সকাল থেকেই আষাঢ়ের বৃষ্টির ঝাপটা। সার দিন ঝরেছে ঝিরিঝিরি। তবে বৃষ্টির এই বাধা মানেনি শিশুর দল। সন্ধ্যা নামতেই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন মুখর হয়ে উঠে খুদে শিল্পীদের কলতানে। সেখানে বসেছে শিশুদের আবৃত্তির আসর—চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। ভারতীয় সহকারী হাইকমিশনের সহযোগিতায় ৩ জুলাই শিশু-কিশোরদের নিয়ে ভিন্নধর্মী এ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাস।সাতটি সংগঠনের প্রায় শতাধিক শিশু আবৃত্তিশিল্পীর কণ্ঠে একক ও বৃন্দ কবিতার উচ্চারণে উৎসবমুখর ছিল শিল্পকলা প্রাঙ্গণ। আর মিলনায়তনপূর্ণ শ্রোতারা ছিলেন মুগ্ধ। আনন্দময় এই আয়োজন বিভক্ত ছিল দুটি পর্বে। শুরুতে ছিল উদ্বোধনী পর্ব। শামীমা ইয়াসমিনের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য দেন তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী। তিনি বলেন, ‘সম্প্রতি দেশে অপ্রেম ও হিংসার চর্চা বেড়ে গেছে। হাজার বছরের সংস্কৃতি আজ ঝাপসা। একমাত্র শুদ্ধ সংস্কৃতির চর্চাই পারে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে।’ সংগঠনের সভাপতি জিন্নাহ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী সভায় অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ ও চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত। দ্বিতীয় পর্বে ছিল আবৃত্তির আয়োজন। আবৃত্তি পর্বে ঐশী চৌধুরীর উপস্থাপনায় শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিচিত্র সাধ’ কবিতাটির একক আবৃত্তি পরিবেশন করে তারুণ্যের উচ্ছ্বাসের শিশু আবৃত্তিশিল্পী মৃত্তিকা সাজী। এরপর সুকুমার রায়ের ‘সৎপাত্র’ কবিতাটি কাবেরী দাশ ও ‘ঠিকানা’ কবিতাটি আবৃত্তি করে আল বাকী আকন। এরপর তারুণ্যের উচ্ছ্বাসের শিশু আবৃত্তিশিল্পীদের মধ্যে একে একে আবৃত্তি করে হুমায়রা তাবাস্সুম, ইশরাক শাহরীয়ার, আনিকা মারজান, অর্ণব চৌধুরী, মাসফিক মিজান, অর্পিতা মুহুরী, শাশ্বত বড়ুয়া ও আহমেদ সাকলাইন। এ ছাড়াও একক আবৃত্তিতে অংশ নেয় বোধন আবৃত্তি পরিষদের তাসনিয়া বিনতে আয়ুব ও আবু সাইদ এবং সূচয়ন ললিতকলাকেন্দ্র ফৌজিয়া মেহেজাবিন ও অর্ঘ মহাজন। একক আবৃত্তি শেষে শুরু হয় বৃন্দ আবৃত্তির প্রযোজনা। শুরুতেই ফুলকি চট্টগ্রাম পরিবেশন করে ‘ডাকঘর’। তারুণ্যের উচ্ছ্বাসের শিশু আবৃত্তি দল করে আলোর পাখির গান। ‘মুখোশ’ আবৃত্তি করে চট্টগ্রাম আবৃত্তি চর্চাকেন্দ্র। ‘বিচিত্র সাধ’ করে শৈশব চট্টগ্রামের শিশু শিল্পীরা। সব শেষে প্রমা আবৃত্তি সংগঠন পরিবেশন করে ‘ভাবি যাহা মনে’।