
—হ্যালো।
—হুঁ, বলো।
—কী করো?
—ওভারব্রিজের ওপর বসে আছি।
—ওভারব্রিজ কোথায় পেলে?
—ষোলোশহর স্টেশনের ওভারব্রিজটা।
—ও আচ্ছা। কী করো ওখানে?
—চাঁদ দেখি। এখান থেকে চাঁদটা অনেক বড় দেখা যায়। নিল আর্মস্ট্রংয়ের জুতার ছাপটাও স্পষ্ট দেখা যাচ্ছে।
—হি হি হি, (হাসি। পাক্কা ৩০ সেকেন্ড পর হাসি থামল।) চাঁদে সেই কবে গেছে এখনো বুঝি ছাপটা রয়ে গেছে।
—জানো না, চাঁদে কোনো বাতাস নেই। তাই বছর, লাখ বছরও ছাপটা থেকে যেতে পারে।
—তাই? তো আর কী দেখা যাচ্ছে?
—আরও দুই জোড়া জুতার ছাপ দেখা যাচ্ছে। এগুলো তো আগে দেখিনি।
—হি হি হি (আবার হাসি)। ভালো করে দেখো তো কার মনে হচ্ছে?
—হুম... একটা তো তোমার মনে হচ্ছে। আরেকটা... আরেকটা তো তোমাদের পাশের ফ্ল্যাটের ছেলেটার মনে হচ্ছে। তোমরা আজকাল চাঁদে ডেটিং...
যাহ্। লাইনটা কেটে দিল। এবার ওর মান ভাঙাতে হবে। এ মেয়েটাকে খ্যাপাতে আমার কেন যে এত ভালো লাগে!
ফারহাত হক , গণিত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।