চাঁদের মালিকানার দাবিতে এককাট্টা শিল্পীরা!

‘অভিলাষী মন চন্দ্রে না পাক/জ্যোত্স্নায় পাক সামান্য ঠাঁই’। চাঁদের বুকে ঠাঁই পেতে কবির এই আকুতি চিরকালীন। সভ্যতার আদি থেকেই মানুষের চন্দ্র-বিজয়ের ইচ্ছা নানান সংস্কৃতিতে নানাভাবে প্রকাশ পেয়েছে আর মহাকাশ-বিজ্ঞানের সাফল্যে মানুষ চাঁদে পা ফেলেছে সেও অনেক দিন হলো। এখন তোড়জোড় চলছে চাঁদে আবাস গড়ার। কিন্তু চাঁদ-রাজ্যের মালিকানার আইনকানুন নিয়ে সমঝোতা নেই মনুষ্যকুলের। আমেরিকা, রাশিয়া, চীনসহ দুনিয়ার সব শক্তিশালী রাষ্ট্রই দখল চাইছে চাঁদের। পিছিয়ে নেই বেসরকারি কোম্পানিগুলোও। এদিকে, এ লড়াইয়ে লাভ হবে না জানিয়ে লড়াই থামানোর আহ্বান জানাচ্ছেন একদল মানুষ। তাঁদের দাবি চাঁদের আসল মালিক নাকি শিল্পীরাই!
আফ্রিকা মহাদেশের সমান আয়তনের চাঁদে গত মাসেই সফল অবতরণ করেছে চীনের মানুষবিহীন চন্দ্রযান ‘জেড র্যাবিট’। এদিকে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যেই বেসরকারি উদ্যোগে চাঁদের বুকে এমন যান পাঠানোর লক্ষ্য নিয়ে প্রতিযোগিতার আয়োজন চালিয়ে যাচ্ছে প্রযুক্তিবিষয়ক বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলোর একটি গুগল। কিন্তু এসব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বহু আলোচনা-সমালোচনা চললেও চাঁদের দেশে মানুষের দুনিয়ার আইনকানুন খাটবে কি না, তার কোনো সুরাহা আজও হয়নি।
১৯৬৭ সালের ‘আউটার স্পেস ট্রিটি’ অনুযায়ী কোনো রাষ্ট্র মহাকাশে কোনো কিছুর মালিকানা দাবি করতে পারবে না। কিন্তু কেউ কেউ বলছেন এই আইন বেসরকারি কোম্পানির ওপর খাটবে কি না, সে বিষয়টি নাকি স্পষ্ট নয়। আর আইনের এই ফাঁকফোকর ধরেই গুগলের মতো কোম্পানি এমন উদ্যোগ নিচ্ছে। অবস্থা দেখে মনে হচ্ছে যে অদূর ভবিষ্যতেই পুরো না হলেও অন্তত চাঁদের কোনো এক চিলতে জমিতে নিজেদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা শুরু করে দিতে পারে তারা। আর তা হলে এটাই হবে মহাকাশে করপোরেট সাম্রাজ্যবাদের সূচনা। এদিকে, কোনো রাষ্ট্রই গুগলের এই প্রতিযোগিতায় অংশ না নেওয়ায় চন্দ্রাভিযান নিয়ে এই লড়াইয়েই জাতীয় সরকারগুলোর ওপরে বেসরকারি/বহুজাতিক কোম্পানিগুলোর ক্ষমতার আধিপত্য প্রতিষ্ঠারও নমুনা হয়ে উঠতে পারে।
এই নৈরাজ্যর প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে দুনিয়ার এ-প্রান্ত থেকে ও-প্রান্তের একদল শিল্পী এককাট্টা হয়ে যোগ দিয়েছেন ‘দ্য রিপাবলিক অব দ্য মুন’ নামের এক যৌথ প্রদর্শনীতে। মানব ইতিহাসে চাঁদের সঙ্গে মানুষের সম্পর্কের সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরতে ভিন্ন ভিন্ন সংস্কৃতি থেকে নানান উপাখ্যান ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। আর এভাবেই তাঁরা দেখাচ্ছেন যে দুনিয়ার সব মানুষেরই চাঁদের ওপর অধিকার আছে। তাই সেখানে কোনো রাষ্ট্র বা কোম্পানির মালিকানা প্রতিষ্ঠা করা ঠিক হবে না।
জার্মানির স্থাপনাশিল্পী অ্যাগনেস মেয়ার-ব্রান্ডিস তাঁর শিল্পকর্মের ভাবনা নিয়েছেন ১৭ শতকের একটি উপন্যাস থেকে। যেখানে অ্যাংলিকান বিশপ ফ্রান্সিস একঝাঁক হাঁসের একটি মহাকাশযান উড়িয়ে নিয়ে যাওয়ার কাহিনি বলেন। এ গল্পের অনুকরণে প্রদর্শনীস্থলে চন্দ্রপৃষ্ঠের একটি অনুকৃতি বানিয়ে সেখানে ১১টি জ্যান্ত হাঁস নিয়ে কাজ করেছেন জার্মান এই শিল্পী। এদিকে, রুশ শিল্পী লিওনিদ তিশকভ একটা বাঁকা চাঁদ নিয়ে ইচ্ছেমতো খেলা দেখাবেন তাঁরই কল্পনায় বানানো রাতের চাঁদের বুকে।
চাঁদে উপনিবেশ স্থাপনের বিরোধিতা করে প্রতীকী প্রতিবাদ সমাবেশেরও আয়োজন থাকছে এই প্রদর্শনীতে। এ আয়োজন সম্পর্কে উদ্যোক্তা প্রতিষ্ঠান দ্য আর্টস ক্যাটালিস্টের পরিচালক এবং ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যালস ফেডারেশনের ‘মহাকাশের সাংস্কৃতিক ব্যবহার’ বিষয়ক কমিটির সহসভাপতি নিকোলা ট্রিসকট বলেন, ‘ভবিষ্যতে চাঁদে আসলে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন আমরা।’
আন্তর্জাতিক মহাকাশ চুক্তিতে (আউটার স্পেস ট্রিটি) চাঁদকে স্পষ্টভাবে মানবজাতির সাধারণ উত্তরাধিকার হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। ১৯৬৯ সালে চাঁদে অবতরণকারী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশযান ‘অ্যাপোলো ১১’-তে এই কথারই প্রতিধ্বনি করে লেখা ছিল, ‘আমরা সমগ্র মানবজাতির শান্তির জন্য এখানে এসেছি।’ কিন্তু ১৯৭৯ সালে জাতিসংঘের ‘চাঁদ চুক্তি’তে এ বিষয়ে পুনরায় গুরুত্বারোপের প্রচেষ্টায় সায় দেয়নি কোনো বড় রাষ্ট্রই। সে সময় পর্যন্ত চাঁদে মহাকাশযান পাঠানো দুই দেশ রাশিয়া ও আমেরিকা কেউই এতে স্বাক্ষর করেনি।
এ পরিস্থিতিতেই কোনো রাষ্ট্র, জোট বা কোম্পানির দখলের বিরোধিতা করে সমগ্র মানবজাতির জন্য চাঁদের মালিকানা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছেন এই শিল্পীরা। লন্ডনের বার্গহাউসে ১০ জানুয়ারি উদ্বোধন হবে ‘দ্য রিপাবলিক অব দ্য মুন’ নামের এ প্রদর্শনীটি।