চাঁদের গাড়িতে ঝুঁকিপূর্ণ চলাচল

জিপের (চাঁদের গাড়ি) ভেতরে যাত্রীতে ঠাসা। পেছনে ঝুলে আছেন কমপক্ষে ১০ জন। ছাদেও যাত্রী বসাতে বাঁশের বেষ্টনী দিয়ে তৈরি করা হয়েছে বসার স্থান। সেখানে মালপত্র নিয়ে বসেছেন অনেকে। চালকের সামনে বনেটের ওপরও বসে আছেন যাত্রী। এভাবেই অতিরিক্ত কয়েক গুণ যাত্রী নিয়ে প্রতিদিন চাঁদের গাড়ি চলাচল করছে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ঘিলাছড়ি বাজার থেকে নানাক্রুম ও বুড়িঘাট এলাকায়। একটি গাড়িতে ৪০ থেকে ৫০ মণ মালামালসহ ৪৫ থেকে ৫০ জন মানুষ আঁকাবাঁকা পথে প্রতিদিন আসা-যাওয়া করে।
সম্প্রতি বেলা ১১টায় ঘিলাছড়ি বাজারের পাশে সেনাছাউনির সামনে দেখা যায়, বুড়িঘাট ও নানাক্রুমগামী দুটি চাঁদের গাড়ি যাত্রীর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে গাড়ি দুটিতে যাত্রী কানায় কানায় ভরে যায়। দুপুর পৌনে ১২টার দিকে গাড়ি ছাড়ার মুহূর্তে আরও অনেক লোক বাদুড়ের মতো গাড়িতে ঝুলতে থাকে।
দেখা গেছে, ভেতরে নারী-পুরুষ–শিশু মিলে ১৬ জন বসা, চালকের বাঁ পাশে তিনজন নারী এবং ডান পাশে একজন পুরুষ, চালকের সামনের বনেটে বসা সাতজন এবং গাড়ি ডান, বঁা ও পেছনে ঝুলন্ত ২২ জন মিলে মোট ৪৯ জন। এ ছাড়া রয়েছেন চালক ও সহকারী।
গাড়ির সামনের বনেটে বসা যাত্রী দুলাল বেপারী (৩৫) ও নয়ন চাকমাকে (৩২) এত ঝুঁকি নিয়ে চলাচলের ব্যাপারে প্রশ্ন করা হলে জানান, তাঁদের এলাকায় বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এভাবেই প্রতিদিন রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক পর্যন্ত ও ঘিলাছড়ি বাজারে আসা–যাওয়া করতে হয়।
চালক আমির হোসেন (৪০) বলেন, সকালে ও বিকেলে একটি করে বাস নানিয়ারচর থেকে রাঙামাটি আসা–যাওয়া করে। সে কারণে প্রচুর মানুষ নানাক্রুম থেকে চাঁদের গাড়িতে করে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বগাছড়ি ও ঘিলাছড়ি বাজারে আসা–যাওয়া করে। তবে সবচেয়ে বেশি মানুষ আসা–যাওয়া করে ঘিলাছড়ি বাজারের হাটের দিনে।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, নানিয়ারচরে খুবই কম বাস চলাচল করায় এমন অবস্থা হয়। কয়েকবার ভ্রাম্যমাণ আদালত বসানোর পর ঝুঁকিপূর্ণভাবে যাত্রী তোলা কমে। পরে আবার একই অবস্থা হয়। আর পাহাড়িরা আগে থেকেই চাঁদের গাড়িতে চড়তে অভ্যস্ত হওয়ায় এভাবে আসা-যাওয়া করতেও তাদের সমস্যা হয় না।