
কেউ একজন হঠাৎ নাম ধরে ডাকায় চমকে গেলাম। এখন আর রাস্তাঘাটে কেউ আমাকে নাম ধরে ডাকে না। চারপাশ থেকে ডাক আসত একসময়, যখন ভার্সিটিতে পড়তাম।
রিকশা করে যাচ্ছিলাম। ইস্টার্ন প্লাজার সামনে মেয়েলি গলায় কেউ আমাকে নাম ধরে ডাকল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখামাত্র চিনতে পারলাম। বিশ্ববিদ্যালয়-জীবনে এই মেয়েটার সঙ্গে আমার প্রেম ছিল।
রিকশাটা দাঁড় করালাম। ছোট্ট খুকির মতো ছুটতে ছুটতে সে এল। প্রজাপতির পাখার মতো একরাশ আবির ছড়িয়ে বলল, ‘রিকশা থেকে নামো।’
আমি ইতস্তত করছিলাম। টিউশনিতে যাওয়া দরকার। সপ্তাহখানেক পরেই ছাত্রের পরীক্ষা। এখন কামাই করলে তার বাবার কাছে গালমন্দ শুনতে হবে। কদিন পরেই নতুন মাসের শুরু। বেতন দেওয়ার আগে দুই কথা শোনাতে পারলে কোন মনিবের মন্দ লাগে?
আমার দোনোমনা দেখে সে নিজেই উঠে বসল রিকশায়। কেমন যেন অস্বস্তি লাগছিল। অনেক দিন কোনো মেয়ের সঙ্গে রিকশায় বসা হয় না। আমাকে যেন লজ্জা দিতেই সে বলে উঠল, ‘অত সরে বসেছ কেন? রিকশা থেকে পড়ে যাবে তো!’
মনে পড়ল, শামসুন্নাহার হলের সামনে তার গা ঘেঁষে বসতাম। সে লজ্জা পেত। ডিপার্টমেন্টের কেউ দেখে ফেলবে কি না এই ভয়ে সিঁটিয়ে থাকত। সেসব দিনের কথা কি সে মনে রেখেছে?
‘কোথায় যাচ্ছিলে তুমি? টিউশনিতে নিশ্চয়ই?’ তার প্রশ্নের জবাবে মাথা ঝাঁকিয়ে উত্তর দিই।
রিকশাওয়ালার কাঁধ ছুঁয়ে সে বলে, ‘মামা, রিকশা ঘোরাও। টিএসসি যাব।’
আমি আপত্তি করি না। সে বরাবরই এমন। কারও মতামতের তোয়াক্কা করার ব্যাপারটা ওর ধাতে নেই।
‘দেশে কি একা এসেছ? না হাজব্যান্ডসহ?’ আমার প্রশ্ন শুনে সে এক মুহূর্ত থামে। তারপর শিস দেওয়ার ভঙ্গি করে বলে, ‘ও তো লানডানে।’
বলার মতো আর কোনো কথা খুঁজে পাই না। আকাশে একটা মস্ত চাঁদ উঠেছে। মোতালেব প্লাজার ওপর দিয়ে সদর্পে উঁকি দিচ্ছে। তার রুপালি আভায় ডুবে গেছে রাস্তার মানুষ। রোড ডিভাইডারে বেড়ে ওঠা গাছগুলোর সবুজ পাতার ফাঁকে সেই আলো মিশে সৃষ্টি করেছে অপার্থিব প্রতিবেশ। আমার কেমন যেন আনন্দ হতে লাগল। এমন আনন্দের সঙ্গে আমার কত দিন দেখা নেই!
চারপাশে এভাবে বুঁদ হয়ে আছি এমন সময় একটা রিকশা পেছন থেকে ধাক্কা দিল। ভীষণ চমকে উঠলাম। আমার হাত আঁকড়ে ধরে সে পতন আটকাল। রাস্তায় ধপ করে পড়ে গেল তার ভ্যানিটি ব্যাগ। রিকশাওয়ালা দাঁড়িয়ে গেল। নেমে তুলতে যাব, দেখি সে আমার হাত ছাড়ছে না। মুখের দিকে তাকিয়ে দেখি কাঁদছে। মুক্তোর মতো বড় বড় ফোঁটায় ঝরে পড়ছে অশ্রু। আয়ত চোখের প্রতিটি কোণে ছায়া পড়েছে চাঁদের।
এক ঝটকা মেরে তার হাত ছাড়িয়ে নিই। ব্যাগটা কুড়িয়ে এনে হাতে তুলে দিই। তারপর হাঁটা দিই উল্টোপথে।
রাস্তায় বন্যার নতুন জলের মতো থইথই করছে জোছনা। তাতে পা ডুবিয়ে আমি মেসের দিকে ফিরতে থাকি। রাস্তার কোলাহল বানভাসি খুদে মাছের ঝাঁক হয়ে আমার পায়ে এসে ধাক্কা খেতে থাকে। বহু ব্যবহারে দীর্ণ চটি জোড়া রাস্তায় ফেলে রেখে আমি হাঁটতে থাকি।
চকবাজার, রংপুর