চাঁদের অন্ধকার দিক বলে কিছু নেই!

কিংবদন্তি ব্রিটিশ ব্যান্ড পিংক ফ্লয়েডের ‘দ্য ডার্ক সাইড অব দ্য মুন’ অ্যালবামের গান ‘চাঁদের কোনো অন্ধকার দিক বাস্তবে নেই। আসলে এটা পুরোটাই অন্ধকার’ বিশ্বজুড়েই জনপ্রিয়। কিন্তু কাব্য আর বিজ্ঞানের ভাষা তো সব সময় এক নয়। এই গান আমাদের কাছে যে অর্থই বহন করুক না কেন জ্যোতির্বিদ্যার গবেষকেরা সম্প্রতি চাঁদের অন্ধকার দিকেরও রং আবিষ্কার করেছেন। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
সরাসরি সূর্যরশ্মি পড়ে না বলে চাঁদের একটি দিক অন্ধকার দেখায়। তবে পৃথিবী থেকে প্রতিফলিত আলো চাঁদের ওই দিকে পড়ে। কিন্তু সেই দিকটা দেখতে আসলেই কোন রঙের তা নিয়ে বিতর্ক চলছিল বহুদিন ধরেই। সম্প্রতি আন্তর্জাতিক জ্যোতির্বিদদের একটি দল জানিয়েছে, চাঁদের অন্ধকার দিক দেখতে ‘টার্কিশ’ রঙের, অর্থাত্ অনেকটা নীলাভ-সবুজ বা ফিরোজা রঙের।
হাওয়াইতে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন’ পরিচালিত মাওনা লুয়া মানমন্দিরে শক্তিশালী টেলিস্কোপ ও ক্যামেরা বসিয়ে দুই বছর ধরে এ গবেষণা চালিয়েছে জ্যোতির্বিদদের দলটি। তাঁরা দেখতে পেয়েছেন যে পৃথিবী থেকে প্রতিফলিত নীল আলো চাঁদের গায়ে পড়লে চাঁদের ওই অংশটিকে আসলে নীলাভ-সবুজ বা টার্কিশ রঙের দেখায়।

গবেষকেরা জানিয়েছেন, এই রং বুঝতে পারার সবচেয়ে ভালো সময় যখন নতুন চাঁদ ওঠে। জ্যোতির্বিদ দলটির অন্যতম বিজ্ঞানী এবং এই গবেষণা প্রতিবেদনের প্রথম লেখক ‘ডেনিশ মেটেরিওলজিক্যাল ইনস্টিটিউটে’র পিটার থেইল বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘সূর্যের আলো পৃথিবীতে আছড়ে পড়ছে, পৃথিবী থেকে প্রতিফলিত হওয়ার সময়ে এই আলো পৃথিবীর রং নিয়ে যাচ্ছে, তা চাঁদ পর্যন্ত প্রতিফলিত হচ্ছে এবং তারপর আমাদের কাছে ফিরে আসছে।’
পিটার থেইল আরও বলেন, মহাশূন্য থেকে পৃথিবীর ছবিতে এটা স্পষ্ট যে আমাদের এ গ্রহটি নীল দেখায়। নভোচারীরাও বলেছেন, চাঁদে দাঁড়িয়ে পৃথিবীকে একটি নীল মার্বেলের মতো দেখেছেন তাঁরা। সূর্যের আলো পৃথিবী থেকে নীল রং নিয়ে প্রতিফলিত হয়ে চাঁদের গায়ে পড়লে তা অনেকটাই মলিন হয়ে ফিরে আসে। আর তখন ওই আলোতেই আমরা চাঁদের ওই দিকটা নীলাভ-সবুজ দেখি।
বিজ্ঞানীরা দুটি আলাদা রঙের ফিল্টার লাগিয়ে বিভিন্ন সময়ে চাঁদের বেশ কিছু ছবি তোলেন। ২০১২ সালের ১৮ জানুয়ারি তোলা ক্ষয়িষ্ণু বাঁকা চাঁদের দুটি ছবিতে বিশেষ একটি ‘হ্যালো’ বা আলোর আভা দেখতে পান তাঁরা। ছবিগুলো বিশ্লেষণ করে তাঁরা রঙের বিষয়টি নিশ্চিত হন।
বিজ্ঞানী থেইল বলছেন, এটাই চাঁদের অন্ধকার দিকের প্রথম নির্ভুল রং পরিমাপ। এর আগে দক্ষিণ আফ্রিকার ব্লোয়েমফনটেইনের একটি মানমন্দিরে ১৯৬৫ সালে সর্বশেষ এমন চেষ্টা করা হয়েছিল। তিনি মনে করছেন, চাঁদের অন্ধকার দিকের এই পর্যবেক্ষণ পৃথিবীর রঙের হিসাব-নিকাশ রাখার কাজে লাগতে পারে। এ থেকে জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণাতেও সুফল পাওয়া যেতে পারে বলে জানান তিনি।
বিজ্ঞান গবেষণা সাময়িকী ‘অ্যাস্ট্রোনমি’ এবং ‘অ্যাস্ট্রোফিজিক্স’-এ প্রকাশের জন্য পিটার থেইলের এই গবেষণা প্রতিবেদনটি গৃহীত হয়েছে।