চাঁদ দেখা মাত্রই মিছিল বের করতাম
ঈদ মানেই অনাবিল আনন্দ, উচ্ছ্বাস। উৎসবের আমেজে মোড়ানো একটি দিন। ঈদের আনন্দ থাকে সবার মনে। কিন্তু তারপরও মনে হয় ঈদের আনন্দ ছোটদের মধ্যেই বেশি দেখা যায়। শৈশব-কৈশোরের ঈদ মানেই যেন, ‘কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা’। সম্পূর্ণ অন্যরকম একটি দিন।
আমার ছোট বেলার ঈদের আনন্দ একটু বেশিই মজার ছিল। আমার ঈদ আনন্দ শুরু হতো চাঁদ রাত থেকেই। ঈদের আগের দিন বিকেল বেলাতেই ছুটে যেতাম খোলা কোনো মাঠে, চাঁদ দেখব বলে। চাঁদ কে দেখতে পেরেছে আর কে পারেনি, সে নিয়েও থাকত প্রতিযোগিতা। আর চাঁদ দেখা মাত্রই এলাকার সবাই মিলে মিছিল বের করে দিতাম। বাড়িতে বাড়িতে বেজে উঠত ঈদের নানা গান।
আর ঈদের জামা, সে তো কাউকে দেখানোই যাবে না, রাখতাম লুকিয়ে। কখন সকাল হবে আর ঈদের দিন কি কি করব সেই চিন্তা করতে করতে ঘুমিয়ে যেতাম। ঈদের দিন শীতের সকাল। বাবার ডাকেই ঘুম ভাঙত। মা গরম পানি করে দিত আর আমরা সবাই গোসল করে নতুন পাঞ্জাবি পড়ে তৈরি হতাম। বাবা সুগন্ধি মাখিয়ে দিতেন গায়ে। আমাদের পরিবারের রেওয়াজ হলো সকালে নামাজে যাওয়ার আগে সেমাই খেয়ে যাওয়া। তাই মা খুব সকালে উঠেই সেমাই রান্না করে ফেলতেন।
আমাদের বাড়ি কিশোরগঞ্জ। বাড়ির কাছেই বিখ্যাত শোলাকিয়া ময়দান। তাই জায়নামাজ আর বিছানার চাদর নিয়ে আমরা তিন ভাই আর আব্বু রওনা হতাম ঈদগাহ ময়দানে। হাজার হাজার মানুষ দেখে অন্য রকম আনন্দ লাগত মনে। আর আমার সবচেয়ে মজা লাগত ঈদের নামাজ নিয়ে। নামাজ শেষে কোলাকুলি দিয়েই ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু করতাম। আর তখন থেকেই মাথায় আসা শুরু করত কখন সালামি আদায় করব। বাসায় এসে মায়ের তৈরি বিভিন্ন খাবার মজা করে খেতাম। বাবা-মাকে তখন সালাম করে আদায় করে নিতাম নতুন নোট এর সালামি। সালামি কখনো কখনো কম দিলে অভিমান করে কীভাবে বেশি আদায় করে নিতে হয় সেই বুদ্ধিও জানা ছিল। তারপর বের হতাম বাইরে। হয়তো বেশিই ছোট ছিলাম বলে দূরে কোথাও যেতে পারতাম না। কিন্তু তাতে কি! এলাকাতেই ছিল মজার মজার আয়োজন। বন্ধুদেরকে তখন নতুন জামা আর জুতা দেখানোর পালা। আর বাড়ি বাড়ি গিয়ে নানান ধরনের খাবার খাওয়া আর আর মুরব্বিদের দেখলেই সালাম করে সালামি আদায় করা।
আসলে আমাদের ছোট বেলার ঈদ এতই আনন্দের হতো যে দম ফেলার সময় হতো না। দুপুরে বাসায় এসে মায়ের রান্না করা কোর্মা, পোলাও, খেয়ে একটু বিরতি দিয়েই আবার বেরিয়ে পরতাম। বন্ধুরা মিলে হিসাব করতাম সালামি। নতুন নোটগুলো গুনতে বেশ ভালোই লাগত। আর ওই দিন নিজেকে অনেক টাকাওয়ালা মনে হতো, ভাবখানা থাকত অন্য রকম।
তখন চলে যেতাম দোকানে বন্ধুদের সঙ্গে খেলনা আর চকলেট কিনব বলে। ফেরিওয়ালারাও জানত আজকে সবার কাছে টাকা। তারাও নানা ধরনের জিনিস নিয়ে এলাকায় চলে আসত ঝুড়ি ভর্তি করে। আমরা বন্ধুরা মিলে খেলনা পিস্তলসহ নানান ধরনের জিনিস কিনতাম। এভাবেই কাটত সারা দিন আর বিকেল। সন্ধ্যায় বাসায় ফিরতাম। মজা করে বাবাকে আবার সালাম করে বলতাম সালামি দেওয়ার জন্য। তারপর বসে পরতাম টিভির সামনে।
ছোটবেলার সেই ঈদের আনন্দ এখন আর অনুভব করি না। এখন আধুনিকতার ছোঁয়ায় সবকিছু কেন যেন অন্য এক ধারায় বয়ে চলেছে। নদীর স্রোতোধারা যেমন কখনো কখনো উল্টো পথে চলে, তেমনই ঈদের আনন্দও এখন এক অন্যধারায় ধাবিত হচ্ছে। তবে যেভাবেই হোক আনন্দধারা কিন্তু এক ও অভিন্ন। এ ধারা বয়ে যাবে শত শত বছর ধরে বাঙালিদের মধ্যে। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা- ঈদ মোবারক।