চাঁদ দেখে অর্ধচন্দ্র
ছোটবেলায় আমরা এলাকার সব বাচ্চাকাচ্চা মিলে ঈদের চাঁদ দেখতে বের হতাম। চাঁদ দেখলেই ঘর থেকে থালা–বাসন নিয়ে আবারও বের হয়ে পড়তাম ঠনঠন আওয়াজ দিয়ে সবাইকে জানান দেওয়ার জন্য, কাল ঈদ। এ রকম একবার আমার দু–এক বছরের ছোট একজন স্টিলের থালা না পেয়ে মেলামিনের থালা নিয়ে বেরিয়ে পড়ে।
কিছু দূর এগানোর পর সে কাঁচুমাচু হয়ে জানায় তার প্লেটটা ভেঙে গেছে। বললাম, আমাদের মধ্যে অন্য কারওটা নিয়ে তারটা ফেলে দিতে। সে সঙ্গে সঙ্গে ভ্যা করে কান্না শুরু করে দিল। আমরা বহু কষ্টে তাকে থামানোর পর সে বলল, তার আম্মা জানলে তাকে অর্ধচন্দ্র দিয়ে ঘর থেকে বের করে দেবেন। আমাদের দু-একজন তখন ফিসফিস করতে লাগল, এই অর্ধচন্দ্র জিনিসটা কী?
একটু সিনিয়র একজন খুব জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে জানালেন—গলা ধাক্কা। শুনে আমরা হেসেই খুন। পরে সবাই মিলে ওই পিচ্চির বাসায় গিয়ে বললাম, এই ‘চন্দ্ররাতে’ যেন তাকে অর্ধচন্দ্র দেওয়া না হয়।