চাই কিশোরীর উন্নত জীবন

‘পড়ালেখা করতে খুব ভালা লাগত আমার। ক্লাস সেভেন পর্যন্ত পড়ছি। হের পর বাবায় বিয়া দিয়া দিছে। বাবায় কয়, মাইয়্যাগো বেশি পইড়্যা লাভ নাই! মাইয়্যারা তো আর জজ-বেরিস্টার হইতে পারে না। আমার ছোট ভাই স্কুলে যায়। ওরে পড়তে দেখলে খুব কষ্ট হয়।’ কথাগুলো বলছিল আয়েশা আক্তার (১৫)। সে রাজধানীর আজিমপুরে একটি দরজির দোকানে কাজ করে। এই বয়সেই সে এক সন্তানের মা। কারওয়ান বাজারে সবজি বিক্রি করে মরিয়ম। বয়স ১৩ বছর। সে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছে। কিন্তু এরপর দারিদ্রে্যর কারণে যখন সপরিবারে রাজধানীতে চলে এল, তখন আর তার পড়া হলো না। মরিয়মের মা জানালেন, ‘পড়ালেখায় তো অনেক খরচ। গেরামের ইশকুলে টেকা দেয়। ঢাকায় তো দেয় না। যদি ইশকুলে গেলে টেকা পাইত, তাইলে মাইয়ারে আবার ইশকুলে ভর্তি কইর্যা দিতাম।’
আয়েশা আর মরিয়মের মতো দেশের অনেক কিশোরী এ রকম নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। নারীর স্বাস্থ্য, শিক্ষাসহ সব অধিকার নিশ্চিত করতে হলে তাদের কিশোর বয়স থেকেই শিক্ষা, কারিগরি ও জীবনমুখী দক্ষতা অর্জনের জন্য কাজ করতে হবে। কিশোরীদের প্রজননস্বাস্থ্য ও সেবার মানের উন্নয়ন ঘটাতে হবে। একই সঙ্গে নারীর প্রতি সহিংসতারও অবসান ঘটাতে হবে। কিন্তু বর্তমান সময়ে গুণগত শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সংকট বেড়েই চলেছে।
আমাদের দেশে শিক্ষা অর্জনের ক্ষেত্রে অনেক প্রতিকূলতা রয়েছে। কিন্তু এর পরও এ দেশে নারীশিক্ষার প্রসার ঘটছে। ১৯৯১ সালে যেখানে কেবল ২০ শতাংশ নারী পড়তে ও লিখতে পারত, বতর্মানে ৫০ শতাংশের বেশি মেয়েশিশু মাধ্যমিক স্কুলে যাচ্ছে। ২০১৫ সালের মধ্যে সব দেশে সবার জন্য শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য দেশের সরকারি ও বেসরকারি সংস্থাগুলো একযোগে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য কার্যক্রম গ্রহণ করেছে—বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, মেয়েশিশুর জন্য দশম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা, মেয়ে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষার জন্য খাদ্য কর্মসূচির মাধ্যমে শিক্ষায় স্বয়ংসম্পূর্ণতা আনা ইত্যাদি। এর ফলে প্রাথমিক স্কুলে মেয়েদের ভর্তির হার অনেক বেড়েছে। তবে মেয়েদের প্রাথমিক শিক্ষা ভালোভাবে শেষ করার হার বিশ্বের উন্নয়নশীল অনেক দেশের মেয়েদের তুলনায় বাংলাদেশে এখনো কম। স্বাধীনতা– উত্তরকালে বা নব্বইয়ের দশকে প্রায় অর্ধেক ছেলেমেয়েই ঝরে যেত। কিন্তু বর্তমানে এ হার কম হলেও আশঙ্কাজনক।
এডুকেশন ওয়াচের গবেষণায় দেখা যায়, মেয়েদের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির হার ছেলেদের চেয়ে ১১ শতাংশ বেশি। আর দশম শ্রেণিতে এসে হিসাবটা পুরো উল্টে যায়। সেখানে দেখা যায় ছেলেদের চেয়ে ১১ শতাংশ বেশি মেয়ে ঝরে পড়ে দশম শ্রেণিতে। অন্যদিকে বেনবেইসের গবেষণায় দেখা যায়, প্রথম শ্রেণিতে যদি ১০০ জন মেয়ে ভর্তি হয়, বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পৌঁছাতে শতকরা ৩০ জন মেয়ে পড়ার সুযোগ পায়। মানে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পৌঁছাতে ৭০ শতাংশ মেয়ে ঝরে পড়ছে।
এ প্রসঙ্গে গণসাক্ষরতা অভিযানের পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, ‘বর্তমানে মূলত তিনটি কারণে মেয়েরা ঝরে পড়ছে। প্রথমত নিরাপত্তার অভাব। মেয়েরা রাস্তাঘাটে ইভ টিজিং, সহিংসতার শিকার হচ্ছে। তাই পরিবার তাদের বিদ্যালয়ে পাঠাতে উৎসাহ বোধ করে না। দ্বিতীয়ত, শিক্ষায় বাণিজ্যিকীকরণ বেড়ে গেছে। মাধ্যমিক পর্যায়ে মেয়েদের শিক্ষা অবৈতনিক, এটা ঠিক। কিন্তু পড়াশোনা করতে গেলে বাড়তি খরচ যেমন: খাতা-কলম, প্রাইভেট টিউটর—এ খরচগুলো বেড়েছে। আর এসব কারণে মেয়ে শিক্ষার্থীর পড়া বন্ধ হয়ে যায়। তৃতীয়ত, মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় সব জায়গায় নেই। যাতায়াতের অসুবিধার কারণে অনেক পরিবার মেয়েদের স্কুলে পাঠাতে নিরুৎসাহিত হয়।’
শিশুবিবাহ কিশোরীর উন্নতির পথে অন্যতম বাধা। বাংলাদেশ প্রজননস্বাস্থ্য জরিপে দেখা যায়, এ দেশে ৮০ শতাংশ মেয়ের বিয়ে হয় ১৮ বছর বা তারও কম বয়সে। এর মধ্যে ২৩ শতাংশ নারী ২০ বছর বয়সের আগেই গর্ভধারণ করেন। ফলে বাড়ছে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু।
এ সংকট থেকে উত্তরণের জন্য শিশুবিবাহ রোধ করা প্রয়োজন, এমনটাই বললেন আইনজীবী এলিনা খান। তিনি বলেন, ‘শিশুবিবাহ বন্ধে কিছু উদ্যোগ প্রয়োজন। শিশুবিবাহ বন্ধে কিশোরীকে সচেতন করার জন্য বিদ্যালয়েও কিছু সচেতনতামূলক শিক্ষা দেওয়া প্রয়োজন। পরিবারের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন জরুরি। অন্যদিকে স্থানীয় সরকারের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিশুবিবাহ বন্ধ করতে হবে। স্থানীয় চেয়ারম্যান, এনজিও কর্মী সবাইকে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে। শিশুবিবাহ বন্ধে স্থানীয় সরকারসহ এনজিও, টিএনও, বিয়ের কাজি, ইমামদের নিয়ে একটা কমিটি গঠন করতে হবে এবং এর কুফল সম্পর্কে জানাতে হবে। এই কমিটি কোথাও বাল্যবিবাহ সংঘটিত হলে জড়িত সবাইকে—অভিভাবক, ইমাম, কাজি, জাল জন্মসনদ প্রদানকারীকে শাস্তির আওতায় আনতে হবে।’