চাই কার্যকর জীবন-বৃত্তান্ত
একজন চাকরিপ্রার্থীর চাকরির আবেদন করার ক্ষেত্রে একটি সুন্দর, সঠিক ও নির্ভুল জীবন-বৃত্তান্ত তৈরি করা খুবই জরুরি। এমন অনেকেই আছেন, যাঁরা অনেকটা তাড়াহুড়ো করে দায়সারা একটা জীবন-বৃত্তান্ত তৈরি করে নিয়োগদাতার কাছে পাঠিয়ে দেন। এতে একদিকে যেমন চাকরিপ্রার্থী জীবন-বৃত্তান্তে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ থাকে না, তেমনি অন্যদিকে ওই প্রার্থী সম্পর্কে নিয়োগদাতার একটি নেতিবাচক ধারণা তৈরি হয়। এর ফলে অনেকেই চাকরি তো দূরের কথা, সাক্ষাৎকার পর্ব পর্যন্তই পৌঁছাতে পারেন না। তাই চাকরির আবেদন করার ক্ষেত্রে জীবন-বৃত্তান্ত হতে হবে সময়োপযোগী ও নির্ভুল, যার দ্বারা সহজেই অন্য প্রার্থী থেকে আলাদা করা যাবে আপনাকে। এ বিষয়ে অভিজ্ঞদের সঙ্গে কথা বলে কার্যকর জীবন-বৃত্তান্ত তৈরির নানা কৌশল জানার চেষ্টা করা হয়েছে এ প্রতিবেদনে।উপস্থাপন করুন নিজেকেচাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক সময় শিক্ষাগত যোগ্যতাই শেষ কথা নয়। চাকরির আবেদনপত্রে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করাটাও একটি যোগ্যতার অংশ। চাকরির ওয়েব পোর্টাল বিডি জবসের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর জানান, জীবন-বৃত্তান্ত কখনোই খুব বড় হবে না। এটি হতে হবে এমন, যেখানে অল্প কথায় নিজের যোগ্যতার কথা জানানো যায়। এটি দেখে যেন কর্তৃপক্ষ সহজেই বুঝতে পারে, সেদিকটিও খেয়াল রাখতে হবে। জীবন-বৃত্তান্তের মাধ্যমেই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। একজন মানুষের ব্যক্তিত্ব, রুচিবোধ ও দায়িত্বজ্ঞান অনেকটাই প্রতিফলিত হয় তাঁর জীবন-বৃত্তান্ত দেখে। জীবন-বৃত্তান্ত লেখার সময় এটি যত্নসহকারে লিখতে হবে। লেখায় ব্যাকরণ-সংক্রান্ত কোনো ত্রুটি যাতে না থাকে, সেজন্য যাঁরা এ বিষয়ে ভালো জানেন, তাঁদের সাহায্য নিতে পারেন।যেসব তথ্য জরুরিজীবন-বৃত্তান্ত লেখার সময় খেয়াল রাখতে হবে, যেন সব গুরুত্বপূর্ণ তথ্য এতে লেখা হয়। চাকরির ওয়েব পোর্টাল প্রথম আলো জবসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শৈবাল কে কানুন্ঙ বলেন, একটি ভালো জীবন-বৃত্তান্ত সেটাই, যাতে কার্যকর তথ্য রয়েছে। এতে সব প্রয়োজনীয় তথ্য দিতে হবে। কোনো অপ্রয়োজনীয় তথ্য যাচ্ছে কি না, তা যাচাই করে দেখতে হবে। জীবন-বৃত্তান্তের শুরুর দিকে আবেদনকারীর নাম, ঠিকানা, বর্তমান ঠিকানা, ই-মেইল ঠিকানা লিখতে হবে। এরপর লক্ষ্য কী, তা সংক্ষেপে লিখতে পারেন। যাঁরা সদ্য পড়াশোনা শেষ করেছেন, তাঁরা জীবন-বৃত্তান্ত লেখার সময় প্রথমেই শিক্ষাগত যোগ্যতার তথ্য ক্রমান্বয়ে সাজিয়ে লিখতে হবে। এরপর পড়াশোনা-সংক্রান্ত বা তার বাইরে কোনো বিশেষ অর্জন থাকলে তা লিখতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক বা খণ্ডকালীন চাকরি, কোনো কাজের প্রশিক্ষণ, কোনো প্রতিষ্ঠানে শিক্ষানবিশ কিংবা কোনো প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা থাকলে তা উপস্থাপন করা যেতে পারে। এতে প্রার্থীর অভিজ্ঞতার পরিচয় ফুটে ওঠে। আর যাঁরা ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন, তাঁরা তাঁদের জীবন-বৃত্তান্তে সেসব দিকই বেশি গুরুত্বসহকারে লিখবেন। সর্বশেষ বাদ দেওয়া চাকরি থেকে অভিজ্ঞতা লেখা শুরু করতে হবে। প্রথাগত কাজের বাইরে প্রার্থীর যদি কম্পিউটারের ওপর বিশেষ দক্ষতা থাকে, তাহলে তা উল্লেখ করতে পারেন। জীবন-বৃত্তান্তের শেষে রেফারেন্স উল্লেখ করা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। এখানে দুজন ব্যক্তির নাম দিতে হবে। সঙ্গে তাঁদের ঠিকানা, ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা দিতে হবে। যাঁরা সদ্য পাস করেছেন, তাঁরা কোনো শিক্ষকের নাম উল্লেখ করতে পারেন, যাঁরা আপনাকে চেনেন। আর অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা রেফারেন্সের জায়গায় বর্তমান বা আগের কর্মস্থলের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার নাম লিখতে পারেন। রেফারেন্স হিসেবে আত্মীয়স্বজনদের নাম এড়িয়ে চলাই ভালো।আগে বুঝে নিন চাকরির ধরনকোনো চাকরির জন্য আবেদন করার আগে ওই চাকরির ধরন বুঝে জীবন-বৃত্তান্ত তৈরি করতে হবে। করপোরেট কোচের মুখ্য পরামর্শক ও মানবসম্পদ উন্নয়ন-বিশেষজ্ঞ যিশু তরফদার বলেন, এমন অনেকেই আছেন, যাঁরা একটি জীবন-বৃত্তান্ত সব ধরনের চাকরির ক্ষেত্রে পাঠিয়ে থাকেন। কিন্তু এটি মোটেও বুদ্ধিমানের কাজ নয়। প্রতিটি চাকরির জন্য আলাদা আলাদা জীবন-বৃত্তান্ত তৈরি করাই বুদ্ধিমানের কাজ। যেমন বিপণন ক্ষেত্রে চাকরির জন্য সে সম্পর্কিত অভিজ্ঞতা থাকলে সেটি জীবন-বৃত্তান্তে যুক্ত করতে হবে। আবার এনজিওতে চাকরির আবেদন করার ক্ষেত্রে এটি যুক্ত করলে তা আবার বেমানান দেখাবে। যে প্রতিষ্ঠানের চাকরিতে আবেদন করছেন, তার ওয়েবসাইটে গিয়ে বা কোনো প্রকাশনী দেখে সেই প্রতিষ্ঠান সম্পর্কে জেনে নিন। তাদের প্রতিষ্ঠানের ধরন বুঝে আবেদন করলে সেটি বেশি গুরুত্ব পাবে। চাকরি যদি অধিক চাপের হয়, তাহলে অবশ্যই জীবন-বৃত্তান্তে উল্লেখ করুন অধিক চাপ নেওয়ার ক্ষমতা। আবার চাকরি যদি এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করার হয়, তাহলে উল্লেখ করুন ভ্রমণের অভিজ্ঞতার কথা। তাই যে চাকরির যে ধরন, তা বুঝেই জীবন-বৃত্তান্ত তৈরি করতে হবে।জীবনবৃত্তান্ত তৈরিতে খেয়াল রাখুনজীবন-বৃত্তান্ত যথাযথভাবে তৈরি হয়েছে কি না, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফাহিম মাশরুর বলেন, ‘এটি লেখার সময় একই জীবন-বৃত্তান্তে একাধিক ফন্ট ব্যবহার না করাই ভালো। সব সময় সবচেয়ে ব্যবহূত বেশি যেমন দ্য নিউ রোমান, অ্যারিয়াল প্রভৃতি ব্যবহার করা ভালো। এটি যাতে খুব বড় ফন্টে না হয়, তা লক্ষ রাখতে হবে। তবে সাধারণত আট থেকে ১০ পয়েন্টের ইংরেজি ফন্ট হলেই ভালো।’ যেসব বিষয় কর্তৃপক্ষের বিশেষ নজরে রাখতে চান, তা বোল্ড বা আন্ডারলাইন করে দিতে পারেন। জীবন-বৃত্তান্ত লেখার সময় রঙিন কালি ব্যবহার না করাই শ্রেয়। বর্তমান সময় বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে চাকরির আবেদন ফরম দেওয়া থাকে। সে ক্ষেত্রে যা যা তথ্য চাওয়া হবে, তা যথাযথভাবে পূরণ করে দিতে হবে। আবার অনেক প্রতিষ্ঠান ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র চেয়ে থাকে। এমন সময় জীবন-বৃত্তান্ত পিডিএফ ফাইলে করে পাঠাতে পারেন। আবেদনপত্রের সঙ্গে ছবির ব্যবহার সম্পর্কেও সচেতন থাকতে হবে। সেটি যেন সদ্য তোলা হয়, এ বিষয়ে খেয়াল রাখুন। আর পরিপাটি ও পরিষ্কার পোশাক পরে ছবিটি তুলতে হবে। অনেক সময় শুধু ছবির কারণেও আবেদনপত্র বাদ পড়ে যায়, জানালেন যিশু তরফদার। আবেদনপত্রে ছবি না চাইলে তা না দেওয়াই উত্তম। জীবন-বৃত্তান্তের এমন কোনো তথ্য দেওয়া যাবে না, যা সত্য নয়।আরও কিছুচাকরিতে আবেদন করার সময় খেয়াল রাখতে হবে, সেটি যেন আর দশজন থেকে আলাদা হয়। এর মধ্যে যদি আপনার বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা প্রকাশ পায়, তাহলে চাকরি পাওয়ার ক্ষেত্রে তা ইতিবাচক হবে। বিভিন্ন ওয়েবসাইটে অনেক ভালো জীবন-বৃত্তান্ত থাকে। নিজের জীবন-বৃত্তান্ত তৈরির আগে এসব দেখে নিতে পারেন। অথবা এ বিষয়ে যাঁরা অভিজ্ঞ, তাঁদের কাছ থেকেও সহায়তা নিতে পারেন। মোদ্দাকথা, সাধারণ বা গৎবাঁধা জীবন-বৃত্তান্ত নয় বরং এর বাইরে এসে একটি উত্তম নির্ভুল তথ্যসমৃদ্ধ এবং সময়োপযোগী জীবন-বৃত্তান্ত চাকরিদাতার কাছে পাঠান। এর ফল হবে ইতিবাচক।