চাঁদে ভিন গ্রহের খনিজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রহাণুর আঘাতে চাঁদে যে গর্ত তৈরি হয়, তাতে ওই গ্রহাণুর নিজস্ব খনিজ পদার্থ থেকে যেতে পারে। তাই গ্রহাণুর আঘাতে চাঁদের নিজস্ব খনিজ নির্গত হয় বলে যে ধারণাটি প্রচলিত রয়েছে, তা ঠিক নয়। ন্যাচারাল জিওসায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে চীন ও যুক্তরাষ্ট্রের গবেষকেরা এমনটিই দাবি করছেন। চাঁদের গঠন উপাদান সম্পর্কে তাঁদের জ্ঞানের সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন বিজ্ঞানীরা। তাঁরা জানান, গ্রহাণুর মূল গাঠনিক উপাদান ওলিভিন ও স্পাইনেল। গ্রহাণুর আঘাতে চাঁদে সৃষ্ট গর্তে এই দুটি পদার্থের অস্তিত্ব পাওয়ার সম্ভাবনা থাকলেও চন্দ্রপৃষ্ঠে এগুলো মৌলিক উপাদান হিসেবে সাধারণত থাকে না। বিজ্ঞানীরা নতুন গবেষণায় দেখেছেন, প্রচণ্ড গতিশীল (১২ কিলোমিটার/সেকেন্ড পর্যন্ত) একটি গ্রহাণু বাষ্পীভূত না হয়েও টিকে থাকতে পারে। তবে আঘাত হানার পর এটি ছড়িয়ে পড়ে। এএফপি।