা মেলে বাংলোটির, ওখানকার সবচেয়ে উঁচু টিলাটিতে এর অবস্থান। আধুনিকতা আর ঐতিহ্যের চমৎকার সমন্বয়ে তৈরি বাংলোটি। ওখানকার প্রকৃতির সঙ্গে যেন একদম মিশে গেছে এটি। এক্কেবারে কাছ দিয়ে বয়ে গেছে জুড়ি নদী। যেন বাংলোটির পোষা নদী। এক দিকে নদী, নদীর ওপারের ধানখেত, তারপর যেন তেপান্তরের মাঠ আর অন্যদিকে ছোট-বড় টিলা। বারান্দায় বসে চোখে পড়ে সবই। টিলাগুলো কিছু ছোট-বড় সবুজ গাছপালায় ঢাকা। আবার কিছু একেবারেই গাছপালাশূন্য, মেটে রঙের। সে এক অন্য রকম সৌন্দর্য। গাছপালাশূন্য টিলার মানে, চা-গাছ রোপণের জন্য এসবের গাছপালা কেটে সাফ করা হয়েছে। দুপুরের খাবারের ডাক পড়ে। খাবার শেষে খানিকটা বিশ্রাম। তারপর চা-পর্ব সেরে কেউ কেউ নেমে পড়ে সুইমিংপুলে, কেউ কেউ চলে যায় নদীর তীরে।সেদিন ছিল পূর্ণিমা। চাঁদের আলোয় স্নাত হয়ে রাত ১০টায় ঘরে ফিরি। খাবার সেরেই আবার বাইরে। বাংলোর সামনে ফাঁকা জায়গায় বসে কেউ সুর তোলে বাঁশিতে, কেউ বা গিটারে; ফাঁকে ফাঁকে চলে গল্প। চাঁদের আলোয় আমরা কয়েকজন যুবক। একসময় অনুভূত হয় ‘নীরবতাই সৌন্দর্য’। কখন যে ঘরে ফিরে ঘুমিয়ে পড়েছি মনেও নেই। পরদিন বেশ বেলা করে ঘুম ভাঙে। দেরিতে ঘুম ভাঙার মাশুল হিসেবে বাদ দিতে হয় হাকালুকি হাওরে যাওয়ার পূর্বপরিকল্পনা। তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে নৌকা নিয়ে ভেসে পড়া জুড়ি নদীতে। নদীর দুই তীরের গ্রাম, মাঠ, শস্যখেত, কাশবন, বাঁশঝাড়, শিশু-কিশোরের দৌড়ঝাঁপ, গরুর ঘাস খাওয়া এবং ওপরের নীল আকাশ আর সাদা মেঘ দেখে দেখে আমরা যখন ভালো লাগায় দিশেহারা, ঠিক তখন বেরসিক করপোরেট ব্যস্ত কয়েকজন বলে ওঠে, এবার ফিরতে হবে। আমরা বাংলোয় ফিরে শেষ বিকেলে দুপুরের খাবার সেরে যখন ঢাকার পথ ধরি তখন কারও কারও কণ্ঠে ধ্বনিত হচ্ছিল—‘ছুটি এত ছোট কেন?’ ‘মিটিল না সাধ’, ‘আবার আসতে হবে এখানে’, ‘এত কাছে এসেও হাকালুকি হাওর না দেখে ফেরাটা একেবারেই ঠিক হচ্ছে না’ ইত্যাদি। তবু ফিরতে হয়। কীভাবে যাবেন: ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে পারাবত, জয়ন্তিকা কিংবা উপবন এক্সপ্রেসে করে কুলাউড়া পৌঁছে যাওয়া যাবে। সেখান থেকে টেম্পো, অটোরিকশায় পৌঁছে যাবেন জুড়িবাজার। বাসে গেলে মৌলভীবাজারে নেমে কুলাউড়ার লোকাল বাসে উঠবেন। কুলাউড়ার আগেই জুড়ি বাজারে নেমে পড়বেন। ভাড়া ট্রেন বা বাসে ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে। মাইক্রোবাস ভাড়া করে গেলে ভ্রমণটা আরো সুন্দর হয়ে উঠবে।