
ঈদের কয়েক দিন আগে থেকেই মোহাম্মদপুর কাঁচাবাজারে যত্রযত্র কিছু ছোট পোস্টার চোখে পড়ছিল। বাস ছাড়বে চাঁদরাতে। গন্তব্য লাকসাম কিংবা সোনাইমুড়ী। এ বাসের যাত্রী কারা হবে? অত্মীয়-পরিজন ফেলে আসা ঢাকা শহরের এই মোহাম্মদপুর বাজারের খেটে খাওয়া মানুষগুলো। রোজার মাসের বাড়তি চাপে ওদের ফুরসত নেই বাড়ি যাওয়ার। তাই একেবারে শেষ সময়ে। বাড়তি কিছু আয় সঙ্গে নিয়ে এলাকার আরও অনেকের সঙ্গে চাঁদরাতেই বাড়ি ফেরা। বাড়ি পৌঁছেই ঈদ। আনন্দটাই আলাদা।এবারের ঈদে আমিও ছিলাম চাঁদরাতের যাত্রী। তবে সেটা সড়কপথে নয়; আকাশে। চাঁদের কাছ দিয়ে যাত্রা। আমার গন্তব্য ছিল ব্যাংকক। পুরো পরিবার নিয়ে প্লেনে এসে দেখি, এ যাত্রায় আমার সঙ্গী আরও অনেকেই। আকাশপথে ছুটছি দূরে কোথাও; ছুটির এই দিনগুলোতে একটু বাড়তি আনন্দ পেতে। আমিও তাই ব্যাংকক সিটিতে। সময়ের ব্যবধান মাত্র এক ঘণ্টা। কিন্তু পার্থক্যটা তো অনেকেরই জানা। রাস্তায় শত শত গাড়ি চলছে। কিন্তু কোনো গাড়ির হর্ন বাজছে না। নেই কালো ধোঁয়া। প্রশস্ত রাস্তা। একতলা, দোতলা, তিনতলা। যে যায় যেটা দিয়ে। রাস্তার পাশের বাড়ি আর শপিং মল, যেন দেখছি শিল্পীর তুলিতে আঁকানো ছবি।সোয়াডি’—ওদের অভ্যর্থনার ভাষা। ভুলেই গেছি ঈদের দিনের কথা। ওরা তো সবকিছু সাজিয়ে নিয়ে বসে আছে শুধু আমারই জন্য। ওরা বানিয়েছে সাফারি ওয়ার্ল্ড। নিজস্ব ভূমিতে একখণ্ড আফ্রিকা। বনের হিংস্র জন্তুগুলো এখানে খাঁচা ছাড়া ঘুরছে আপন মনে। খোলা আকাশের নিচে কেউ বা ঘুমোচ্ছে আয়েশ করে। বানরকে পোষ মানিয়ে খেলা তো দেশেই দেখেছি কত শত। কিন্তু হিংস্র বাঘ, সাগরের ডলফিন কিংবা সি-লায়নকেও যে এমন পোষ মানানো যায়, এখানে এসে ওদের শোগুলো না দেখে বিশ্বাসই হতো না। সারা পৃথিবীর মানুষ এসে ভিড় করে দেখছে এসব শো। একটা দেশের বৈদেশিক মুদ্রা আয়ের আর কী লাগে!
ব্যাংকক থেকে ফিরে এসে শুধুই ভাবছি, আমরা ওদের মতো হতে পারছি না কেন? আমাদের কিসের অভাব? সাফারি ওয়ার্ল্ড কিংবা বহুতল সড়ক না হয় রাষ্ট্র বানাবে।
কিন্তু, সেই মানুষটি, যে আমাকে ‘সোয়াডি কা/কার্ব’ বলে হাসিমুখে বরণ করল, যে মানুষটি কখনোই রাস্তায় অযাচিত হর্ন বাজাচ্ছে না, গাড়ির কালো ধোঁয়া ছাড়ছে না, সর্বদা হাসিমুখে সেবা দিয়ে যাচ্ছে, তাকে বানাবে কে?
পাঠাগার সম্পাদক, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।