চাঁদের কাছে গানের সুর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তুমিও কি শিসের মতো সুরটা শুনতে পেলে?’
‘শব্দটা...অনেকটা মহাশূন্যের গানের মতো।’
‘আমি ভাবছি, এটা আসলে কী।’

এটি যুক্তরাষ্ট্রের আলোচিত অ্যাপোলো মহাশূন্য কর্মসূচির আওতায় চন্দ্রাভিযানে পাঠানো অ্যাপোলো-১০-এর দুই নভোচারী ইউজেন কারনান ও জন ইয়ংয়ের আলাপচারিতা। ১৯৬৯ সালে অ্যাপোলো-১০ যখন চাঁদের দূরবর্তী অংশে প্রদক্ষিণ করছিল, তখনকার কথোপকথন এটি। এই ৪৭ বছর অপ্রকাশিত ছিল অডিওটি। তবে এখন সবার শোনার জন্য তা উন্মুক্ত হতে যাচ্ছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অপ্রকাশিত কিছু নথি নিয়ে টেলিভিশন সিরিজ সম্প্রচার করছে সায়েন্স চ্যানেল। ‘নাসাস আনএক্সপ্লোইনড ফাইলস’ নামের এ সিরিজে রয়েছে অ্যাপোলো-১০ নভোচারীদের রহস্যময় ‘গানের মতো সুর’ শোনার বিষয়টিও।
অ্যাপোলো-১০-এর নভোচারীদের সঙ্গে পৃথিবীর কোনো রেডিও যোগাযোগ ছিল না। তাই নিজেদের শ্রবণযন্ত্রে তাঁরা কোনো কিছু শুনতে পাবেন না, এটাই ছিল প্রত্যাশা। তাই ওই শব্দ শোনার পর বিষয়টি নিয়ে নিজেরাই দোটানায় পড়ে যান।
অডিওটিতে নভোচারী কারনানকে বলতে শোনা যায়, ‘তুমি কি ওটা শুনছ? শিসের মতো ওই সুর? হুউউউ। নিশ্চিত এটা, অদ্ভুত সুর।’
বিষয়টা আসলেই এতটা অদ্ভুত ছিল যে, নভোচারীরা নিজেরাই বিতর্কে জড়িয়ে পড়েন, ঘটনাটা নাসায় তাঁদের ঊর্ধ্বতনদের জানাবেন কি না। তাঁদের ভয় হচ্ছিল, বিষয়টা বললে ভবিষ্যতে মহাকাশ-ভ্রমণের ক্ষেত্রে তাঁদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
১৯৬৯ সালের মে মাসে অ্যাপোলো কর্মসূচির আওতায় চতুর্থ মনুষ্যবাহী যান হিসেবে মিশনে যায় অ্যাপোলো-১০। তার দুই মাস পর অ্যাপোলো-১১ প্রথম নভোযান হিসেবে চাঁদের বুকে নেমে বিশ্বকে চমকে দেয়। কিন্তু সেই মিশনের ক্ষেত্র প্রস্তুত করে এসেছিল অ্যাপোলো-১০ মিশনই। সে যাত্রায় নভোচারী ছিলেন তিনজন। আরেকজনের নাম টমাস স্ট্যাফোর্ড।