আড়মোড়া দিয়ে সূর্য উঠছে—ক্লিক। মেয়েটি হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে—ক্লিক। দূরে মগ ডালে সাদা বক বসে আছে—ক্লিক। এ রকম অসংখ্য মুহূর্ত ধরে রাখেন আলোকচিত্রী। আলোকচিত্রের এই আলোর কারিকুরি করার হয়তো ইচ্ছে আছে আপনারও। এমন মুহূর্তগুলো আপনিও ধরে রাখতে চান। দরকার শুধু একটি ক্যামেরা। এ জন্য জমিয়েছেন টাকা বেশ কষ্ট করেই। আর কষ্টে জমানো টাকায় ক্যামেরা কিনতে গিয়ে দেখেছেন সাধ আর সাধ্যে মিলছে না। কিন্তু একটি ভালো ছবির জন্য কি ক্যামেরাই গুরুত্বপূর্ণ—এমন প্রশ্নে হেড অব আইসিপি প্রডাক্টের আবদুল্লাহ-আল-শাফি বলেন, ‘এ সময় বাজারে যেসব ক্যামেরা পাওয়া যায়, সবগুলোই বেশ ভালো। একটি ভালো ছবির জন্য দরকার দেখার চোখ। তাই ক্যামেরা খুব গুরুত্বপূর্ণ নয়। আর দিন শেষে ছবিটা যেহেতু স্মৃতি ধরে রাখে, তাই ছবিটাই গুরুত্বপূর্ণ, ক্যামেরা নয়।’ তাই যেকোনো ধরনের ক্যামেরা কিনে আপনার শখ মেটাতে পারেন। পারিবারিক স্মৃতি বা বন্ধুদের সঙ্গে ভালো মুহূর্তের ছবি যেমন ধরে রাখতে পারবেন, তেমনি ছবি তোলার প্রতি যদি আগ্রহ বেশি থাকে, তবে ফটোগ্রাফির শুরুটাও হতে পারে যেকোনো ক্যামেরা দিয়ে। একটা ক্যামেরার জন্য কত টাকা লাগে, দেশের বাজারে কী কী ক্যামেরা পাওয়া যায়—তা জানা থাকলে পরিকল্পনায় সুবিধা হয়। পরিকল্পনা ঠিকমতো করলে টাকা জমানোটাও কাজের হয়। আবার এটাও বুঝতে পারবেন, বোনাসের টাকায় কোন ক্যামেরা কেনা যাবে। ক্যামেরা বলতে এখন ডিজিটাল ক্যামেরাই বোঝায়। ফিল্ম ভরে ছবি তোলার দিন তো প্রায় ফুরিয়েই গেছে। বাংলাদেশে ক্যানন, নাইকন, স্যামসাং, সনি, অলিম্পাস, কোডাক, ফুজিসহ বিভিন্ন ব্র্যান্ডের ক্যামেরা পাওয়া যায়। ডিজিটাল কমপ্যাক্ট ক্যামেরাগুলোর দাম নির্ভর করে অপটিক্যাল জুম, ভিডিও কোয়ালিটি, ফুল হাই ডেফিনেশন কি না তার ওপর। ক্যামেরার যে গুণগুলো ছবি এবং ভিডিও স্বচ্ছ করে। ছয় থেকে ১০ হাজার টাকায় আপনি পাবেন ১০-১৬ মেগাপিক্সেল এবং ৪ থেকে ৬ এক্স জুম ক্ষমতাসম্পন্ন ক্যামেরা। বাজেট যদি আর একটু বেশি হয় অর্থাৎ ১৫ থেকে ২৫ হাজারের মধ্যে তবে আপনি পেতে পারেন টাচ স্ক্রিন সুবিধাসংবলিত ক্যামেরা। এই দামের ক্যামেরাগুলোয় থাকবে ফুল হাইডেফিনেশন প্রযুক্তি। সেই সঙ্গে থাকবে কম আলোতে ভালো ছবি তোলার ক্ষমতা। এ ছাড়া ত্রিমাত্রিক ছবি তোলার ক্ষমতাসম্পন্ন ওয়াটার প্রুফ ক্যামেরা পাবেন ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে।সিঙ্গেল লেন্স রিফ্লেক্ট ক্যামেরার সংক্ষিপ্ত নামই হলো এসএলআর ক্যামেরা। এই ক্যামেরাগুলোর দাম শুরু হয়ে থাকে ৫০ হাজার টাকা থেকে। এবং এর সঙ্গে যুক্ত লেন্সের দাম শুরু হয় ১০ হাজার টাকা থেকে। ক্যামেরাগুলোতে ম্যানুয়ালি সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব, বিভিন্ন ধরনের লেন্স ব্যবহার করা যায়। সেই সঙ্গে ছবির আলো, ক্যামেরার শাটার স্পিড নিয়ন্ত্রণ করা যায়।ক্যামেরার অনুষঙ্গ হিসেবে আপনাকে রাখতে হবে ব্যাগ। ডিজিটাল কমপ্যাক ক্যামেরার জন্য বিভিন্ন ব্র্যান্ডের ক্যামেরা ব্যাগের দাম থাকছে ২০০ থেকে এক হাজার টাকা। আর এসএলআর ক্যামেরার ব্যাগের দাম পড়বে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা। এসএলআর ক্যামেরার আলো নিয়ন্ত্রণের জন্য বাড়তি ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়ে থাকে। দাম ২১ থেকে ৬৫ হাজার টাকা। এসএলআর ক্যামেরার লেন্সকে বিভিন্ন আঘাতের হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয় লেন্স হুড। দাম এক হাজার থেকে এক হাজার ৫০০ টাকার মধ্যে। এ ছাড়া ব্যবহার করা হয়ে থাকে ব্যাটারি গ্রিপ, যাতে একাধিক ব্যাটারি ব্যবহার করে ক্যামেরার চার্জ দীর্ঘস্থায়ী করা যায়। দাম ১৪ থেকে ২৫ হাজার টাকা।