চাঁদমামার ঘুমের চাদরে!

চাঁদ দেখতে শেখার আগেই মা-মাসিদের কোলে সুরে সুরে দুলে দুলে—আয় আয় চাঁদমামা। ঘুমপাড়ানি গানে গানেই চাঁদের সঙ্গে ঘুমের যোগ সেই আঁতুড়ঘরের পর থেকেই। এ জন্যই কি এখনো আমাদের ঘুমের চাকা ঘুরতে থাকে চাঁদের বুড়ির চরকা কাটার তালে তালে! অনেক গবেষকই বলেছেন, ঘুম কিংবা ঘুমের ব্যাঘাতের নেপথ্যে থাকে চাঁদের শুক্লপক্ষ-কৃষ্ণপক্ষের প্রভাব। অবশ্য এ বিষয়ে সবাই আবার একমত হননি । চিকিৎসা মনোবিজ্ঞানী এবং আমেরিকান বোর্ড অব স্লিপ মেডিসিনের সদস্য মিখায়েল জে ব্রিউসের পর্যবেক্ষণ তুলে ধরেছে হাফিংটন পোস্ট।
সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা চাঁদের শুক্লপক্ষ-কৃষ্ণপক্ষ পরিক্রমার সঙ্গে ঘুম আসা না-আসার একটা যোগসূত্র খুঁজে পেয়েছেন, বিশেষত পূর্ণিমার সঙ্গে। গোথেনবার্গের গবেষকেরা প্রায় ৫০ জন স্বাস্থ্যবান তরুণের ওপর এ বিষয়ে পরীক্ষা চালান। এতে দেখা যায়, পূর্ণচাঁদের সময় ঘুমের সমস্যা নেই এমন তরুণদেরও রাতের ঘুম গড়ে ২৫ মিনিট পিছিয়ে যায়। এ ছাড়া যাঁরা ঘুমের সমস্যায় ভোগেন, তাঁদের সমস্যাও প্রকট হয়ে ওঠে পূর্ণিমার সময়।
পাশাপাশি নতুন চাঁদের সময় আমাদের ‘র্যাপিড আই মুভমেন্ট’ বা ‘আরইএম’ পর্যায়ের ঘুমও গড়ে প্রায় ৩০ মিনিট বেড়ে যায় বলে জানিয়েছেন এই গবেষকেরা। স্বাভাবিক অবস্থায় আমাদের মোট ঘুমের প্রায় ২০ থেকে ২৫ শতাংশ এই পর্যায়ের ঘুমে কাটে। কিন্তু নতুন চাঁদের সময় তা আরও বেশি হতে পারে। এই পরীক্ষা চালানোর সময় সব স্বেচ্ছাসেবককে এমন পরিবেশে ঘুমাতে দেওয়া হয়েছে, যেখানে সরাসরি চাঁদের আলো পাওয়া যায়। ফলে আলোর সঙ্গে ‘সারকাডিয়ান ক্লক’ বা ‘দেহঘড়ির’ সম্পর্কের বিষয়টিও সরাসরি প্রত্যক্ষ করতে পেরেছেন এই গবেষকেরা।

গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের এই নতুন গবেষণার ফল এ বিষয়ে সাম্প্রতিক অন্যান্য গবেষণার সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ। গত বছর সুইজারল্যান্ডের গবেষকেরা দেখতে পেয়েছিলেন যে, পূর্ণিমার দিনগুলোতে ঘুমের ব্যাঘাতের কারণে অনেকেই তুলনামূলকভাবে কিছুটা কম সময় ঘুমাতে পারেন। তবে, এ বিষয়ে সব গবেষণাতেই চাঁদের পরিক্রমার সঙ্গে ঘুমের যোগসূত্র থাকার প্রমাণ পাওয়া যায়নি।
জার্মানির মিউনিখে ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট অব সাইক্রিয়াট্টির বিজ্ঞানীরা চাঁদ ও ঘুমের যোগসূত্রের বিষয়টি অনুসন্ধানে বড় পরিসরের একটা গবেষণা চালিয়েছিলেন। এক হাজার ২৬৫ জন স্বেচ্ছাসেবকের প্রায় দুই হাজার রাতের ঘুম পর্যবেক্ষণ করেছেন মিউনিখের ওই গবেষকেরা। এ বিষয়ে চালানো অন্যান্য গবেষণার তুলনায় ম্যাক্স প্লাঙ্কের এই গবেষণায় অনেক বেশি নমুনা নেওয়া হয়েছে এবং দীর্ঘ মেয়াদ ধরে পর্যবেক্ষণ করা হয়েছে। কিন্তু চাঁদের পরিক্রমার সঙ্গে ঘুমাতে পারা বা না-পারার কোনো বৈজ্ঞানিক যোগসূত্র দেখতে পাননি তাঁরা।
ফলে, এটা বলা যেতে পারে যে সাধারণভাবে রাত-দিন বা সূর্যালোকের সঙ্গে আমাদের ঘুমের সম্পর্ক অনেকটাই স্পষ্ট হলেও পূর্ণিমায় বা অমাবস্যায় ঘুমের ব্যাঘাতের সঙ্গে চাঁদের পরিক্রমার যোগসূত্রের বিষয়ে এখন পর্যন্ত একমত নন বিজ্ঞানীরা। হয়তো এই দুইয়ের সরাসরি কোনো সম্পর্ক নেই, হয়তো বিষয়টা পুরোপুরিই মানসিক! কিন্তু একটা বিষয় নিশ্চিত যে, শত শত বছর ধরে মানুষের ঘুমে-জাগরণে চাঁদ যেভাবে জড়িয়ে আছে, তাতে আগামী দিনগুলোতেও এ নিয়ে অনেক গবেষণা চালিয়ে যেতে হবে বিজ্ঞানীদের। কিন্তু সেদিন কী মানুষ আর চন্দ্রাহত থাকবে না! আমাদের অনাগত শিশুরা কি আর মায়ের কোলের ঘুমঘোরে চাঁদমামার ঘুমের চাদরে নিজেকে খুঁজে পাবে না!